Logo
Logo
×

অভিমত

‘ভোট দেয়নি জনগণ’

Icon

অতিথি লেখক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ০১:৩৫ এএম

‘ভোট দেয়নি জনগণ’

৭ জানুয়ারি ভোটার শূণ্য কেন্দ্রে ছাগল

‘কুত্তা মার্কা নির্বাচন, ভোট দেয়নি জনগণ’- স্লোগানটি একটি রাজনৈতিক দলের। কর্মী সংখ্যায় ছোটো এই দলটি রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে আর নেতাকর্মীরা দৃপ্ত ও উচ্চ কণ্ঠে এমন স্লোগান দিচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে পুলিশ। তাদের মুখগুলো ফ্যাকাশে-নির্বিকার। 

৭ জানুয়ারির ভোটারবিহীন নির্বাচনকে অতীতের ধারাবাহিকতায় এই রাজনৈতিক দলটি উপরোক্ত বিশেষণে বিশেষায়িত করেছে। এতোদিন ধরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ওই দলটি মাঠের রাজনীতিতে তেমন শক্ত অবস্থান তৈরি করতে না পারলেও তাদের এই বিক্ষোভ মিছিল ও স্লোগানই প্রমাণ করে দলটির নৈতিক ভিত্তি কতটা মজবুত। দেশের গণমানুষের পক্ষে, তাদের মনের কথাগুলো বলছে বলেই হয়তো রাজপথে পুলিশি নিপীড়ণের আশঙ্কা থাকা সত্ত্বেও এমন বিপ্লবী স্লোগান দিতে পারছে এর কর্মী-সমর্থকরা। 

আওয়ামী লীগ ও তাদের গৃহপালিত দলগুলোর পরাজিত প্রার্থিরা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। তারা নিজেদের হারের জন্য কারচুপিকে দায়ি করলেও আসল ব্যাপার হলো ওই নির্বাচন আসলে সে অর্থে কোনো নির্বাচনই ছিলো না। এটি ছিলো ক্ষমতা নবায়নের একটি ডামি মহড়া। সেই মহড়ায় বরাবরের মতোই জয়ী হয়েছেন দক্ষিণ এশিয়ার উদীয়মান এক নায়ক শেখ হাসিনা। তিনি যাকে চেয়েছেন সংসদ সদস্য বানিয়েছেন। যাকে চাননি তাকে হারিয়েছেন। 

ব্রিটিশ সাংবাদিক ও পর্যবেক্ষক কথিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চিত্র নিজ চোখে দেখার পর বাংলা আউটলুককে বলেছেন, ‘এখানে উত্তর কোরিয়া মডেল’ বিরাজ করছে। তার এই মন্তব্য এখন বিশ্বজুড়ে আলোচিত। সরকারের ভেতরে আলোড়ন সৃষ্টিকারী ওই মন্তব্য যে কতটা প্রাসঙ্গিক তা একজন সাধারণ মানুষও বুঝতে পারে। 

বৃহস্পতিবার এ সরকারের কেবিনেট গঠিত হয়েছে। মন্ত্রিরা বিভিন্ন দপ্তর পেয়ে দলীয় চাটুকারদের তেলে ভেসে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে তাদের ছবি ভাসছে। অথচ এমন একটা নির্বাচনের পর এই জাতীয় তেলে মাখামাখি অবস্থা দেখে যে কোনো বিবেকবান মানুষের ঘেন্না লাগার কথা। নব্য কোরিয়ার একেকজন মন্ত্রী যেভাবে তাদের জয়কে দেশ ও মানুষের কল্যানে উৎসর্গ করছেন তাতে অবাক হচ্ছি। ভাবছি এই লোকগুলো যদি ৯০ এর পরের সাধারণ নির্বাচনগুলোয় জয়ী হতেন তাহলে কি করতেন? 

কেবিনেট গঠনের আগে অনেকেই ভাগ করে ফেলেন কে কোন কোটায় মন্ত্রী হচ্ছেন সেটি। সেই ভাগে প্রতিবেশি দেশটিসহ সরকারের পাশে থাকা দেশগুলোর নাকি প্রভাব থাকে। ভোটের আগে একজন প্রার্থীর নিজেকে প্রতিবেশি একটি দেশের প্রার্থী হিসেবে দাবি করা বক্তব্য এটাই প্রমাণ করে। অথচ টেলিভিশনে দেখলাম মন্ত্রীরা ‘বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আস্থা’ ধারণ করে শপথ নিচ্ছেন। তাই কাজে যোগ দিয়ে তারা তাদের সে শপথ কতটুকু অক্ষুণ্ন রাখতে পারবে সেটি সহজেই অনুমেয়। 

ভোটে সারা দেশের কেন্দ্রগুলো ছিলো প্রায় ফাঁকা। কেন্দ্রগুলোর মাঠে কুকুরের অবাধ বিচরণ দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অসংখ্য ছবি ছড়িয়ে পড়েছে। কোথাও কোথাও দেখা যায় উৎসাহী কুকুর ভোট কেন্দ্রের দরজায় উকি দিয়ে ভেতরে কি হচ্ছে সেটি পরখ করার চেষ্টা করছে। আমার ধারণা ওই রাজনৈতিক দলটি এই চিত্রটিকেই লুফে নিয়েছে। ছবি যেখানে কথা বলে সেখানে আর অন্য প্রমাণের কী দরকার? তাইতো দলটি রাজপথে গুটিকয় লোক নিয়েও এমন সাহসী স্লোগান দিতে পারছে বলে আমার মনে হয়। 

শুক্রবার রাজধানীতে ইসলামপন্থী একটি দলও বিক্ষোভ মিছিল করে। তারা জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে স্লোগান তুলেছে, ‘শেখ হাসিনা ভুয়া, নির্বাচন ভুয়া, মন্ত্রিপরিষদ ভুয়া’ বলে। তারা বলছে, সারাদেশের মানুষ যেখানে ভোট প্রত্যাখ্যান করেছে সেখানে সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ভোটের হার দেখিয়েছে ৪০ শতাংশের উপরে। এই গায়েবি পার্সেন্টেজ দিয়ে তারা কি প্রমাণ করতে চায়, নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে? বিষয়টি মোটেই তা নয়, এদেশের জনগণ ভাগ-বাটোয়ারার এই নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে’। 

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নির্বাচনকে চূড়ান্ত রকমের বিতর্কিত হিসেবে আখ্যা দিয়ে প্রতিবেদন-কলাম ও সম্পাদকীয় ছাপাচ্ছে। বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরা তুলোধুনো করছে শেখ হাসিনার এমন আজব নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে। দেশে পাকাপাকি ভাবে বাকশাল কায়েম হয়েছে-এমন কথাও বলছেন কেউ কেউ। এই অবস্থায় একটি বিশাল মন্ত্রিসভা করে বৃহস্পতিবার সরকার আরেকবার তাদের লজ্জাহীনতাকে বিশ্ব দরবারে তুলে ধরলো। 

দেশের অর্থনীতি যখন ধুঁকছে, নিত্যপণ্যে সিন্ডিকেটের বিষাক্ত ছোবল যখন সাধারণ মানুষের জীবন বিষিয়ে তুলেছে তখন বঙ্গভবনে এইসব জাতীয় চোরদের খানাপিনা-খোশগল্প আর মেকি শপথ জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার করছে। তারা সাধারণ মানুষের সেবার বিপরীতে যে তাদের শোষণের দ্বার উন্মোচন করছে এটি ভাবাই বরং যৌক্তিক। মূলত: একটি চরম বিতর্কিত নির্বাচন করে এমন রাজসিক আয়োজনের মাধ্যমে সংসদ গঠনের এই প্রক্রিয়াই বলে দেয় আওয়ামী লীগ কখনো দেশের সাধারণ মানুষের কথা ভাবে না। তারা সব সময়ই নিজেদের কথা ভাবে। তারা দেশের প্রতি দায়বদ্ধতার চেয়ে প্রতিবেশি দেশটির দায় শোধ করতেই বেশি মনযোগি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন