আওয়ামী লীগ আর ভারত যেন দু’জন দু’জনার। এটা বহু আগে থেকে চলে আসলেও সাম্প্রতিক কালে আওয়ামী লীগের ভারত বন্দনায় কোন রাখঢাক নেই, মন্ত্রীদের মধ্যে একধরণের পাল্লা চলছে, একটি স্বাধীন দেশের সরকার ও মন্ত্রীদের বক্তব্য কেমন হওয়া উচিত তা যেন পুরোপুরি ভুলে গেছেন তারা।
আওয়ামী লীগের দু’নাম্বার ব্যক্তি ওবায়দুল কাদের। দলের সাধারণ সম্পাদক তিনি। সরকারেও তিনি খুবই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী। বলা যায় আওয়ামী লীগের পাশাপাশি সরকারের মুখপাত্রও তিনি। ২৮ জানুয়ারি সচিবালয়ে তার সঙ্গে দেখা করতে যান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ওই বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, নির্বাচন সামনে রেখে সার্বিক পরিস্থিতিতে ভারত আমাদের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করেছে। বিএনপি যখন কোনো রাষ্ট্রের সঙ্গে মিলে নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিল, তখন ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেছেন, 'আমি মনে করি, সংশয় ও অবিশ্বাসের দেয়াল অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেঙে দিয়েছেন।' তিনি আরও বলেন, আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের চিড় ধরার কোনো কারণ নেই।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছিলেন, বাংলাদেশের গণতন্ত্র বজায় রাখতে ভারত পাশে থাকে। ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছিলেন- ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল, একইভাবে ২০২৪ সালের নির্বাচনেও ভারত বাংলাদেশের পাশে ছিল। তিনি বলেন, ভারত বাংলাদেশের পাশে আছে এবং থাকবে। ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা আর সরকারের গুরুত্বপূর্ণ এ দু’মন্ত্রীর বক্তব্যে যে কারোরই মনে হতে পারে, বাংলাদেশের নির্বাচন করে দেয়া যেন ভারতেরই দায়িত্ব। ভারত পাশে ছিল বলেই নির্বাচনটা হয়েছে!
বিএসএফ-এর গুলিতে বিজিবি সদস্য রইস উদ্দিন নিহত হওয়ার পর নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেছিলেন। তিনিও এমন মন্তব্য করেছিলেন, ভারতীয় হাইকমিশনারের সাথে বৈঠকের পর। নৌপরিবহন মন্ত্রীর এমন বক্তব্য যদি ভারতের পক্ষ থেকে আসতো সেটাই হতো স্বাভাবিক।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ভারতের প্রশংসায় সব সময় ছিলেন পঞ্চমুখ। ভারত আর বাংলাদেশের সম্পর্ককে তিনি ‘স্বামী-স্ত্রীর মত’ বলে মন্তব্য করেছিলেন।
একটি দেশের সরকার হচ্ছে রাষ্ট্রের অবয়ব। বাংলাদেশ রাষ্ট্রের যে অবয়ব মন্ত্রীদের কথাবার্তায় মানুষের চোখের সামনে ভেসে ওঠে, তাতে বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন ওঠে। জনগণকে উপেক্ষা করে, ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতার জবরদখল ধরে রেখেছে, মানুষের প্রতিবাদকে তারা আমলে নিচ্ছে না, তাদের সব চেষ্টা ভারতকে খুশি করা নিয়ে। মন্ত্রীরা ভারতের সাথে যুদ্ধংদেহী আচরণ করবেন তা কেউই চায় না, কিন্তু এত ভারতবন্দনাই বা কেন? রাষ্ট্রস্বত্ত্বাকে জলাঞ্জলি দেয়ার এই মানসিকতা থেকে কবে বেরিয়ে আসবে আওয়ামী লীগ?
