সাধু সাবধান! শেয়ার বাজারের ফাঁদ আবার প্রস্তুত
আহমেদ খিজির
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১২ পিএম
ছবি : সংগৃহীত
আরো একটি নির্বাচন কৌশলে পার করার পর আওয়ামী লীগের আমলে মুখস্থ ধারার মতো শেয়ার বাজার আবারো চাঙ্গা হতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরে প্রায় স্থবির হয়ে পড়া বাজারে হঠাৎ করেই প্রানচাঞ্চল্য দেখা দিয়েছে। কিন্তু, এই বাজারে বিনিয়োগ করার আগে জনগনের অত্যন্ত সাবধান হওয়া উচিত।
আমরা একটু স্মৃতি হাতড়ালেই মনে করতে পারি, অন্তত একাধিকবার শেয়ার বাজারে কারসাজি করে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারীকে স্বর্বস্বান্ত করে দেয়া হয়েছে। এই কারসাজির যারা নাটের গুরু তাঁরা কেবল বিপুল ফায়দাই লুটেনি, এরা এই সরকারের বড় বড় পদে অধিষ্ঠিত।
তবে, এইবারের ব্যাপারটা আরো খোলামেলা, আরো স্পষ্ট। ২০২২ সালের জুলাই মাসে বাজারের পতন ঠেকাতে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস আরোপ করা হয়েছিলো, এর ফলে লেনদেন অনেকটাই কমে যায়। গেলো ২১ জানুয়ারী ৩৫টি বাদে বাকি সব কোম্পানীর ফ্ল্রো প্রাইস বা সর্বনিম্ন স্তর উঠিয়ে নেয়া হয়। এবং সেদিন থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর সূচকে এক অদ্ভুত পরিবর্তন আসে। বড় বড় অনেকগুলো কোম্পানীকে সূচকের হিসাব থেকে বাদ দিয়ে সেখানে ভুইফোড় কোম্পানী, যাদের গত দেড় বছরে নানারকম অনিয়ম ও কারসাজি করে দাম বাড়ানো হয়েছে, তাদের যুক্ত করা হয়েছে।
এর ফলে, সূচককে ফুলিয়ে ফাপিয়ে দেখানো যাচ্ছে। একেতো ফ্লোর প্রাইস তুলে দেয়ায় লেনদেন বেড়েছে, উপরন্তু, সূচকের এই বিকৃতি শেয়ার বাজার নিয়ে একটা ভুল আশাবাদ দেখাচ্ছে, যা অনেকের কাছে বড় ফাঁদ হতে পারে।
এমনিতেই এই দেশে বিনিয়োগের পরিবেশ নেই। প্রশাসন এবং সরকারদলীয় নেতাকর্মীদের ‘খুশী’ করার পরে, বিনিয়োগকারীরা লাভ নিয়ে ঘরে ফিরতে পারেন না। তদুপরি, একসময় এইসব রাক্ষসদের ক্ষুধা মেটাতে টাকাপয়সা বা সম্পদ তো বাদই দিলাম, নিজের ও পরিবারের লোকদের জীবনও হুমকির মুখে পড়ে। আর, যেই দেশে লূটপাটের কোন জবাবদিহি নাই, উলটো সম্পদ আর ক্ষমতার মালিক হওয়া যায়, সেখানে বিনিয়োগ করবে কোন বোকা?
আবার, ব্যাংকগুলাতেও চলছে লুটপাট। কৃত্রিমভাবে সুদের হার নিচে নামিয়ে রাখা হয়েছে একদল বড় ব্যাবসায়ীর স্বার্থে, আর ব্যাংকে রাখা আমানত হাপিস হয়ে যাবে না তাঁরই নিশ্চয়তা কে দেবে? গত বছর তো এমনকি এমন আইনও করা হয়েছে যে, কারো সব আমানত ব্যাঙ্ক থেকে লোপাট হলেও ক্ষতিপূরণ হিসেবে মাত্র এক লক্ষ টাকা পাবেন।
এমতবস্থায়, শেয়ার বাজারের চাঙ্গাভাব মরিয়া মানুষকে সেদিকে ঠেলে দিতে পারে। আর পরিণতি তো আমরা জানিই, সব হারিয়ে মানুষ যখন পথে বসবে, ক্ষমতাসীনরা সেই অর্থে মজমা বসাবে, লুটের মাল পাচার করবে। আর সর্বহারাদের দেখিয়ে বলবে, দেখো দেখো, ওদের লোভের কারনেই ওরা সব খোয়ালো।
