প্রহসনের জালে আবদ্ধ আওয়ামী লীগের অধীনে তিন নির্বাচন
আমিরুল ইসলাম কাগজী
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ পিএম
গত ৭ জানুয়ারির ভোট নিয়ে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বীকারোক্তি দিয়েছেন তা নোট ডাউন করা উচিত। গত ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সমাবেশে তিনি বলেছেন , এবারের ভোট খুব শান্তিপূর্ণভাবে হয়েছে জনগণ অবাধে ভোট দিতে পেরেছে।এবারের নির্বাচনে কেউ বলতে পারবে না যে রাতে ভোট দিয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে, ভোট কারচুপি হয়েছে, এসব বলার কোনো সুযোগ নেই।
এই সরল স্বীকারোক্তির জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিনের ভোট রাতে হয়েছে এটা একটা উদাহরণ হিসেবে সারা পৃথিবীর মানুষের কাছে জ্বাজল্যমান। দিনের ভোট আগে রাতে হওয়ার জন্য বিশেষভাবে পরিচিত লাভ করেছে ২০১৮ সালে নির্বাচন। আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসি এই সংবাদটি প্রথম বাংলাদেশের মানুষের সামনে হাজির করে। তারা ভিডিওতে দেখায় আগের রাতেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। ভোটের দিন সকালে সেটা কেন্দ্রে নেওয়া হয়। বিএনপিসহ সমমনা সকল বিরোধী দল এমন কি সারা দেশের মানুষ বলে আসছে ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) সেই নির্বাচনের পর জরিপ চালিয়ে দেখিয়েছিল যে দিনের ভোট রাতে হয়েছে। তারপর ভোটের দিন সকাল বেলা দলীয় নেতাকর্মীরা এমনভাবে সিল মেরে বাক্স ভরেছিল যে বহু কেন্দ্রে ১১০শতাংশ পর্যন্ত ভোট পাওয়া গেছে। ভোট পরিচালনাকারী নির্বাচন কমিশনের প্রধান কমিশনার নুরুল হুদা বলেছিলেন, ইভিএম চালু হলে আর দিনের ভোট রাতে হবে না।ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত এক অনুষ্ঠানে বলেছিলেন দিনের ভোট রাতে হয় এমন ইতিহাস তার আগে জানা ছিল না। আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা কখনো এই সত্যটা স্বীকার করতেন না ,এমনকি দলটির শীর্ষ পর্যায়ের নেতারাও এ অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিতেন। কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় আওয়ামী লীগেরই নেতাকর্মীরা বলতে শুরু করলেন, তারা ২০১৮ সালে কিভাবে দিনের ভোট আগের রাতেই সম্পন্ন করেছিলেন। কখন কোথা থেকে মেসেজ এসেছে সেটা পর্যন্ত তারা বলেছেন।
সেই চাপে পড়ে হোক অথবা কোন অপরাধবোধ থেকে হোক কথাটা অবলীলায় বলে দিলেন শেখ হাসিনা। কেননা দিনের ভোট রাতে হওয়া একটা কেলেঙ্কারির ব্যাপার। রাতে ভোটের বাক্স ভরে ফেলার কারণে ২০১৮ সালের নির্বাচন নিয়ে যত দুর্গন্ধ ছড়িয়েছে যা বলে শেষ করা যায় না। ওই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। কেবলমাত্র বিএনপির বিজয় ঠেকানোর জন্য আগের রাতেই ভোটের বাক্স ভরে রাখা হয়েছিল। সম্ভাব্য প্রার্থীদের নামে একাধিক মামলা ছিল।কোন্ মামলায় কাকে ফাঁসানো হবে সেটা বিএনপির জানা ছিল না।যে কারণে প্রতিটা আসনে একাধিক প্রার্থী দিতে হয়েছিল। সেটা নিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠাট্টা মশকরা করে বলতেন বিএনপি নাকি মনোনয়ন বাণিজ্য করেছে। কিন্তু তাদের বিজয় ঠেকানোর জন্য রাতের বেলা ভোটের বাক্স ভরে ফেলা হয়েছে সেটা তিনি স্বীকার করতেন না।
২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা ভোটে ১৫৪ জন সংসদ সদস্য হয়েছিলেন। বিএনপির সেই নির্বাচনে অংশগ্রহণ না করায় সেটাও হয়েছিল এক দলীয় নির্বাচন। ভোটার উপস্থিতি ছিল গত সাতই জানুয়ারির মতোই। কিন্তু নির্বাচন কমিশন সকল কাজের কাজী সেই নির্বাচনে ভোট দেখিয়েছিল ৪০ শতাংশের মতো। ভোটের নির্ধারিত দিনের আগেই সেই ১৫৪ জন শপথ গ্রহণ করেছিল এবং মন্ত্রী পরিষদ গঠিত হয়ে গেছিল। জাতীয় আন্তর্জাতিক ভাবে সেই নির্বাচন ছিল প্রহসনের। তারা বিএনপিকে বলেছিল সেটা ছিল নিয়ম রক্ষার নির্বাচন। কিছুদিনের মধ্যেই নতুন সংসদ নির্বাচন দেওয়া হবে। ফলে বিএনপি আন্দোলন স্থগিত রাখে। কিন্তু দিন পেরিয়ে মাস ,মাস পেরিয়ে বছর যখন চলে গেল নির্বাচন আর হলো না। তখন ২০১৫ সালে বিএনপি নতুন করে আন্দোলন শুরু করে। গোয়েন্দা সংস্থা দিয়ে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে এমন কি বিচার বিভাগ দিয়ে বিএনপির সেই আন্দোলনকে সন্ত্রাসী কর্মকান্ড বলে চিত্রিত করার চেষ্টা চালানো হলো। শত শত মামলা হল বিএনপির হাজার হাজার নেতা কর্মী আসামি হল। সেই মামলার ধারাবাহিকতায় বিএনপি'র নামে এক লক্ষ ৪৬ হাজার মামলায় প্রায় পঞ্চাশ লক্ষ আসামি।
২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন এমপি হওয়ার ঘটনা যে কলঙ্কিত ছিল সেটাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীকার করলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এসে। বললেন, এবার যাতে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে না পারে সেজন্য নতুন ফর্মুলা হিসাবে ডামী ক্যান্ডিডেট দেওয়ার পথ উন্মুক্ত রাখলেন। যে জন্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বলা হয় দামী নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার একটি ডামি সরকার। আর ভোটের চিত্র যদি বলেন সেটা তো ইতিহাসে আরেকটি কলঙ্কের অধ্যায় রচিত হলো। দিনভর ভোটকেন্দ্র গুলো ছিল জন মানব শূন্য । বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হলো সকাল ১২ টার দিকে সর্বোচ্চ ভোট পড়েছে দুই শতাংশ। বিকেল তিনটার দিকে এসে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর আউয়াল ঘোষণা করলেন যে নির্বাচনে ভোট পড়েছে ২৮ শতাংশ। কিন্তু পাশ থেকে নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেন বলে দিলেন ভোট পড়েছে চল্লিশ শতাংশ। অমনি হাবিবুল আউয়াল বললেন, হ্যাঁ চল্লিশ শতাংশই হবে। এই সংখ্যা তত্ত্বের পক্ষে নিজের অবস্থান পরিষ্কার করার জন্য সিইসি বললেন আমি ঘুমিয়ে গিয়েছিলাম অর্থাৎ তিনি দিবা ঘুমিয়ে মগ্ন ছিলেন। যে কারণে ভোট প্রদানের আর একটু এলোমেলো হয়েছে। কিন্তু হাঁটে হাঁড়ি তো ভেঙে দিলেন সচিব আলমগীর হোসেন। ফলাফল ঘোষণার ডায়াসে বসে তিনি বললেন," নির্বাচন তো বিতর্কিত করে ফালাইছে ৬৪ টা ডিসি তালিকা পাঠাইছে সেই তালিকা ঘোষণা করিয়া দিব এখন সবাই যে ঘুমাইয়া পড়েন।"এই গোপন তথ্য আবার ফাঁস করেছে আওয়ামী লীগের এমপি মোর্শেদ সাহেবের মালিকানাধীন আর টি ভি। সেটা এখন ভাইরাল।
৭ জানুয়ারির নির্বাচনের দিনে ভোট প্রদানের হার সম্পর্কে ভারতের বিবেকানন্দ ফাউন্ডেশন এর সিনিয়র ফেলো শ্রীরাধা দত্ত একটা সাক্ষাৎকার দিয়েছেন প্রথম আলো পত্রিকায়। সেখানে তার ধারণা ভোট ১০শতাংশের বেশি পড়ে নাই।
এমন একটি জোড়াতালির নির্বাচনকে প্রধানমন্ত্রী বলছেন অবাধ ও সুষ্ঠু হয়েছে। কিন্তু তিনি একবারও বলছেন না ভোট হয়েছে আমার নিজের দলের মধ্যে অনেকটা কাউন্সিল অধিবেশনের মত। এই ভোটের সরকার পরিবর্তনের কোন সুযোগ সৃষ্টি হয় নাই। জনগণ যাকেই ভোট দিক না কেন ফল উঠবে নৌকার ঘরে। তাই হয়েছে। নৌকাই সরকার গঠন করেছে। এই নৌকা এখন চালিয়ে নেওয়ার মতো নৈতিক ভিত্তি সরকারের একেবারেই নেই। কমবেশি নব্বই শতাংশ ভোটার এই ভোট বর্জন করেছে এমনকি আওয়ামী লীগের ভোটাররাও এই ভোট বর্জন করেছে অর্থাৎ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।
মোদ্দা কথা হচ্ছে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যে তিনটি নির্বাচন অনুষ্ঠিত হলো তাতে জনগণ ভোট দিতে পারে নাই এটাই ধ্রুব সত্য। কিন্তু প্রধানমন্ত্রী কি বলেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখনই নাকি জনগণ ভোট দিতে পারে তিনি গণভবনে সংবাদ সম্মেলন করে এইসব কথা বলে থাকেন কিন্তু সেখানে কোন সাংবাদিক তাকে কখনোই প্রশ্ন করেন নাই বিনা ভোটে ১৫৪ জন এমপি হওয়াকে কি জনগণের ভোটদানকে স্বীকৃতি দেয়? আগের রাতে ভোটের বাক্স ভরে রাখাকে জনগণের অংশগ্রহণ বলা চলে? কিম্বা ১০শতাংশ ভোটার উপস্থিতি কি জনগণের অংশগ্রহণ বুঝায়? বুঝায় না।
সেজন্য যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ,কানাডা ,অস্ট্রেলিয়াসহ গণতন্ত্রগামী দেশগুলো এই সরকারকে স্বীকৃতি দেয় নাই। জাতিসংঘ বলেছে সরকারকে গতিপথ পাল্টে গণতন্ত্রের পথে ফিরে আসতে। সেটা না হলে তাদের জন্য অশনি সংকেত অপেক্ষা করছে।
