Logo
Logo
×

অভিমত

লাল-সবুজ পতাকায় কত হাত বাঁশ থাকবে?

Icon

সানজিদা আফরোজ

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

লাল-সবুজ পতাকায় কত হাত বাঁশ থাকবে?

আওয়ামী লীগের স্বরূপ চেনা কঠিন কিছুই নয়, গত ১৮ বছর ধরে তারা দেশের মানুষের কাছে নিজেদের পরিচয়টা এমনভাবে তুলে ধরেছে, পরিচিত ও প্রতিষ্ঠিত করে ফেলেছে যে, আওয়ামী লীগ বললেই মানুষের চোখের সামনে ভেসে ওঠে প্রতারণাপূর্ণ নির্বাচন, লগি-বৈঠা নিয়ে সন্ত্রাস, আর লাঠি ও হেলমেট পড়ে ত্রাস সৃষ্টি। সেই আওয়ামী লীগ নাকি এবার জাতীয় পতাকা নিয়ে মিছিল করবে!

এ কথা অস্বীকার করা যাবে না যে বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টিতে আওয়ামী লীগের অগ্রণী ভূমিকা ছিল, নেতৃত্ব’র ভূমিকাই বলা যায়। সময় পরিক্রমায় সেই আওয়ামী লীগই হয়ে উঠলো বাংলাদেশের জন্য মূর্তিমাণ আতংক। এখন আওয়ামী লীগের ভোট মানে আতংক, আওয়ামী লীগের শোভাযাত্রা মানে আতংক, আওয়ামী লীগের শান্তি মিছিল মানে আতংক এবং অত্যাসন্ন অশান্তির পূর্বাভাষ।

৩০ জানুয়ারি কেন লাল-সবুজ পতাকা নিয়ে মিছিল করতে হবে আওয়ামী লীগকে? বিএনপি সেদিন কালোপতাকা মিছিল করবে সে জন্য?

বিএনপির রাজনৈতিক কর্মসূচি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। তাদের আন্দোলনে কৌশলগত ভুল কিছু হতে পারে, কিন্তু তাদের আন্দোলনে উদ্দেশ্যগত কোন ত্রুটি নেই এটা দেশের মানুষ বিশ্বাস করে ও স্বীকার করে।

৭ জানুয়ারির মহাপ্রতারণা, জালিয়াতি ও ডামি নির্বাচনের পর আওয়ামী লীগ কালবিলম্ব না করে ক্ষমতার জবর দখল ধরে রাখে।  আওয়ামী লীগ বিএপিকে নিয়ে যতদূর সম্ভব তুচ্ছতাচ্ছিল্য করছে, বিএনপির আন্দোলনের কথা শুনে ’ঘোড়া হাসে’ এ কথাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেকবার বলেছেন।

পুলিশ আর প্রশাসনের বলে বলীয়ান আওয়ামী লীগ ধরাকে সরা জ্ঞান করছে। বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করতে তাই তাদের এতটুকুও বাধে না। আর সে জন্যই বিএনপির কর্মসূচি মানেই আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি।  শনিবার নয়াপল্টনে কালোপতাকা মিছিল থেকে বিএনপি ৩০ জানুয়ারি দেশের সব মহানগর, জেলা, উপজেলা, থানা ও পৌরসভায় কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করে।

 এরপরই আওয়ামী লীগ ৩০ জানুয়ারি সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে। ওই দিন দলটি দেশের সব মহানগর, জেলা ও উপজেলায় শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ করবে।

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৩০ জানুয়ারি শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ হবে সব মহানগর, জেলা ও উপজেলায়। সেদিন আপনারা লাল–সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি ও উন্নয়ন কীভাবে হবে, সেই কথা বলবেন। সারা দেশে আমাদের নেতা-কর্মীরা পাহারায় থাকবেন।’

আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি আর ওবায়দুল কাদেরের কথায় শান্তিপ্রিয় মানুষ আতংকিত না হয়ে পারে না। উন্নয়নের তকমাধারী এ সরকারের কাছে মানুষের যে কতটুকু মূল্য আছে তা বোঝা যায় দেশের বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের গাছাড়া ভাব দেখে। দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু সরকার নির্বিকার। সরকার ব্যস্ত বিএনপিকে রুখতে! বিএনপিকে রোখার রাজনীতি ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ করে যাচ্ছে, কিন্তু তারা এ ক্ষেত্রে কতটা সফল? গদির দিকে তাকিয়ে থাকা আওয়ামী লীগের সময় কই জনতার দিকে তাকানোর?

আওয়ামী লীগ জাতীয় পতাকা নিয়ে মিছিল করবে জেনে মনে একটি প্রশ্ন জাগলো, তাদের সেই পতাকা কত হাত বাঁশে বাঁধা থাকবে? ২৮ অক্টোবরের আগে আওয়ামী লীগ নেতারা তাদের সভা-সমাবেশে তিন হাত বাঁশ নিয়ে আসতেন। বাঁশ নাকি আওয়ামী লীগের রাজনৈতিক ঐতিহ্য। ৩০ জানুয়ারি কত হাত বাঁশ নিয়ে মাঠে থাকবে আওয়ামী লীগ সে প্রশ্ন তো উঠতেই পারে।

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন