আওয়ামী লীগের বিরোধ: এক ঘোষণায়ই সব মিটে যাবে?
ইয়াসির আরাফাত
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ এএম
এক ঘোষণায় আওয়ামী লীগে তালগোল লাগিয়ে দেয়ার পর এবার নির্দেশ এসেছে সব ভেদাভেদ ভুলে যাওয়ার। ডামি প্রার্থীর নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার জন্য প্রায় সবগুলো আসনেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ প্রতিযোগিতার আয়োজন করেছিলেন শেখ হাসিনা। তিনি হাসতে হাসতে এমন সিদ্ধান্ত নিলেও দলটির অনেক নেতা একে তাদের জীবনের একটি বড় সুযোগ বলে মনে করে, নৌকার সাথে পাল্লা দিয়ে নির্বাচনী ময়দানে নামেন। তারা নির্বাচনী লড়াইয়ে প্রতীক হিসেবে বেছে নেয় গতির প্রতীক ট্রাক আর ক্ষিপ্রতার প্রতীক ঈগল পাখি।
নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে নৌকা প্রতীকে ২২৩ আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছে ৬২টি আসনে। এদের বেশিরভাগই আওয়ামী লীগেরই নেতা। নির্বাচনের সময় নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী আওয়ামী নেতাদের মধ্যে মনোমালিন্য হয় এবং স্থানীয়ভাবে বিভেদ তৈরি হয়। কিছু জায়গায় নিজেদের দলের লোকদের মধ্যে সংঘর্ষও হয়। হতাহতের ঘটনাও ঘটেছে।
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে দুই বা তিন ভাগে বিভক্ত করার ফল আওয়ামী লীগ পেতে শুরু করেছে। নৌকার দল ক্ষমতায় কিন্তু সেই নৌকার সমর্থককে মারধর করছে ট্রাক বা ঈগল মার্কার আওয়ামী লীগের নেতা-কর্মীরা। নির্বাচনে জাল জালিয়াতির নানা অভিযোগ করছেন আওয়ামী লীগের তিন গ্রুপের নেতা-কর্মীরাই। মাঠ পর্যায়ের এই বিরোধ যে কতটা ভয়াবহ আকার ধারণ করেছে তা বোঝা যায় এ ঘটনায় দলীয় সভাপতি শেখ হাসিনার করা মন্তব্যে।
১৫ জানুয়ারি আওয়ামী লীগের যৌথসভায় তিনি বলেন, যারা নির্বাচন করেছে, কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারেনি। এখন একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কী অপরাধ তা খুঁজে বের করা— এসব বন্ধ করতে হবে। আমাদের দল ছাড়া আরও কয়েকটি দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। আমরা যদি একে অপরের দোষ ধরতে ব্যস্ত থাকি, এটা আমাদের বিরোধী দলকে আরো উৎফুল্ল করবে, তাদের কিছু সুযোগ দেওয়া হবে।
শেখ হাসিনা বলেন, কারও কারও কষ্ট আছে, কারও কারও আনন্দ আছে। কিন্তু ওই আনন্দ, দুঃখ, কষ্ট, হাসি, কান্না—সবকিছু মিলিয়ে আমাদের চলতে হবে। সবাইকে আবার এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলীয় প্রার্থিতার বিষয়ে শেখ হাসিনা বলেন- আমাদের বড় দল, অনেকেই নির্বাচন করতে চায়, সেই জন্য নির্বাচনটা উন্মুক্ত করে দিয়েছিলাম। যারা করতে চায় করুক।
আওয়ামী লীগ নি:সন্দেহে একটি বড় দল, চার বার টানা ক্ষমতায় থাকায় দলটির নেতা-কর্মীদের সবার অর্থনৈতিক অবস্থাই বেশ! এখন যারা এমপি হয়েছেন তাদের সামনে ভাগ্য আরও মজবুত করার সুযোগ। যে এলাকায় নৌকা জিতেছে সেখানে ঝামেলা কিছুটা কম হতে পারে, কিন্তু যে সব এলাকায় নৌকা হেরেছে সেখানে যে কি অবস্থা হবে আল্লাহই ভাল জানেন। আবার নৌকা জিতলেও সে সব এলাকায় ট্রাক আর ঈগলের যারা প্রার্থী তারা সহজে মাঠ ছাড়বেন, ট্রাক ছেড়ে নৌকায় উঠে যাবেন এমনটা নাও হতে পারে।
যে বিভেদ আর বিরোধের বীজ আওয়ামী লীগে বপন করা হয়েছে তা এরইমধ্যে চারার রূপ নিয়েছে, সেই চারা হয়তো একদিন বিরোধের বৃক্ষে পরিণত হবে। এক ঘোষণায় আওয়ামী লীগকে ত্রিধাবিভক্ত করা যত সহজ, এক নির্দেশে তা মিটিয়ে ফেলা যাবে না এটা নিশ্চিত করেই বলা যায়।
