Logo
Logo
×

অভিমত

বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতি, মরার জন্য কান্না? না কি সুড়ঙ্গের শেষপ্রান্তে আলোর রেখা?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৫৪ পিএম

বাংলাদেশ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিবৃতি, মরার জন্য কান্না? না কি সুড়ঙ্গের শেষপ্রান্তে আলোর রেখা?

বাংলায় একটি জনপ্রিয় গান রয়েছে 'চোর যায় চলে মন চুরি করে, পিছে লেগেছে দারোগা'। আবার একটা ভাবধারা বাগবিধি আছে 'রোগী মরিবার পরে ডাক্তার আসিল' বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের ফের সরব হওয়ায় মনে পড়লো এই গান আর বাগবিধি। কাছাকাছি এমন আরও অনেক গান, বাগবিধি ও প্রবাদ-প্রবচন রয়েছে। সে সব বলে বিষয়কে লম্বা করার মানে হয় না।

জাতীয় সংসদ 'নির্বাচন' হয়ে যাওয়ার পর  কান পাতলেই শোনা যায় সরকারি দলের আষ্ফালন আর অহমিকা। আষ্ফালনটা হচ্ছে কই বিএনপি নির্বাচন ঠেকাতে পারলো না? আর অহমিকা হচ্ছে শেখের বেটি নাকি দেখাইয়া দিছে কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়? এ বিষয়ে আলোচনার আগে একটু জেনে নিই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য কী বলেছে বাংলাদেশের সদ্যসমাপ্ত নির্বাচন নিয়ে।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি। নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় আমরা হতাশ।’

আর এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী হয়নি বলে অভিমত দিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ কথা বলেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘সব দল নির্বাচনে অংশ নেয়নি। সে কারণে বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না।’

অপরদিকে  জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সোমবার এক বিবৃতিতে বলেন, এই নির্বাচন সামনে রেখে বিগত মাসগুলোতে বিরোধী দলের হাজার হাজার নেতা–কর্মীকে নির্বিচার আটক বা ভয়ভীতি দেখানো হয়েছে। এ ধরনের কৌশলগুলো সত্যিকার অর্থে প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য সহায়ক নয়।

জাতিসংঘের মহাসচিবের দফতর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের ঘটনবলীর দিকে নজর আছে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য উন্মুখ ছিল বাংলাদেশের জনগণ। কেন না সেই ২০০৮ সাল থেকে বাংলাদেশে নির্বাচনের নামে বার বার প্রহসন ও তামাশা হয়েছে। মানুষকে ভোট দিতে দেয়া হয়নি বা মানুষই ভোট দিতে যায়নি বা যাওয়ার কোন কারণ খুঁজে পায়নি।

এবার বিএনপিসহ বিরোধীদলগুলো আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে এসেছিল। মানুষের স্বত:ষ্ফূর্ত অংশগ্রহণ ছিল বিএনপিসহ বিরোধীদলগুলোর কর্মসূচি মানেই হাজারো, ক্ষেত্রবিশেষে লাখো জনতার উপস্থিতি। ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে দেয় পুলিশ। এরপর বিএনপির আন্দোলনে ভাটা নেমে আসে। নির্বাচন কমিশনের যোগসাজশে বিএনপিকে বাদ দিয়েই নির্বাচনের পথ ধরে সরকার।

৭ জানুয়ারি দেশে নির্বাচনের নামে আবারো সাজানো ও পাতানো খেলা হয়েছে। আওয়ামী লীগের ক্ষমতা ধরে রাখার আইনি শক্তি তৈরি হয়েছে, তবে বরাবরের মতই নীতি আর নৈতিকতার মানদণ্ডে আওয়ামী লীগ যে অন্ধকূপে আটকে আছে তা থেকে আর বের হতে পারলো না। কিন্তু আওয়ামী লীগের দরকার ক্ষমতা, সে ক্ষমতার ধারাবাহিকতা শেখ হাসিনা ধরে রাখতে পারছেন, আওয়ামী লীগারদের জন্য এটাই আনন্দ, এখানে এসেই আটকে আছে তাদের চাহিদা আর প্রত্যাশা।

এমন অবস্থায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের এমন বিবৃতির কতটা মূল্য আছে? আদৌ কি কোন মূল্য আছে? দৃশ্যত: এর তেমন কোন মূল্য নেই, কেউ কেউ একে লোকদেখানোও বলতে পারেন। তবে এর নিকট ও সুদূরপ্রসারী প্রতিক্রিয়া অবশ্যই রয়েছে। যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে যে সরে আসেনি সেটাই প্রমাণিত হয়েছে এ বিবৃতিতে, তাই একে মরার জন্য কান্না বলার সুযোগ নেই। বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ রক্তাক্ত আর ক্ষতবিক্ষত করেছে, কিন্তু গণতন্ত্রের ব্যাপারে মানুষের মনে যে স্বপ্ন আর আকাঙ্ক্ষা তা শেষ করতে পারেনি।ফলে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বশেষ অবস্থান দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য সুড়ঙ্গের শেষপ্রান্তে আলোর রেখাও ধরা যায়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন