নির্বাচনে শেখ হাসিনার জয় হয়েছে তবু যেন আতঙ্ক কাটছে না ভারতের-এমনটাই মনে করছে ভারতের আনন্দবাজার পত্রিকা।গত সাতই জনুয়ারি নির্বাচনের পর বাংলাদেশ যে একদলীয় শাসন তথা এক ব্যক্তির শাসন কায়েম হতে যাচ্ছে সেটা তারা বুঝতে পেরেছে। এখানেই শেষ নয় পত্রিকাটি মনে করছে এভাবে চলতে থাকলে বাংলাদেশে একদিন গণতন্ত্রের মৃত্যু ঘটবে।
"জয় করে তবু ভয়" শিরোনামে প্রকাশিত প্রবন্ধে বলা হয়েছে, গত ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে প্রধান বিরোধীদল বিএনপি। জাতীয় সংসদের ৩০০ আসনে মধ্যে ২২২ আসনে জয়লাভ করে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ। বিএনপি নির্বাচন বর্জন করায় কার্যত বাংলাদেশে কোন বিরোধী দল নেই। সরকারের অনুগত জাতীয় পার্টি এবারে নির্বাচনে মাত্র ১১ টি আসনে জয় লাভ করেছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের জোট যারা বিজয়ী হয়েছে ৬৩ আসনে। এই ৬৩ জনের সবাই আবার আওয়ামী লীগের দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাকর্মী। বলতে গেলে ১১ জন বাদ দিয়ে বাকি সবাই সরকারি দলের নেতা কর্মী। আর জাতীয় পার্টি থেকে যে ১১ জন জয় লাভ করেছে তাদের প্রতিও ছিল সরকারের প্রত্যক্ষ সমর্থন। অর্থাৎ সরকারের বাইরে এখানে কেউ নেই। এখন দলগতভাবে জাতীয় পার্টি দ্বিতীয় অবস্থানে থাকলেও জোটগত ভাবে স্বতন্ত্র সংসদ সদস্যরা সংখ্যায় বেশি।স্বতন্ত্র প্রার্থীদের কারণে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে বলে জাহির করার একটা সুযোগ নিয়েছে সরকার- নিউ ইয়র্ক টাইমস এমনটি মনে করে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো উদাহরণ সৃষ্টি হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে শিশুদের ভোট দেওয়ার দৃশ্য। দিনের শেষ ঘন্টায় ভোট পড়ার হার অস্বাভাবিক বৃদ্ধি এবং প্রধান নির্বাচন কমিশনারের দিবাস্বপ্নে ঘোষিত ৪০শতাংশ ভোট পড়ার কাহিনী আন্তর্জাতিক মিডিয়া সন্দেহের চোখে দেখছে। আর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করাকেও সরকারের কৌশল হিসেবে দেখা হচ্ছে।
শেখ হাসিনার জয় ভারতের পক্ষে একটা সুসংবাদ তাতে কোন সন্দেহ নেই। তাঁর সঙ্গে ভারতের নাড়ির টান রয়েছে। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে থাকেন। প্রবাসে অবস্থানকালে দুই বোন মূলত ভারতের নিরাপত্তা বলয়ে অবস্থান করেছেন।১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। এরপর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯৬ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী হন। ২০০৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে তিনি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর সংবিধান থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করে নানা কৌশলে ক্ষমতায় টিকে আছেন। বিরোধীদল বিএনপি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের দাবিতে আন্দোলন করে আসছে। কিন্তু শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন ৫ বছর। বিএনপি সে নির্বাচন বর্জন করে। বিনা ভোটে আওয়ামী লীগের ১৫৪ জন নির্বাচিত হয়। ২০১৮ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও আওয়ামী লীগ সরকার আগের রাতে ভোট করে আবার ক্ষমতা দখল করে। বিএনপি এর পর থেকে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে। বিএনপি'র এই দাবির প্রতি বাইডেন সরকারের সমর্থন ছিল। বিষয়টি কূটনৈতিকভাবে মোকাবেলা করে ভারত। এককভাবে দায়িত্ব নিয়ে যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে দেয় প্রতিবেশী দেশটি। নির্বিঘ্নে সম্পন্ন হলো ৭ জানুয়ারি নির্বাচন। শেখ হাসিনার বিজয়ে সবার আগে টেলিফোনে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। এরপর একে একে রাশিয়া, চীন, ভুটান, শ্রীলংকা, সৌদি আরব ,জাপান ,দক্ষিণ কোরিয়া আস্তে আস্তে সবাই সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ইউনিয়ন এবং কানাডা সমর্থনদানে বিরত থাকে। বাংলাদেশের নির্বাচনকে নিয়ে পরাশক্তিদের টানা পড়েন ছিল ঠিকই তাই বলে এখানে একটা এক দলীয় শাসন কায়েম হোক এটা আনন্দবাজার পত্রিকা চায়না। সাত জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশের সংসদের দিকে যদি একবার নজর দেওয়া যায় তাহলে সেখানে চোখে পড়বে একটি মাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিরোধী দলের আসন থাকবে ফাঁকা। সংসদে যখন একটিমাত্র দল থাকবে তখন সেটা দল থাকবে না হয়ে যাবে একটি 'যন্ত্র'।
বিরোধী দল হিসেবে সংসদে কারা ভূমিকা রাখবে সেটা একান্তই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর। অর্থাৎ নেতার কথাই সব। সরকার প্রধান যখন এই কাজটি করবেন তখন সেখানে না থাকে কোন মতাদর্শের পার্থক্য না দৃষ্টিভঙ্গির বৈচিত্র। নেতার কথাই শেষ কথা।
আনন্দবাজার পত্রিকার আতঙ্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গণতন্ত্র ধীরে ধীরে বিলুপ্ত হতে চলেছে । তার সঙ্গে যুক্ত হল বাংলাদেশ। যেখানে এখন ক্রিয়াশীল একদল এক নেতা এক দেশ।একদলীয় সরকারের সমস্যা হলো সঠিক সিদ্ধান্ত গ্রহণে অক্ষমতা, যার জন্য দায়ী দলে অভ্যন্তরীণ পরামর্শের স্বল্পতা। ঠিক তেমনই ঘটছে বাংলাদেশে। এজন্য দায়ী করা হচ্ছে ভারতকে। কারণ দেশটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের সহায়ক হয়েও সে প্রতিবেশী দেশটিকে কোনও পথ দেখাতে সাহায্য করতে পারছে না— কারণ সে নিজেও এখন হাঁটা দিয়েছে গণতন্ত্র-বর্জনের পথে। প্রবন্ধের লেখক সুমিত মিত্র লিখেছেন গণতন্ত্র বর্জনের পথে হাঁটলে সেই দেশটির কি পরিনতি ঘটে সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সেখানে তিনি স্বাধীন ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকরের সংবিধানসভায় অন্তিম ভাষণের কথা তুলে ধরেছেন। লিখেছেন,গণতন্ত্রের অবক্ষয় সম্পর্কে দার্শনিক জন স্টুয়ার্ট মিলের একটি উক্তি উদ্ধৃত করেছিলেন আম্বেদকর— গণতন্ত্রের ধারকরা (অর্থাৎ, নাগরিক) যদি তাঁদের স্বাধীনতা সমর্পণ করেন কোনও ‘মহান ব্যক্তির’ চরণে, তবে গণতন্ত্রের কোনও ভবিষ্যৎ নেই। না, আজকের ভারতে সেই ‘মহান ব্যক্তি’-কে চিনে নিতে অসুবিধা হয় না। আনন্দবাজার পত্রিকা এই মহান ব্যক্তির নাম উচ্চারণ করে নাই তবে ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদের যে উত্থান ঘটেছে সেখানে মহান করা হচ্ছে নরেন্দ্র মোদিকে। নির্বাচন নামক গণতান্ত্রিক হাতিয়ার সেখানেও ব্যবহৃত হবে তবে ভারতের সমাজ ব্যবস্থায় ইতিমধ্যেই যে পরিবর্তন সাধিত হয়েছে সেখানে রাজনীতি অর্থনীতি বলে কিছু নেই হিন্দুত্ববাদী মূল কথা। এই হিন্দুত্ববাদ তথা ভারতের নাগরিক সমাজ তথা গণতন্ত্রের ধারকরা তাদের স্বাধীনতা মোদির চরণে সমর্পণ করেছে।
লেখাটি শেষ করা হয়েছে আম্বেদকরের বক্তব্য দিয়েই-" এক দলের সম্পূর্ণ গরিষ্ঠতা প্রতিষ্ঠিত হলে জন্ম হবেই ‘মহান নেতা’র, এবং মৃত্যু ঘটবে গণতন্ত্রের। দক্ষিণ এশিয়ায় এখন এই সতর্কবাণীটি বিশেষ ভাবে প্রযোজ্য।"
