Logo
Logo
×

অভিমত

বাংলাদেশি জাতীয়তাবাদ ও জিয়াউর রহমান

Icon

মো. সহিদুল ইসলাম সুমন

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ পিএম

বাংলাদেশি জাতীয়তাবাদ ও জিয়াউর রহমান

ছবি : সংগৃহীত

আজ বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাজনীতির পটভূমিতে জিয়াউর রহমান এক চিরস্থায়ী ও অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। আমাদের জাতির অহংকার। জাতিগতভাবে আমাদের সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা। এই স্বাধীনতার ইতিহাসে বর্ণালি হরফে লেখা আছে তার নাম।

জিয়াউর রহমান রাজনৈতিক পরিবারের সন্তান নন। তার জীবনের ৪০ বছর পর্যন্ত রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা রসায়নবিদ মনসুর রহমান ও মা জাহানারা খাতুন রানী। পাঁচ ভাইয়ের মধ্যে দ্বিতীয় জিয়াউর রহমানের ডাক নাম কমল। ১৯৫৩ সালে তিনি যোগ দেন তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিয়াউর রহমান। দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের একটি স্বতন্ত্র সেক্টরের। তার নামে গড়ে উঠে জেড ফোর্স।  ’৭৫ সালের ১৫ আগস্ট সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পর ২৫ আগস্ট তিনি সেনাবাহিনী প্রধান নিযুক্ত হন। ’৭৫ সালের ৭ নভেম্বর রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। ‘৭৬ সালের ২৯ নভেম্বর প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে নিযুক্ত হন তিনি। এরপর জিয়াউর রহমান ’৭৭ সালের ২১ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচিত হন।

তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। তার প্রতিষ্ঠিত দল বিএনপি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল  সেনা সদস্যের হাতে  শাহাদৎবরণ করেন তিনি। অল্প জীবনে বিশাল তার অর্জন। তার অর্জন জাতিকে সিক্ত করেছে নতুন প্রাণ-বন্যায়। মাত্র ৪৫ বছর বয়সের মধ্যে তিনি গুণে জ্যোতির্ময় হতে পেরেছিলেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সংগঠক, সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি, সার্কের স্বপ্নদ্রষ্টা, ইসলামি উম্মাহর ঐক্য প্রচেষ্টার অগ্রদূত, তৃতীয় বিশ্বের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং সফল রাষ্ট্রনায়ক। তার জাতীয়তাবাদী ও উন্নয়নের রাজনৈতিক আদর্শ এবং কর্মকাণ্ড বাংলাদেশের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছিল তৃতীয় বিশ্বের উন্নয়নের মডেল।

 

রাজনীতির অঙ্গনে শহীদ জিয়ার পদচারণার আগের সময়টি ছিল সর্ব অর্থে অন্ধকার। যুদ্ধ বিধ্বস্ত, দুর্ভিক্ষে পর্যুদস্ত ও রাজনৈতিকভাবে অস্থিতিশীল এক বাংলাদেশের দায়িত্ব তিনি কাঁধে তুলে নিয়ে আধুনিক বাংলাদেশ গড়ার ভিত রচনা করেছিলেন। তার এ আধুনিক বাংলাদেশের মূল ভিত্তি ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ যাবতীয় ক্ষেত্রে অবদান রেখেছেন তা অন্য কোনো রাষ্ট্রনায়ক কল্পনাও করতে পারেননি। জাতীয় ঐক্য নিশ্চিত করার লক্ষ্যে যে সব পদক্ষেপ তিনি গ্রহণ করেন, রাষ্ট্রীয় গৌরব বৃদ্ধির জন্য যেসব অভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি তিনি প্রণয়ন করেন; তা বাংলাদেশের জন্য এখনো সময়োপযোগী, বাস্তব এবং জরুরি। সদ্য স্বাধীন দেশে বিরাজমান নানা সংকট ও ভয়াবহ রাজনৈতিক শূন্যতা নিরসন এবং উন্নয়ন কার্যক্রমে জনগণের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদি টেকসই রাজনৈতিক ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি জারি করা একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার সাংবিধানিক ফরমান বাতিল করে সভ্য ও গণতান্ত্রিক শাসনধারার বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন তিনি।

সংবাদপত্রের স্বাধীনতা, বাক ও ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দেন। বিচার বিভাগকে প্রতিষ্ঠিত করেন স্বমর্যাদায়। উৎপাদন ও উন্নয়নের চাকা সচল হয় তার হাতের জাদুকরী স্পর্শে। অর্থনীতিতে শৃঙ্খলা ও গতিশীলতা ফিরে আসে। বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি- এই অপবাদ ঘুচিয়ে দেন জিয়াউর রহমান। বীরউত্তম জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের ভেতর দিয়ে একটি একীভূত শোষণমুক্ত প্রগতিশীল সমাজব্যবস্থা বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আর এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করে তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন দেশের সার্বভৌমত্বকে।

 

বাংলাদেশে প্রথম সংবিধানে শেখ মুজিবুর রহমান পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের বাঙালি হিসেবে আখ্যায়িত করেন। ১৯৭২ এর প্রথম সংবিধানে ৬ নম্বর ধারায় বলা হয়েছিল ,বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলিয়া পরিচিত হইবেন। ৯ নম্বর ধারায় বলা হয়, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তাবিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। ‘৭২ সংবিধানের পরবর্তীতে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তারা বাঙালি হতে রাজি হননি। পার্বত্য চট্টগ্রামে বাঙালি জাতীয়তাবাদের বিপরীতে জন্ম নিয়েছে জুম্ম জাতীয়তাবাদ। ফলে বিরোধ তৈরি হয়ে একসময় গেছে তা সশস্ত্র ধারায়।  এর ধারাবাহিকতায় বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পুরো জাতি যখন যুদ্ধ বিধ্বস্ত, দেশ পুনর্গঠনে ব্যস্ত; তখন ১৯৭৩ সালের ১৫ ফেব্রুয়ারি মানবেন্দ্র নারায়ণ লারমার নেতৃত্বে গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। জনসংহতি সমিতির সহযোগী সংগঠন ছিল এর সামরিক শাখা শান্তি বাহিনী। এমএন লারমা শান্তি বাহিনী নামে এ সশস্ত্র শাখা গঠন করেন ১৯৭৩ সালে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংগঠিত হলে মানবেন্দ্র নারায়ণ লারমা ভারতে আত্মগোপনে চলে যান এবং ১৯৭৬ সাল থেকে শান্তি বাহিনী পার্বত্য অঞ্চলে সামরিক অপতৎপরতা শুরু করে।

প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে এ ধারার সংশোধন করেছিলেন এবং ৬ নম্বর ধারায় (২) উপধারায় বলা হয়, বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন। এ সংশোধনের মধ্য দিয়ে বহু অবাঙালি ও আদিবাসী  বাংলাদেশেরই মানুষ বলে স্বীকৃতি পায়। সে সঙ্গে সারা বাংলাদেশের মানুষ জাতি- ধর্ম-বর্ণ নির্বিশেষে একক রাষ্ট্রীয় পরিচয় লাভ করে। এ ক্ষেত্র জিয়াউর রহমান অসাম্প্রদায়িক চেতনার রাষ্ট্রীয় জাতির কথা বলেছিলেন। এ প্রসঙ্গে রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ বলেন- ‘বাংলাদেশে বহুসংখ্যক বিভিন্ন মতের ও ধর্মের জাতিগোষ্ঠী বাস করে। তাদের সংস্কৃতি ও জীবনযাত্রার মাত্রা ও ধরন বিভিন্ন। তাই জিয়া মনে করেন যে, শুধুমাত্র ভাষা বা সংস্কৃতির ভিত্তিতে নয়, বরং ভূখণ্ডের ভিত্তিতেই জাতীয়তাবাদকে গ্রহণ করা উচিত।’

জিয়াউর রহমান প্রশাসনিক উন্নয়ন ও বিকেন্দ্রীকরণ করে বৃহত্তর পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য বহুবিধ কর্মসূচি গ্রহণ করেছিলেন। বাংলাদেশ মানচিত্রে পার্বত্য চট্টগ্রাম যত দিন সংযুক্ত থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের একক জাতিগত ও সাংবিধানিক পরিচয় দিয়েছেন জিয়াউর রহমান।  আজকে  যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে ও এ দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র করছে, তারা অনেক আগে সফল হতো, যদি জিয়াউর রহমান সেসময় এ দূরদর্শী পদক্ষেপ না নিতেন।

এ ছাড়া একটি প্রগতিশীল সমাজব্যবস্থা গড়ে তুলতে গেলে যে অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধি অপরিহার্য, তা তিনি অনুধাবন করেছিলেন। আমাদের উপহার দিয়েছিলেন যুগান্তকারী ১৯ দফা। যা কি না আজও যে কোনো উন্নয়নশীল দেশের জন্য হতে পারে উন্নয়ন প্রচেষ্টার পলিসি গাইড লাইন।

আজ বিশ্ববাসী যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার কথা বলা হয়, তার বৃহৎ অংশই রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের ১৯ দফার প্রতিফলন মাত্র। কৃষিকে গতিশীলতা ও উৎপাদনশীলতায় জাগিয়ে তুলেছেন। কৃষি বিপ্লবের কর্মসূচির আওতায় তার আমলে দেড় বছরে ১২০০ খাল কাটা হয়েছিল। খাদ্য উৎপাদন বেড়েছিল রেকর্ড পরিমাণ। গণশিক্ষা বিপ্লব কর্মসূচির অংশ হিসেবে ১ কোটি বই ছাপা হয়েছিল। দেড় বছরে ৪০ লাখ বয়স্ক মানুষ সাক্ষর হয়েছিল। জনসংখ্যা নিয়ন্ত্রণের বাণীতে উদ্বুদ্ধ হয় লাখ লাখ নর-নারী। তার শাসনামলে দেশের আইন-কানুন পরিস্থিতিও ছিল যথেষ্ট উন্নত। তিনি গ্রাম সরকার প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনকে জনগণের দোরগোড়ায় নিয়ে গিয়েছিলেন। দ্রুততম সময়ে সারা দেশে তিনি একটি কর্ম ও সুশাসনের সংস্কৃতি গড়ে তোলেন। এমনভাবে তিনি সাধারণ মানুষের মধ্যে চলে গিয়েছিলেন যে, তাকে বলা হতো সাধারণ মানুষের নেতা। যে কারণে একদিন তিনি বলেন, I’ll make politics difficult for the politicians. কারণ তখন রাজনীতি ছিল চার দেয়ালে বন্দী। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণবিহীন রাজনীতিকে তিনি জনগণের রাজনীতিতে রূপান্তরিত করেন। সকল সম্প্রদায় এবং রাজনৈতিক চেতনার মাঝে এক অভূতপূর্ব সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে তিনি একদা বলেছিলেন ‘এক দেশ নানা মত, দেশ বাঁচাতে ঐকমত্য’।

জিয়া শিল্প খাতকে উদ্যমশীল করে একে বহুধা বিকশিত করার পদক্ষেপ নেন। কলে কারখানায় উৎপাদন চলে অবিশ্রান্ত গতিতে। গার্মেন্টস নামে সম্পূর্ণ নতুন খাতের সংযোজন ঘটিয়েছেন। ফলে অভ্যন্তরীণ উৎপাদনে রেকর্ড সৃষ্টি হয়েছিল। দেশের কৃষি ও পল্লি খতের বিপুল অলস-অদক্ষ শ্রেণির জন্য বিদেশের শ্রমের বাজারের সন্ধান দিয়েছেন। সমুদ্র উপকূলের জমিতে চিংড়ি চাষ ইস্টওয়েস্টের ইন্টারকানেকশন- সবকিছুতেই জিয়াউর রহমান পথ দেখিয়েছেন। একজন রাষ্ট্রপতি হিসেবে শুধু নয়, একজন অগ্রণী দেশপ্রেমিক হিসেবেও।

আজকের তরুণ প্রজন্ম তাদের ব্যক্তিত্ব ও নেতৃত্ব দানের দক্ষতা অর্জনের ক্ষেত্রে অনুকরণীয় অনুপ্রেরণা হিসাবে জিয়াউর রহমানের জীবনালেখ্য ও কর্মপন্থা বিশেষভাবে অনুসরণ করতে পারে। জীবনের ৪৫ বছর বয়সের মধ্যে মাত্র পাঁচ বছর (১৯৭৭-১৯৮১) প্রেসিডেন্ট থাকা অবস্থায় তৃতীয় বিশ্বের উন্নয়নের যে স্রোতোধারা ও জাতীয়তাবাদী আদর্শ রোপণ করে গেছেন এবং উন্নয়নের যে উদাহরণ রেখে গেছেন তা যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আগামী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকীতে এই ক্ষণজন্মা মহান পুরুষকে জানাই বিনম্র শ্রদ্ধা।

 

লেখক : অর্থনৈতিক বিশ্লেষক,লেখক ও গবেষক।

Email : [email protected]

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন