Logo
Logo
×

অভিমত

গ্যাসের মূল্যবৃদ্ধি, মূল্যহীন জনতার উপর বিপুল চাপের শুরু

Icon

আহমেদ খিজির

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫২ পিএম

গ্যাসের মূল্যবৃদ্ধি, মূল্যহীন জনতার উপর বিপুল চাপের শুরু

ফেব্রুয়ারী থেকে গ্যাসের দাম আরো এক দফা বৃদ্ধি পাচ্ছে। আরো একবার প্রহসনের নির্বাচনে ক্ষমতায় আসার পরে সরকার খুব দ্রুতই জনতার উপর চাপ বাড়ানোর উদ্যাগ নিয়েছে।

বলা হচ্ছে, 'সরকার ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে জনস্বার্থে' গ্যাসের দাম বাড়িয়েছে, কিন্তু আদতে এই মূল্যবৃদ্ধিতে কোনভাবে জনস্বার্থ তো নেয়ই, এমনকি ভর্তুকি সমন্বয়ের যে আলাপ দেয়া হচ্ছে তাও আসলে সত্যর অপলাপ।

এর আগে দাম বাড়ানোর পূর্বে বিইআরসির শুনানির দরকার পড়তো, কিন্তু সম্প্রতি অধ্যাদেশ পরিবর্তন করে এই ক্ষমতা সরকার পুরোপুরি কবজা করে। এর ফলে, লোক দেখানো জবাবদিহিতা বা আলোচনার সুযোগটাই শেষ করে দেয়া হয়েছে।

বলা হচ্ছে, আবাসিক পর্যায়ের গ্রাহকদের জন্য আপাতত মূল্যবৃদ্ধি হচ্ছে না, এর ফলে হয়তো অনেকে সাময়িক স্বস্তিবোধ করবেন, কিন্তু আদতে বাণিজ্যিকভাবে যেই মূল্যবৃদ্ধি হবে তাঁর জের টানতে হবে সাধারন জনগণকেই। ইতিমধ্যেই প্রবল মূল্যস্ফীতির অবস্থা আরো খারাপ হবে।

এইসব খাতে ভর্তুকি দিলে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে থাকে ফলে হরেদরে অর্থনীতির জন্য ভালো হয়, কিন্তু আমরা ধরেই নিলাম সরকারের উপর নগদ অর্থের প্রবল চাপ। সে কারনে ভর্তুকি হ্রাস।

কিন্তু, একই সময়ে আমরা দেখতে পাই টাকা ছাপিয়ে এস আলমের মতো গ্রুপকে দেদারসে দেয়া হচ্ছে। সরকার নিজে ইবিএলের বন্ড কিনে সামিট পাওয়ার গ্রুপের মতো প্রতিষ্ঠানের ঋণ নিজের ঘাড়ে তুলে নিচ্ছে। ভারতীয় গ্রুপ আদানীর সঙ্গে এইরকম চুক্তি করা হয়েছে যাতে তারাই বিপুল লাভ পায় আর লোকসানের দায় নেয় বাংলাদেশ। সরকারী ক্ষমতা ব্যাবহার করে অবিরাম টাকা ছাপিয়ে এদের কোষাগার ফুলিয়ে তোলা হচ্ছে আর এর জেরে বাড়ছে মূল্যস্ফীতি, ধংস হচ্ছে দেশের অর্থনীতি, অসম্ভব হয়ে উঠছে মানুষের টিকে থাকা।

অর্থাৎ, জনগণের শ্রমে উপার্জিত অর্থ আর ক্ষমতা ব্যাবহার করে এই সরকার দেশবিদেশের শক্তিশালী ব্যাবসায়ী চক্রকে বিপুল মুনাফা পাইয়ে দিচ্ছে আর দিনকে দিনকে জনতার উপরেই সমানুপাতিক হারে চাপ বাড়ছে।

বলাই বাহুল্য, জনতার ভোটাধিকার না থাকায়, ক্ষমতায় থাকা না থাকা এখন নির্ভর করে টাকাওয়ালা এবং বিদেশী শক্তির উপর। কোটি মানুষের জীবনকে হুমকির মুখে ঠেলে দিয়ে হলেও আদানীদের খুশী করাটাই ক্ষমতা ধরে রাখার উপায়।

এই অবস্থা চলতেই থাকবে, যতক্ষন জনতা রুখে দাড়াতে না পারবে। একতাবদ্ধ হতে না পারার চরম মূল্য চুকাতে হবে এই দেশের দুর্ভাগা মানুষদের, যাদের ইতিমধ্যেই মূল্যহীন করে তোলা হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন