নির্বাচনে ভোটের হার ও প্রধানমন্ত্রীর উন্নয়ন তত্ত্ব
মেসবাহ শিমুল
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম
৭ জানুয়ারির নির্বাচনে ভোটার না আসায় ঘুমাচ্ছিলেন ভোটকেন্দ্রের দায়িত্বরত একজন
নির্বাচন শেষ হয়ে সরকার গঠন শেষ হয়েছে কিন্তু এ নিয়ে আলোচনা-সমালোচনার কমতি নেই। ৭ জানুয়ারির ওই নির্বাচন নিয়ে খোদ আওয়ামী লীগের মধ্যেই অস্বস্তি-অভিযোগ রয়েছে। ক্ষোভ আর হতাশা রয়েছে তাদের জোটসঙ্গীদের মধ্যে। আর বিরোধী শিবিরতো এই নির্বাচনকে কোনো নির্বাচনই বলতে নারাজ।
এর মধ্যে এই ভোটকে জনগণের প্রত্যাশার সঙ্গে একীভূত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে বলেছেন, এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। (সূত্র: মানবজমিন)
তার একথা নিয়ে বিভিন্ন মহলে চলছে তীব্র সমালোচনা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ভোটের দিন দুই দফায় ভোট প্রদানের হারের বিষয়টি জানিয়েছেন। প্রথমে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনে ২৭ শতাংশ ভোট পড়েছে। পরে তিনি সেটিকে টেনে ৪০ শতাংশের ওপরে নিয়ে যান।
যদিও দেশি- বিদেশি বিভিন্ন নির্বাচন পর্বেক্ষক ও বিভিন্ন মিডিয়ায়র খবরে যে চিত্র উঠে এসেছে ভোটের এই হার এর অনেক কম বলে অনেকেই বলছেন। এর মধ্যে ব্রিটিশ পর্বেক্ষক জেজ কৌলসন বাংলা আউটলুকের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, তার ধারণা এই নির্বাচনে ৬ থেকে ৮ শতাংশের মোটেও বেশি ভোট পড়েনি।
এর সমর্থনে তিনি যে চিত্র ও বর্ণণা তিনি তুলে ধরেছেন সেটি এরকম যে, ওই নির্বাচনে ভোট কেন্দ্রের বাইরে অনেক মানুষ। যারা সরকারী দলের নেতাকর্মী। কিন্তু কেন্দ্রের ভেতরে ফাঁকা। কোথাও কোথাও শিশুরাও ভোট দিয়েছে বলে তার চোখে পড়েছে। তিনি বাংলাদেশের নির্বাচনকে অভুতপূর্ব হিসেবে উল্লেখ করেছে বলেছেন, এখানে উত্তর কোরিয়া স্টাইলের গণতন্ত্র বিদ্যমান।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ি এবারই সবচেয়ে কম সংখ্যক দল নির্বাচনে অংশ গ্রহন করে। অংশ নেওয়া মাত্র ২৭ দলের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া অন্যদের পরিচয় নেই বললেই চলে। এদের মধ্যে জাতীয় পার্টি সরকারের সঙ্গে সমঝোতার মাধ্যমে যে ২৬টি আসন পায় সেখান থেকে ১১ টি আসন বের করে এনেছে। বাকি দুটি দল পেয়েছে একটি করে আসন। আওয়ামী লীগ এককভাবে ২২৩ টি। বাকিরাও স্বতন্ত্রের মোড়কে আওয়ামী লীগ।
এই নির্বাচনে ভোটার উপস্থিতি একেবারেই কম। যেসব আসনে আওয়ামী লীগের নৌকার সঙ্গে দলের স্বতন্ত্র প্রার্থী ছিলো সেখানে নিজেদের কর্মীদের মধ্যে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বাকিগুলোতে ভোট মাত্র আনুষ্ঠানিকতা। এই বিষয়টি নির্বাচনের বহু আগেই সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো স্পস্ট থাকায় তারা ভোট নিয়ে আগ্রহী ছিলো না। তাইতো ভোট কেন্দ্রগুলিকে দেখা গেছে গড়ের মাঠ।
আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে দেশ শাসন করছে। এই দেড় দশকে তারা দেশে দৃশ্যমান বেশকিছু প্রকল্প বাস্তবায়ন করেছে। পদ্মা সেতু, মেট্রোরেলসহ বেশকিছু মেগাপ্রকল্প এখন এদেশের মানুষের জীবন-যাত্রার সঙ্গে জড়িয়ে পড়েছে। যদিও এইসব প্রকল্পে খরচের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। বিরোধীপক্ষ এইসব মেগা প্রকল্পকে বরাবরই দুর্নীতির মেগা ওয়ার্কশপ বলে দাবি করে আসছে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার বৈঠকে আরো বলেন, আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে। সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।
এখন কথা হলো, যে নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহন ছিলো না বললেই চলে সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার কি করে সকল জনগণের প্রত্যাশার ব্যাপারে নিশ্চিত হলেন? তারা কি চায় বা চায় না সেটি কোন প্রক্রিয়ায় নির্ধারণ করবেন মাননীয় সরকার প্রধান?
সরকারের পক্ষ থেকে ভোটের হারকে যতোই বাড়িয়ে বলা হোক না কেন, বিশ্লেষকরা বলছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ১০ শতাংশের বেশি হবে না কোনো ভাবেই।
এখন কথা হলো তাহলে কি সরকার বিগত ১৫ বছর ধরে আর্থ-সামাজিক ও অবকাঠামো খাতের যে উন্নয়ন করছে তাতে মাত্র ১০ ভাগ লোকই সন্তুষ্ট? তা হলে বাকি যে নব্বই ভাগ লোক নির্বাচনে ভোট কেন্দ্রে আসেনি তাদের এই উন্নয়ন পছন্দ হয়নি। নাকি তারা এমন অবকাঠামো উন্নয়নের পক্ষে নয়?
সমাজ চিন্তকরা বলছেন, বিগত বছরগুলোতে বাংলাদেশে উন্নয়ন বলতে অবকাঠামো খাতের উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। দৃশ্যমান এইসব উন্নয়নের আড়ালে ঢাকা পড়ে গেছে সামাজিক ও মানবিক মূল্যবোধের উৎকর্ষ। সেই সঙ্গে দেশের গণতন্ত্র ও সুশাসনের ভীত নড়বড়ে হওয়ার পাশাপাশি রুদ্ধ হয়ে যাচ্ছে মানুষের কথা বলার স্বাধীনতা। তাই ভোট কেন্দ্রে না আসা এই নব্বইভাগ মানুষই প্রমাণ করে তারা আসলে দেশের এমন দৃশ্যমান উন্নয়নের চেয়ে অদৃশ্য উন্নয়নকেই বেশি পছন্দ করে।
জাতি হিসেবে ঐক্যবদ্ধ থেকে সৌহার্দ্য ও সম্প্রীতির উন্নয়ন করা গেলেই কেবল দেশের প্রকৃত উন্নয়ন হবে। সেটি নিশ্চিত করা গেলে নির্বাচনে রাজনৈতিক দলের অংশগ্রহনের পাশাপাশি বাড়বে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতিও।
