জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই আরেক নির্বাচনের ঢোল বাজাতে শুরু করেছে নির্বাচন কমিশন। আর তা হলো উপজেলা নির্বাচন। দেশের স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তর উপজেলা নির্বাচনের প্রথম ধাপটি ৩০ এপ্রিলের মধ্যে সম্পন্ন করতে চায় ইসি। এর আগে ৯ মার্চ ইসি করবে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। ময়মনসিংহ সিটির নির্বাচন হবে মেয়াদ শেষ হয়ে আসায় আর কুমিল্লা সিটির নির্বাচন হবে এই করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুজনিত কারণে। এরপর রোজা ও ঈদ শেষে শুরু হবে উপজেলা পরিষদের নির্বাচন।
উপজেলা নির্বাচন ঘণিয়ে আসায়, ‘ক্ষমতা’ আর ‘নিশ্চিত জয়ের মার্কা’ হয়ে ওঠা ‘নৌকা’ নিয়ে ভালই বিপাকে আওয়ামী লীগ। নৌকা নিয়ে প্রার্থীতার জটিলতা এড়াতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটি। উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনগুলোয় দলীয়ভাবে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। যাঁর যাঁর মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। যে কোনো প্রার্থীর পক্ষে দলের নেতারা প্রচারণা চালাতে পারবেন। ২২ জানুয়ারি গণভবনে ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৈঠকের একাধিক সূত্র জানায়, কেন্দ্রীয় কমিটির প্রায় সব নেতা উপজেলা পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দ না করার পক্ষে বক্তব্য দেন। তারা প্রায় একই সুরে বলেন, কদিন আগে জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী থাকায় তৃণমূলে বিভেদ তৈরি হয়েছে। এখন স্থানীয় সরকারের নির্বাচনে একজনকে দলীয় প্রতীক বরাদ্দ দিলে অন্যরা স্বতন্ত্র ভোট করবে। এতে বিভেদ আরও বাড়বে, বিরোধ এড়াতে এ নির্বাচন সবার জন্য উন্মুক্ত করে দেওয়াই ভালো হবে।
আওয়ামী লীগ নেতারা বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে ভোটার উপস্থিতি বাড়বে। তাদের এমন বক্তব্যের সাথে একমত পোষণ করেন দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি পশ্চিমা দেশগুলোকে ইঙ্গিত করে বলেন, ভোটার উপস্থিতির বিষয় নিয়েই তো ‘মাতবররা’ সবক দেন। উন্মুক্ত নির্বাচন হলে ভোটার বাড়বে।
শেখ হাসিনা সবার মতামত সমর্থন করে বলেন, আপাতত স্থানীয় সরকারের নির্বাচনে দলীয়ভাবে কাউকে মনোনয়ন দেওয়া হবে না। এতে ভোট উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হবে। যিনি জনপ্রিয় প্রার্থী, তিনিই জয়ী হয়ে আসবেন।
সংসদ নির্বাচনে দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে ভোট–পরবর্তী সংঘাতের বিষয়টি আলোচনায় আসে। বর্ধিত সভা আয়োজেনসহ নানা প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়। তবে এসবে বিরোধ কতটা কমবে তা নিয়ে সংশয়ে খোদ শেখ হাসিনাসহ দলের কেন্দ্রীয় নেতারা। অবশেষে দলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বিভেদ কমাতে তৎপর হওয়ার নির্দেশ দেয়া হয় বৈঠকে।
ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী, দলীয় প্রার্থী সব মিলিয়ে নেতাকর্মীদের মধ্যে যে মনোমালিন্য তার রেশ এখনো রয়ে গেছে কিছু কিছু জায়গায় তা দূর করতে আওয়ামী লীগের যে আটটি বিভাগীয় কমিটি সংশ্লিষ্ট সবাইকে ঢাকায় ডেকে এনে তা সমাধানের কথা বলা হয়েছে।
বিএনপিসহ সরকার বিরোধী দলগুলোর বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীর পাশাপাশি দলের নেতা–সমর্থকদের স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ দেয়। স্বতন্ত্র প্রার্থী হয়ে দলের ৫৮ জন নেতা–সমর্থক সংসদ সদস্য নির্বাচিত হন। এ থেকেই উপজেলা নির্বাচন সবার জন্য উন্মুক্ত রাখার চিন্তা আসে বলে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। নেতারা বলছেন, বিএনপি পরে ভোটে এলে তখন পরিস্থিতি বুঝে স্থানীয় সরকারের নির্বাচনে প্রতীক দেওয়া না–দেওয়া নিয়ে আলোচনা হতে পারে।
অবশ্য বিএনপির নির্বাচনে আসার বিষয়টিকেও আর বিশেষ গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ। সভার বিভিন্ন সূত্র জানিয়েছেন, দলীয় সভাপতি শেখ হাসিনা এ ব্যাপারে বেশ কঠোর অবস্থানে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্বাচনে আসা না আসা বিএনপির ইচ্ছা, তাদেরকে এ বিষয়ে বিশেষ কোন অনুরোধ বা আহ্বান জানানো হবে না।
দ্বাদশ সংসদ নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখাতে যে কাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ তা দিন দিন প্রকাশিত হচ্ছে। দলটির বিরোধ দিন দিন বাড়ছে। এমনকি নৌকাকে প্রতীক হিসেবে নির্বাচনী ময়দানে নেয়াটাকেও নিরাপদ মনে করছে না ক্ষমতাসীন দলটি। বিশ্লেষকরা মনে করেন, আওয়ামী লীগের এই লেজে-গোবরে অবস্থা এখন ধরা পড়ছে না দলটি ক্ষমতায় আছে বলেই। তবে দলীয় বিভেদ রোধে নৌকাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেয়ার ঘটনা দলটির রাজনৈতিক ইতিহাসে একটি বড় ধরণের বিপর্যয় বা ‘সেটব্যাক’ হিসেবেই বিবেচিত হবে।
