Logo
Logo
×

অভিমত

টিআইবি´র ওপর এত ক্ষেপা কেন আওয়ামী লীগ?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৩ এএম

টিআইবি´র ওপর এত ক্ষেপা কেন আওয়ামী লীগ?

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে হৈচৈ বাধিয়ে ফেলেছিল ২০০১ সালের অক্টোবরের নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসার পর। বিএনপির দায়িত্ব গ্রহণের অল্প দিনের মধ্যে ঘোষিত বৈশ্বিক দুর্নীতি সূচকের যে তালিকা তাতে সবার উপরে উঠে এসেছিল বাংলাদেশের নাম। যদিও ওই দুর্নীতির যে তথ্য উপাত্ত তা আগের আওয়ামী লীগ সরকারের আমলের। কারণ, তারা এর আগের পাঁচ বছর সরকারে ছিল। আওয়ামী লীগ সরকারের আমলের তথ্যের ওপর ভিত্তি করে সে তালিকা করা হলেও ওই তালিকা অর্থাৎ দুর্নীতিতে এক নাম্বার দেশ বাংলাদেশের দায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারকেই  বইতে হয়েছিল।

আওয়ামী লীগ এবং তাদের তল্পিবাহক বুদ্ধিজীবী ও গণমাধ্যম বরাবরই বিএনপিকে একহাত দেখিয়েছে সেই তালিকার কথা উল্লেখ করে। অবশ্য, বিএনপি ক্ষমতায় থাকাকালে এরপরও একাধিকবার দুর্নীতির তালিকায় উপরের দিকেই ছিল বাংলাদেশের নাম। বিএনপি দুর্নীতি রোধ করতে না পারলেও তা রোধে কার্যকর কিছু পদক্ষেপ  নিয়েছিল। দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমনের কাজে গতি আনতে দুর্নীতি দমন কমিশন গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া। 

যে টিআইবি’র প্রতিবেদন বিএনপিকে নাস্তানাবুদ করার হাতিয়ার হয়েছিল আওয়ামী লীগের জন্য সেই টিআইবিই নাকি এখন বিএনপির অঙ্গসংগঠনে পরিণত হয়েছে! বিএনপির দালালে পরিণত হয়েছে!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘টিআইবি হচ্ছে বিএনপির দালাল। তাদের প্রত্যেকটা কথা একপেশে, বিএনপির ওকালতি করে তারা। তারা সরকার বিরোধী। যে ভাষায় বিএনপি কথা বলে সেই ভাষায় টিআইবিও কথা বলে।’’ ওবায়দুল কাদেরের মতে, টিআইবি সব সময় আওয়ামী লীগ বিরোধী ছিল। সব সময় বিএনপির পক্ষে কাজ করে তারা।

ওবায়দুল কাদেরের নাকি ইতিহাস থেকে এ উপলব্ধিতে পৌঁছেছেন! তার কথা শুনলে ইতিহাস হয়তো ক্রন্দন করবে। ওবায়দুল কাদের কি সত্যি সত্যি ভুলে গেছেন, এই টিআইবি’র প্রতিবেদনকে কেন্দ্র করে তারা পানি কতটা ঘোলা করেছিলেন? আওয়ামী লীগ সরকারের আমলের অপকর্ম আর দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে যে প্রতিবেদন সে প্রতিবেদনের দায় কত নগ্নভাবে তারা চাপিয়েছিল বিএনপির ওপর? ওবায়দুল কাদেরের ‘গোল্ডফিস মেমোরি’ হতে পারে, কিন্তু দেশের মানুষ কিন্তু তা ভোলেনি।

ওবায়দুল কাদেরের মত চরম ক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, রুহুল কবির রিজভীর বক্তব্যের পরিশীলিত রূপ হচ্ছে টিআইবি’র প্রতিবেদন। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতও একই সুরে কথা বলেছেন, তার মতে, টিআইবি’র প্রতিবেদন নাকি কোন মানদণ্ডেই পড়ে না।

টিআইবির সবচে বড় সুবিধাভোগী আওয়ামী লীগের চোখে এখন ক্ষমতার রঙিন চশমা, তাই তারা এখন সবকিছু রঙিন দেখছে। তাই টিআইবিকে এখন তাদের বিএনপির দালাল মনে হয়। টিআইবিকে নিয়ে ওবায়দুল কাদেরের এমন বিষোদগার অবশ্য নতুন কিছু নয়।

এর আগে গত বছরের ১৫ ডিসেম্বর ওবায়দুল কাদের প্রশ্ন তুলে বলেছিলেন টিআইবি কি বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে? নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না টিআইবি এমন মন্তব্য করায় ওবায়দুল কাদের বলেছিলেন- আমরা টিআইবিকে জিজ্ঞেস করতে চাই, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝানো হয়? বিএনপি নির্বাচনে অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এর অর্থটা কী? টিআইবি কি বিএনপির শাখা সংগঠন?

টিআইবি ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিল। তারা বলেছিল, ওবায়দুল কাদেরের বক্তব্য একদিকে বিব্রতকর ও অন্যদিকে সমালোচক মাত্রই রাজনৈতিক প্রতিপক্ষ এমন মানসিকতার প্রতিফলন।  প্রতিবাদে আরও বলা হয়েছিল, টিআইবি একটি অরাজনৈতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ও দেশের প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির এমন বক্তব্য পুরোপুরি অমূলক ও হতাশাজনক।

বিশেষজ্ঞরা মনে করেন, আওয়ামী লীগ শুধু একটি ফ্যাসিস্ট রাজনৈতিক দলেই পরিণত হয়নি, দিন দিন তারা রাজনীতিতে একটি চরমপন্থা গ্রহণ করে চলেছে। ক্ষমতার মোহে তারা অন্ধ এবং ক্ষমতার দাপট তাদের এতটাই গ্রাস করে ফেলেছে যে তারা ধরাকে সরা জ্ঞান করছে, তারা সমালোচককে শত্রু মনে করছে। তারা মনে করেন, আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের মধ্যে বাকশালীয় চিন্তা-চেতনা পুরোপুরি ভর করেছে।  তথাকথিত নির্বাচনের নামে তারা শুধু ক্ষমতার মেয়াদই নবায়ন করছে না, তারা তাদের দলীয় প্রধানকে সব ক্ষমতার আধারে পরিণত করেছেন যা বাকশাল করেছিল।

বাংলাদেশে গণতন্ত্রের যে লড়াই তা জনগণেল লড়াই, তাতে বিভিন্ন সংগঠনের সমর্থন থাকাটা অস্বাভাবিক বা অন্যায় কিছু নয়, বিএনপির বক্তব্যের সাথে টিআইবির বক্তব্য মিলে যাওয়াটাই তো স্বাভাবিক, কারণ গণতন্ত্রের অনুপস্থিতি সবারই সমানভাবে উপলব্ধি করার কথা। কিন্তু আওয়ামী লীগের সমস্যা হচ্ছে দলটি পুরোপুরি দেউলিয়া ও জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই মানুষের ভাষাকে তাদের কাছে অচেনা মনে হয়।

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন