Logo
Logo
×

অভিমত

ফের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে বিএনপি-আওয়ামী লীগ!

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম

ফের পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে বিএনপি-আওয়ামী লীগ!

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গণ কি আবার উত্তপ্ত হয়ে উঠতে যাচ্ছে? ফের কি পাল্টাপাল্টি কর্মসূচির দিকে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর বিএনপি। আজ শনিবার বিকেলে ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ। আর দুপুর ২টায় নয়া পল্টনে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মৌখিক অনুমতি পেয়েছেন তারা। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে। ১২ দলীয় জোট, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ ‘গণফোরাম ও পিপলস পার্টি’, এলডিপিও কালো পতাকা মিছিল করবে।

গত দু’ বছরের বেশি সময় বিএনপি যেদিন যে কর্মসূচি পালন করেছে একই দিনে কোন না কোন কর্মসূচি নিয়ে মাঠে ছিল আওয়ামী লীগ। গত ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশ করে বিএনপি। নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনের এই মহাসমাবেশে লাখ লাখ লোক সমবেত হলেও প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ এনে সমাবেশে চড়াও হয় পুলিশ। টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা সমাবেশ পণ্ড করে দেয়। এরপর দলটির জ্যেষ্ঠ নেতাসহ সারাদেশে ব্যাপক ধরপাকড় করা হয়। গ্রেফতার করা হয় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরীকে। কেন্দ্রীয়, জেলা, উপজেলাসহ তৃণমূলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করে সরকার। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, নির্বাচনের আগে, মন্ত্রী থাকাকালেই স্বীকার করেছিলেন সরকার বিএনপির ২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

মহাসমাবেশ পণ্ড হওয়ার পর কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করে বিএনপি। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে তারা। নির্বাচনের আগে ভোট বর্জনের আহ্বান জানিয়ে এবং নির্বাচনের পরে ভোট বর্জন করায় ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ ও ঘরোয়া সভা-দোয়া মাহফিলের মধ্যে কার্যক্রম সীমিত ছিল দলটির কার্যক্রম।

এদিকে, আজ  বিকেলে ঢাকায় শান্তি ও গণতন্ত্র সমাবেশ করবে আওয়ামী লীগ। বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও গণতন্ত্র সমাবেশে প্রধান অতিথি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে, গত ৭ জানুয়ারি  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনের পর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে দলটি।

পাল্টাপাল্টি কর্মসূচি না হলেও কার্যত: বিএনপিকে কোন ছাড় না দেয়ার যে কৌশল আওয়ামী লীগ নিয়েছে তারই অংশ হিসেবে হঠাৎ করে শান্তি ও গণতন্ত্র সমাবেশের কর্মসূচি দিয়েছে ক্ষমতাসীন দলটি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, শতকরা ৫ ভাগ ভোটারের উপস্থিতিতে যে ভোট হয়েছে তার মাধ্যমে টানা চারবার ক্ষমতার দখল ধরে রেখেছে আওয়ামী লীগ। ক্ষমতার জবরদখল ধরে রেখে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে, আচার-আচরণ আর কর্মকাণ্ডে তারা আরও বেশি আগ্রাসী, যারই ধারাবাহিকতায় বিএনপির পাশাপাশি রাজধানীতে সমাবেশ করতে যাচ্ছে তারা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন