’মন্ত্রী’ শব্দটি বেশ পুরণো, গল্পে যা উজির তাই আজকের মন্ত্রী। হবু রাজার গবু মন্ত্রী হোক আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্ত্রী হোক। মন্ত্রী মানে মন্ত্রী। মন্ত্রী মানে মন্ত্রণাদাতা। সরকার প্রধানকে অর্থাৎ প্রধানমন্ত্রীকে ‘মন্ত্রণা’ বা পরামর্শ দেয়াই মন্ত্রীদের কাজ। আবার সরকার প্রধান যেভাবে পরামর্শ, নির্দেশ বা নির্দেশনা দেবেন সে অনুযায়ী কাজ করাও মন্ত্রীদের কাজ।
বাংলাদেশেও একটি সরকার আছে, আছে একটি মন্ত্রিসভা। মূলত: এই মন্ত্রিসভাই হচ্ছে সরকার। ৭ জানুয়ারির নির্বাচন কাণ্ড দেশের জনগণের ভোটাধিকারকে আরও গভীর সমুদ্রের কোন অজানা দ্বীপে নির্বাসনে পাঠিয়েছে। জনগণের ভোটের তোয়াক্কা না করে ১৫ বছর দেশ চালানো শেখ হাসিনা আবার ক্ষমতায়। ২৫ মন্ত্রী আর ১১ প্রতিমন্ত্রী নিয়ে শুরু হয়েছে তার টানা চতুর্থবারের ক্ষমতার পথচলা।
১৪ জানুয়ারি মন্ত্রীরা প্রথম কর্মদিবসে নিজ নিজ মন্ত্রণালয়ে যান। যারা আগে থেকেই মন্ত্রী ছিলেন তারা, নিজের পুরণো অফিসে গেছেন, আবার যাদের মন্ত্রণালয় বদল হয়েছে তারা উঠেছেন নতুন অফিসে। আর যারা একেবারে নতুন মন্ত্রী হয়েছেন তাদের জন্য অবশ্যই এক স্মৃতিময় দিন আজ, রাজকীয় জীবনের অভিষেকই বলা যায়।
মন্ত্রীরা দিনভর সচিবসহ বিভিন্নস্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন, ভাব বিনিময় করেছেন। একই সাথে তিনি কি করতে চান তা কর্মকর্তাদের বলেছেন। মন্ত্রীদের সাফল্য কামনা করা নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে কিনা জানি না, কিন্তু যারা মন্ত্রী হয়েছেন তাদের সরকার গঠনের ঘটনাবলী যখনই মনে পড়ে, তখন কি মানুষ তাদেরকে অন্তরের অন্ত:স্থল থেকে দোয়া করতে পারেন? তাদের প্রতি শুভ কামনাই বা জানাতে যাবে কেন মানুষ?
হ্যা, কেউ বলতেই পারেন, যে সরকার জনগণের ভোটেরই তোয়াক্কা করে না, সে সরকার মানুষের শুভ কামনার জন্য বসে থাকবে? জনগণ শুভ কামনা না জানালে তাদের বয়েই গেল। বয়ে হয়তো যাবে না, মন্ত্রীত্ব আপনারা ঠিকই চালিয়ে যাবেন, আপাদের কেউ কেউ হয়তো সফলও হবেন, কিন্তু আপনারা শান্তি বা স্বস্তি পাবেন তা বলা যায় না। কারণ, আপনাদের অগোচরেই আপনাদের বিবেক হয়তো আফসোস করে বলবে, ’তুমি কোন জনগণের নেতা হে? কে তোমায় ভোট দিয়ে এমপি বানিয়েছে? মিথ্যার সৌধ তা যতই সৌন্দর্য্য বিলাক না কেন, তা অভিশাপও কম কুড়ায় না। শেষ ক্ষণে এসে আপনাদেরকে শহীদ কাদরীর একটি কবিতার দু’টি ছত্র স্মরণ করিয়ে দিই। ’সঙ্গতি’ কবিতার দু’টি ছত্র-
’প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না...’
বর্তমান সরকারের মন্ত্রীদের উদ্দেশ্যে শহীদ কাদরীর কবিতার অনুকরণে বলা যায়,
মন্ত্রীত্ব তুমি করে যাবে ঠিক-ই
কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না।
