Logo
Logo
×

অভিমত

জনপ্রিয়তাই কাল হলো ইমরান খানের

Icon

আহমেদ বায়েজীদ

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১২:৫১ এএম

জনপ্রিয়তাই কাল হলো ইমরান খানের

ইমরান খান। ছবি : সংগৃহীত

আপনা মাংসে হরিনা বৈরী। বাংলা ভাষার এই প্রবাদটির মানে হরিণের সৌন্দর্য ও সুস্বাদু গোশতই তার প্রধান শত্রু। সৌন্দর্যের জন্য মানুষ বনের হরিণকে খাঁচায় বন্দী করে। ধনীরা শখ করে হরিণ পোষে। আবার সুস্বাদু গোশতের জন্যও হরিণ শিকারির খপ্পরে পরে। প্রবাদটির বাস্তব উদাহরণ হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান। কারণ পাকিস্তানের রাজনৈতিক ঘটনাপ্রবাহ দেশে মনে হচ্ছে, ইমরান খানের জনপ্রিয়তাই তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

শূন্য থেকে শুরু করে রাজনীতির মাঠে শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন ইমরান খান। ২০১৮ সালের নির্বাচনে ব্যাপক জনসমর্থন নিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। তবে দেশটির আরো অনেক শাসকের মতো তিনিও ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পারেননি। ২০২২ সালের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। ওই সময় নানা নাটকীয়তার মধ্যে কয়েকটা দিন পার করেছে পাকিস্তানের পার্লামেন্ট। তার দলের বেশ কিছু এমপি দলত্যাগ করেন। শেষ পর্যন্ত মধ্যরাতের অনাস্থা ভোটে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ।

এরপর থেকে নতুন আন্দোলন শুরু হয় ইমরান খানের নেতৃত্বে। তার দলের সদস্যরা পদত্যাগ করলে পার্লামেন্টে প্রায় অর্ধেক আসন শূন্য হয়ে পড়ে। যার ফলে আগাম জাতীয় নির্বাচন দাবি করেন ইমরান। কয়েক মাস দেশব্যাপী তুমুল আন্দোলন গড়ে তোলেন। জনগণও ব্যাপক সাড়া দেয় তার আহ্বানে। প্রতিটি রাজনৈতিক সমাবেশে জনতার ঢল নামে। সেই সঙ্গে ক্ষমতা হারানোর পর থেকে যুক্তরাষ্ট্র সরকার ও পাকিস্তানের সেনাবাহিনীকে দায়ী করতে থাকেন ইমরান। প্রতিটি বক্তব্যে তিনি প্রকাশ্যে মার্কিন ষড়যন্ত্রের কথা বলেন। এ নিয়ে পাকিস্তানের রাজনীতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে একের পর এক মামলা হতে থাকে পিটিআই প্রধানের বিরুদ্ধে। একবার রাজনৈতিক পদযাত্রা চলাকালে তার ওপর গুলিও চালানো হয়। প্রাণে বাঁচলেও পায়ে গুলি লেগে মারাত্মক আহত হন ইমরান খান। একের পর এক মামলাও হতে থাকে তার বিরুদ্ধে।

২০২৩ সালের মে মাসের ৯ তারিখে আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর বিক্ষুব্ধ পিটিআই সমর্থকরা দেশব্যাপী জ্বালাও-পোড়াও শুরু করে। সেদিন সামরিক বাহিনীর স্থাপনায়ও হামলা হয়। যার ফলে পরিস্থিতি নতুন মোড় নেয়। ইমরান খান ও তার দলের বিরুদ্ধে শুরু হয় নতুন ধরপাকড়। দেয়া হয় অনেকগুলো নতুন মামলা। সবকিছু মিলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর পাকিস্তানের রাজনীতিতে অনেক ঘটনা ঘটেছে; কিন্তু তার সবই ইমরান খানের প্রতিকূলে। আগস্টের ৫ তারিখে আবার গ্রেপ্তার করা হয় ইমরানকে। সেই থেকে আদিয়ালা কারাগারে আছেন তিনি। একটি মামলায় তিন বছরের সাজাও দেয়া হয়েছে তাকে। চলছে আরো অনেকগুলো মামলার বিচার। দলের অনেক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে ‘চাপ প্রয়োগ করে’ দল ছাড়তে বাধ্য করা হয়েছে।

তবে সবকিছু সত্ত্বেও নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি নেয় পিটিআই; কিন্তু এরপরই শুরু হয় নির্বাচন কমিশনের ‘অ্যাকশন’। তারা দলটির নির্বাচনী ব্যাট প্রতীক বাতিল করে। একই সঙ্গে দল হিসেবে পিটিআই নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানিয়ে দেয়। অনেক হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বিষয়টি কয়েক দফা আদালতে গড়ালেও পরিস্থিতি পিটিআইয়ে প্রতিকূলেই রয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, ফেব্রুয়ারির ৮ তারিখের নির্বাচনে পিটিআই নেতাদের অংশ নিতে হবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এমনকি নির্বাচনে জিতলেও তারা পিটিআইয়ে যোগ দিতে পারবেন না। নির্বাচন কমিশনে নিবন্ধিত কোন দলেই কেবল যোগ দিতে পারবেন। অর্থাৎ বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারবে না দলটি।

জনমত জরিপগুলো বলছে, পাকিস্তানে এখনো সবচেয়ে জনপ্রিয় দল পিটিআই। তাই নির্বাচনে দলটি সবচেয়ে বেশি আসন পাবে বলে মনে করা হচ্ছিল। দলটির নেতারাও তাই ইমরানকে ছাড়াই নির্বাচনের মাঠে নেমেছিলেন। তাদের আশা ছিল, অবাধ নির্বাচন হলে দলটি আবার সরকার গঠন করবে; কিন্তু নির্বাচন কমিশনের এই পদক্ষেপের পর সেই আশা কার্যত শেষ হয়ে গেছে। যদিও বিষয়টি এখনো সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় আছে, তবু সাম্প্রতিক পরিস্থিতি বলছে- ইমরান খানের দলের পক্ষে আশাবাদী হওয়ার মতো খুব বেশি কারণ হয়তো নেই।

পাকিস্তানের অনেক বিশ্লেষক বলছেন, ক্ষমতা হারানোর পর ইমরান খানের জনপ্রিয়তা আরো বেড়েছে দেশটিতে। বেশ কয়েকটি উপনির্বাচনে তার প্রমাণও পাওয়া গেছে। তবে নির্বাচন কতটা প্রভাবমুক্ত হবে সেটি নিয়ে সন্দেহ রয়ে গেছে। অনেকেই মনে করেন, অবাধ ও স্বচ্ছ নির্বাচন হলে পিটিআই সবচেয়ে বেশি আসন পাবে। কারণ নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ও বিলওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) শাসনে রীতিমতো বিরক্ত পাকিস্তানের জনগণ। সে তুলনায় ইমরান খান তার আড়াই বছরের শাসনে অনেক বেশি স্বচ্ছতার পরিচয় দিয়েছেন। তা ছাড়া ইমরান পাকিস্তানের রাজনীতি থেকে সেনাবাহিনীর প্রভাব কমাতেও কাজ শুরু করেছিলেন। তবে শেষ পর্যন্ত এই বিষয়গুলো হয়তো কাল হয়েছে তার জন্য। যার মাশুল দিতে হচ্ছে নানাভাবে।

পাকিস্তানের রাজনীতিতে ‘স্টাবলিশমেন্ট’ বলে একটি শব্দ বহুল প্রচলিত। এর দ্বারা মূলত সেনাবাহিনীকে বোঝানো হয়। দেশটির জন্মের পর থেকেই এই বাহিনী পাকিস্তানের রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে; কিন্তু ইমরান খান সেটা কমাতে শুরু করেছিলেন। সেনাবাহিনীকে তার ‘নিজস্ব’ কাজ করতে মনোযোগী করাতে চেয়েছিলেন ইমরান। যে কারণে স্টাবলিশমেন্টের ক্ষোভ আছে ইমরান খানের ওপর। এই ইস্যুতে স্টাবলিশমেন্টের সঙ্গে অন্য দলগুলোর ঐক্য দেখা গেছে। কারণ ইমরান খান সবার জন্য হুমকি হয়ে উঠেছিলেন।

ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয়। সে কারণেই হয়তো দলটিকে নানাভাবে বিপর্যস্ত করার চেষ্টা হচ্ছে। দল হিসেবে লড়াই করতে না দেয়া এবং ইমরান খানসহ শীর্ষ নেতাদের মনোনয়ন বাতিল- এ সবকিছুই ওই একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছে। কারণ জনপ্রিয়তায় ইমরান খানের ধারেকাছেও নেই অন্য কোন নেতা। ইতিমধ্যেই দেখা গেছে, নওয়াজ শরিফের ওপর সব আইনি নিষেধাজ্ঞা একে একে বাতিল করে তাকে আবার রাজনীতিতে ফেরানো হয়েছে। নওয়াজের দলের সঙ্গে সেনাবাহিনীর সমঝোতা হয়েছে এমন অভিযোগও উঠেছে সম্প্রতি। তাই আগামী দিনগুলোতে ইমরান খান ও তার দলের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। তাকে ও তার দলকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠানের সব আয়োজনই সম্পন্ন হচ্ছে। হয়তো সবকিছু হয়েও যাবে। আর কারাগারেই দিন কাটাতে হবে কাপ্তানকে। কারণ তাকে মাঠে রেখে খেলতে প্রতিপক্ষের যথেষ্ট ভয় রয়েছে।

এই সব পরিস্থিতির জন্য ইমরান খানের জনপ্রিয়তাই দায়ী বলে মনে করা হলেও তার দিক থেকেও কিছু ত্রুটি দেখা গেছে। নেপথ্যে যাই থাকুক, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করা হয়েছে পার্লামেন্টের মাধ্যমে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় অনাস্থা ভোট একটি সাংবিধানিক প্রক্রিয়া। এমন একটি বৈধ প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতাচ্যুতি নিয়ে তিনি অনেক বাড়াবাড়ি করেছেন বলে অনেকে মনে করেন। সেসব না করে এটি মেনে নিয়ে তার রাজনীতি করে যাওয়া উচিত ছিল- এমন মত অনেক বিশ্লেষকের।

তিনি অনাস্থা ভোটের ‘ষড়যন্ত্রের’ জন্য যুক্তরাষ্ট্র, সেনাবাহিনী ও রাজনৈতিক প্রতিপক্ষকে অনবরত দোষারোপ করে গেছেন। অনেক ক্ষেত্রে বেশ আগ্রাসী বক্তব্য দিয়েছেন ইমরান খান। সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতাচ্যুত করা নিয়ে এমন আচরণ করার দায় তিনি এড়াতে পারেন না। তবে তার এমন আচরণের জন্য যে পাকিস্তানের গণতন্ত্রের অগণতান্ত্রিক অতীত সবচেয়ে বেশি দায়ী সে কথাও বলার অপেক্ষা রাখে না। দেশটিতে অতীতে অনেকবারই সরকারকে মেয়াদপূর্তির আগেই সরিয়ে দেয়ার নজির রয়েছে। এর জন্য নেয়া হয়েছে নানা পন্থা। ইমরান খান হয়তো সে কারণেই দোষারোপ করে গেছেন অনবরত।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন