Logo
Logo
×

অভিমত

নতুন মুদ্রানীতিতে কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে 

Icon

মোঃ সাকিব বিশ্বাস

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৯:১৪ পিএম

নতুন মুদ্রানীতিতে কি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে 

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের ২য় ষান্মাসিকে ( জানুয়ারি-জুন) নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনতে চায় ঋণদানের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ২৫ বেসিস (শতাংশীয়) পয়েন্ট বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে। 

মুদ্রাস্ফীতি কমানোর জন্য সুদের হার বাড়ানো একমাত্র সমাধান নয়। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য।  কেন না এ নীতির মাধ্যমে জনগণের ভোগের চাহিদা সংকুচিত করা হয় । এর ফলে জনগণের হাতে নগদ অর্থ কম থাকে এবং অর্থের প্রবাহ সীমিত হয়ে যায়। 

সুদের হার বাড়ানোর এ নীতি উন্নত দেশে বেশি কার্যকর। কারণ সে সব দেশের কর্মসংস্থানের ব্যবস্থা প্রায় শতভাগ । উন্নত দেশের অর্থনীতিও ঊর্ধ্বমুখী, পাশাপাশি ভোগের চাহিদও ঊর্ধ্বমুখী। তাই সেসব দেশের ভোগের চাহিদা নিয়ন্ত্রণের জন্য সুদের হার বৃদ্ধি করা হয়, যাতে মুদ্রাবাজারে নগদ অর্থ প্রবাহ কম থাকে। 

আমাদের দেশে সুদের হার বৃদ্ধি করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না। ব্যাংক যদি সুদের হার বৃদ্ধি করে, তাহলে ভোগের চাহিদা সীমিত হওয়ার পাশাপাশি বিনিয়োগ ও কমে আসবে। ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ কমবে। কর্মসংস্থানের সুযোগ কমলে বেকারত্বও বাড়বে। এর ফলে মোট দেশজ উৎপাদন নির্দিষ্ট হারে বাড়বে না। বেসরকারি খাত বিনিয়োগে নিরুৎসাহিত হবে। বিনিয়োগ কমে হলে পণ্য উৎপাদনও কম হবে। এর ফলে মুদ্রাস্ফীতি বাড়বে । 

২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতিতে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক ।

এ বিষয়ে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছে চাইলে, তিনি বলেন, সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একটু সময়ের প্রয়োজন হয়। বেশ সময় লেগে যায়।

তবে কেবল সুদের হার বাড়ানোর মাধ্যমেই যে মূল্যস্ফীতি কমে আসবে, সেটি মানতে নারাজ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।

তিনি বলেন, নীতি সুদহার বাড়ানোর অর্থ হচ্ছে বাজারে মুদ্রা সরবরাহ কমানো। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এটি আংশিক ভূমিকা পালন করবে। অন্য নিয়ামকগুলোর প্রতিও দৃষ্টি দিতে হবে। 
বিবিসি বাংলাকে তিনি বলেন, বেসরকারি খাতকে ঋণ নিতে নিরুৎসাহিত করে সরকার যদি এখন নিজে মোটা অঙ্কের ঋণ গ্রহণ করে তাহলে মূল্যস্ফীতি কমানো সম্ভব হবে না।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বৃদ্ধিকে একমাত্র নিয়ামক হিসেবে গন্য না করে , অন্যান্য যেসব কারণে মুদ্রাস্ফীতি ঘটে সেসব দিকেও নজর রাখতে হবে। বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম একটি কারণ ডলারের মূল্য বৃদ্ধি। এর কারণ চাহিদা ও যোগানের সমন্বয়হীনতার অভাব। বিলাসবহুল আমদানি পণ্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং অপ্রয়োজনীয় ব্যায়ে কৃচ্ছ্রতা সাধন করতে হবে সরকারকে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন