৭ জানুয়ারির ডামি নির্বাচন শেষ হয়েছে, টানা চতুর্থ দফায় ক্ষমতার জবরদখল ধরে রেখে শেখ হাসিনা আছেন ফুরফুরে মেজাজে। নির্বাচন কমিশন সরকারি নির্দেশনা অনুযায়ী ভোটার উপস্থিতি ৪২ শতাংশ প্রমাণে মরিয়া। জনগণ নির্বিকারভাবে তাদের কাণ্ডকীর্তি দেখে যাচ্ছে। এরইমধ্যে আরেক কাণ্ড ঘটিয়ে বসলো নির্বাচন কমিশন। ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠানের আয়োজন করে ফেললো হাবিবুল আউয়াল কমিশন।
১৮ জানুয়ারির ওই অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন হয়েছে। জাতি একটি চলমান সংকট থেকে উঠে এসেছে। তিনি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা নয়। তবে নির্বাচনটা সুসম্পন্ন হয়েছে। মহাসুসম্পন্ন বলব না, সুসম্পন্ন হয়েছে।'
সিইসি বলেন, দু–একটি সংস্থা বলেছে, সাংবিধানিক বাধ্যবাধকতার অজুহাত দিয়ে ইসি সরকারের গোপন এজেন্ডা বাস্তবায়ন করেছে। তিনি জানেন না সরকারে সঙ্গে আসলে কোনো গোপন অ্যাজেন্ডা হয়েছে কি না। তিনি নির্দ্বিধায় বলতে পারেন তাঁর সঙ্গে হয়নি। অন্য কারও সঙ্গে হয়েছে কি না সেটা তিনি জানেন না। নির্বাচন সফল করায় কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ নির্বাচনী কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
সিইসি শুধু কমিশন আর কমিশনের কর্মকর্তাদের কীর্তন ভজন করেই ক্ষান্ত হননি। উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সরকারেরও। তিনি বলেছেন, 'শুধু আমরাই নই, সরকারের পক্ষ থেকে সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচন জনগণের কাছে প্রশংসিত হয়েছে বলে আমি বিশ্বাস করি।'
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, 'সরকার প্রধান থেকে শুরু করে প্রশাসনের সর্ব পর্যায় একত্রে কাজ করার যে সাফল্য তার সবই আমরা অর্জন করতে পেরেছি। সবাই মিলে ইমানের সঙ্গে বিবেকের সঙ্গে কাজ করেছি।'
আরেক নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, 'বড় বড় রাজনৈতিক দল অংশ নিলে এ নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো। সব দল নির্বাচনে না আসায় আমাদের করণীয় কিছু নেই, সে ব্যর্থতার দায় আমাদের নয়। সে ব্যর্থতার দায় যখন আমাদের ওপর চাপানো হয় তখন আমাদের খুব খারাপই লাগে।'
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, 'আমরা বড় গলায় বলতে পারব সবার ভোটাধিকার নিশ্চিত করেছি।'
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান দাবি করেন নির্বাচনে কমিশনের মধ্যে দারুণ সমন্বয় ছিল।
একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে যে, নির্বাচন আয়োজনে কমিশনের একটা বাধ্যবাধকতা ছিল। কিন্তু কমিশনের কাজ কর্ম দেখে মানুষের মনে এ ধারণাটাই হয়েছে যে, কমিশন চাইছিল খুব তড়িঘড়ি কোনভাবে একটা নির্বাচন করে দায় সারতে। বর্তমান সংবিধান অনুযায়ী জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করার সুযোগ ছিল। কিন্তু কমিশন অনেকটা হুট করে নির্বাচনী তফসিল ঘোষণা করে ফেলে। মনোনয়নপত্র দাখিল, বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহারে কমিশন এমন সময়সীমা বেধে দেয় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার সুযোগই ছিল না, ক্ষমতা নিশ্চিত হওয়া আওয়ামী লীগের জন্য এই তাড়াহুড়ার তফসিল বা সময়সীমার কোন মূল্য ছিল না, কারণ তারা গোড়া থেকেই বলে এসেছে, নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে, বিএনপির এতে ওঠার আর কোন সুযোগ নেই। সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সরকারের সাথে তাদের কোন গোপন এজেন্ডা ছিল না। কোনমতে একটা নির্বাচন করে শেখ হাসিনা ফের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, এটা কোন গোপন এজেন্ডা ছিল না, বিরোধী রাজনৈতিক দলগুলোর নির্বাচনে আসার পথ রুদ্ধ করে ইসি আওয়ামী লীগের এই 'ওপেন এজেন্ডা' বাস্তবায়ন করেছে।
এবারের নির্বাচন ডামি প্রার্থীর নির্বাচন, আসন ভাগাভাগির নির্বাচন হিসেবে সারা দুনিয়ায় পরিচিতি পেয়েছে, ভোটার উপস্থিতি নিয়ে রয়েছে গুরুতর প্রশ্ন, সেই প্রশ্নবিদ্ধ নির্বাচন করে ইসির খুশি আর আহ্লাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে, মানুষ ধন্যবাদ না দেয়ায় নিজেরাই আয়োজন করে ফেললো একটি 'ধন্যবাদ জ্ঞাপন সভার'।
ইসির এ ধরণের কর্মকাণ্ড দেখে যে কারো দুই কানকাটা ব্যক্তির গল্প মনে পড়ে যাবে। গল্পটি সবারই জানা, এক কানকাটা রাস্তার এক পাশ দিয়ে হাটে আর দুই কানকাটা যার সে হাটে রাস্তার মাঝখান দিয়ে। লজ্জার পুরোটা হারানো ইসি তাই নিজেরাই নিজেদের সংবর্ধিত করছে, ধন্যবাদ জানাচ্ছে।
