২০১৪ সালের অটোপাশের কেবিনেটের একজন মন্ত্রীর আত্মীয় বিকেল থেকে বেশ কয়েকবার ফোন দিয়েছেন। তার কৌতুহল এবারের কেবিনেটে তার সেই আত্মীয় যায়গা পাচ্ছে কি না। কেননা ওই নেতাকে পারিবারিক ও পারিপার্শ্বিক কারনে বেশ কিছু বছর দল থেকে দূরে রেখেছিলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সেই দূরত্ব ঘুচেছে। এবার এমপি হয়েছেন। ঢাকার রাজনীতিতে এক সময় দাপুটে ওই নেতার ভাগ্যে তাই মন্ত্রিত্ব জুটতে পারে বলে তাদের ধারণা। তাকে জানালাম সবকিছু তো আর নেত্রীর হাতে নেই। এখানে ভারত-চীন ও রাশিয়ার ভাগ রয়েছে। রয়েছে ভাগ্নে কোটা, ছোটো আপা কোটাসহ আরো কিছু বিষয়। সে কারনে কি হচ্ছে বলা যাচ্ছে না। তবে তার নামটি থাকতে পারে বলে অনেক সাংবাদিকের মুখে শুনেছি।
ফোনের অপরপ্রান্তে তিনি খুশি হলেন বলে মনে হলো। এরপর সন্ধ্যায় আবারো তিনি ফোন দিলেন। বললেন, কেবিনেট সচিব ফাইল নিয়ে সচিবালয়ে ঢুকেছেন। খোঁজ নিয়ে দেখো। বললাম-দেখি। এরপর আর কোনো ফোন আসেনি। ততোক্ষণে অবশ্য ২৫ পূর্ণ মন্ত্রী এবং ১১ প্রতিমন্ত্রীর তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভদ্রলোককে ফোন দিতে গিয়েও সাহস পাইনি। কেননা নিশ্চয়ই এতোক্ষণে তিনি ব্যথাতুর হয়ে পড়েছেন। সেই সঙ্গে আমার মনেও কিছুটা কষ্ট অনুভূত হতে লাগলো।
রাতে বাসায় ফিরতে গিয়ে মনে হলো কিছু কাঁচা বাজার করা দরকার। কিনতে গিয়ে যথারীতি আরেক দফা কষ্টের খোঁচা লাগলো মনে। সবজির দাম আরো বেড়েছে। বেড়েছে ডিমের দাম। বাড়তি দামেই কিছু কিনে বাসায় এলাম। নতুন বছরের প্রথম বাজার করতে গিয়ে মনে হলো আমার মতো কষ্ট নিশ্চয়ই দেশের কোটি কোটি মানুষের মনে প্রতি নিয়ত হুল ফোটাচ্ছে।
৭ জানুয়ারির ‘ডামি নির্বাচন’ নিয়ে কোনো কথা বলতে চাই না। কেননা আমি চাই নতুন বছর নতুন উদ্যমে শুরু হোক। এই উদ্যমে ছেদ পড়ার মতো কিছু ঘটুক সেটি চাই না। নির্বাচনে ভোটার উপস্থিতিসহ অন্য অনেক বিষয় নিয়ে রাস্তাঘাটেই বিস্তর আলাপ শোনা যায়। সাধারণ মানুষের কাছেও বিষয়টি দিনের আলোর মতো স্পস্ট। কোনো সন্দেহাতীত বিষয় নিয়ে আলোচনা কিংবা ব্যাখ্যা-বিশ্লেষণ করলে বরং সেটি হালকা হয়ে যায়। তাই কয়লার কালির মতো লেপ্টে থাকা কালোর ওপর চক পাউডার ছিটিয়ে দেবার প্রয়োজন মনে করছি না।
গত রবিবার ভোটগ্রহনের পর সপ্তাহ পার না হতেই সরকার গঠিত হচ্ছে। ইতোমধ্যে মন্ত্রিসভায় কারা থাকছেন সেটি ঘোষণা করা হয়েছে। সরকার গঠনে এমন ‘তড়িঘড়ি তৎপরতা’ বেশ আলোচনার জন্ম দিয়েছে। প্রথম দিকে সিদ্ধান্ত ছিলো চলতি সপ্তাহে সংসদ সদস্যদের শপথ এবং আগামী সপ্তাহে সরকার গঠন হবে। কিন্তু হঠাৎ করেই সে সিদ্ধান্তে পরিবর্তন আসে। সকালে এমপিদের শপথ পড়িয়ে সন্ধ্যায়ই ফোন দিয়ে মন্ত্রিদের সুখবর দেওয়া হয়।
অতীতের মতো অনেকের ধারণা ছিলো বৃহস্পতিবার সন্ধ্যায় যেহেতু মন্ত্রিসভার শপথ তাই এদিন সকাল থেকেই হয়তো ফোন যাওয়া শুরু হবে ভাগ্যবানদের কাছে। কিন্তু ততোটুকু আর অপেক্ষা করতে হয়নি তাদের। এদিকে এই ফোন পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রকার ট্রল হচ্ছে। কেউ বলছেন, ফোন পেয়েছেন। কেউ বলছেন সারাদিন ফোনের কাছে ছিলেন কিন্তু কাঙ্খিত সেই কল আসেনি। আবার কেউ ফোন পেয়েও ফিরিয়ে দিয়েছেন এমন সব কথা লিখে হাস্যরস ছড়াচ্ছেন। অবশ্য তাদের প্রত্যেকেই যে কেবল মজার ছলে কথাগুলো লিখেছেন সেটি তাদের পোস্ট দেখে সহজেই অনুমেয়।
নির্বাচনের পরদিন ভোরের আলো না ফুটতেই সে নির্বাচনকে বৈধতা দিয়ে চীন-রাশিয়া-ভারতসহ কিছু দেশ সরকারকে অভিনন্দন জানায়। যদিও সেটি সরকারের জন্য কাঙ্খিত এবং জনসাধারণের কাছে অনুমেয় ছিলো। তবে যেটি দেখার ছিলো সেটি হলো পশ্চিমাদের রিঅ্যাকশন কি হয় সেটি। বিএনপিসহ বিরোধী রাজনীতির সঙ্গে জড়িতদের বদ্ধমূল ধারণা ছিলো আমেরিকা-ব্রিটেন তাদের পূর্বের অবস্থানেই অনড় থাকবে। হয়েছেও তাই। সেই সঙ্গে জাতিসংঘও কঠিন বার্তা দিয়েছে। তারা তাদের স্টেটমেন্টে যে ভাষা ব্যবহার করেছে সেটিকে কূটনীতিকরা অত্যন্ত কঠোর হিসেবে আখ্যা দিয়েছেন। জাতিসংঘের ওই বার্তার মানে হলো নতুন করে নির্বাচন আয়োজনের কথা তারা বলেছেন। পশ্চিমাদের অবস্থানও তেমনই। এই অবস্থায় দেশের পরিস্থিতি যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে বলে অনেকের ধারণা।
এমনিক মার্কিন স্যাংশনও নাকি আসবে- এমন গুঞ্জনও রয়েছে। এই অবস্থায় সকালে এমপি শপথের পর রাতেই মন্ত্রিসভা ঘোষণার বিষয়টিকে অনেকে বলছেন ‘ধর তক্তা, মার পেরেক’ নীতি। যে কোনো কিছু আরোপিত কিংবা সংঘটিত হওয়ার পূর্বে সরকার চাইছে একটি সংঘবদ্ধ ফ্রেমে আসতে। তাইতো তড়িঘড়ি করেই হচ্ছে সবকিছু। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ গড়ানোর পর এটিই হতে পারে ইতিহাসের সবচেয়ে কম সময়ে গঠিত কোনো কেবিনেট।
যেই কেবিনেটে ইতিমধ্যে ৩৬ জনের নাম আমাদের সামনে এসেছে। সামনে সেটি বাড়তেও পারে। কেননা ২০১৪ সালে বর্তমান সরকার প্রধান দেশের অর্থনীতির কথা বিবেচনায় রেখে সবচেয়ে ছোটো কেবিনেট গঠনের ঘোষণা দিয়েছিলেন। যদিও পরে আর সেটি ছোটো থাকেনি। ২৬৩ আসন নিয়ে এবার আওয়ামী লীগ কেবিনেট আরো বাড়ায় নাকি এখানেই সীমাবদ্ধ রাখে সেটি এখন দেখার বিষয়।
