এটি এখন দিনের আলোর মতো পরিষ্কার যে, বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর অসহযোগ আন্দোলন ব্যাপকভাবে সফল হয়েছে। অসহযোগের মতো অহিংস ও গান্ধীবাদী আন্দোলন সফল হবে কি না এ নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু ৭ জানুয়ারি নাগরিকরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট বর্জন করেছে, তাতে স্পষ্ট হয়েছে বিএনপির ডাকে সাড়া দিয়ে তারা একতরফা, একদলীয় ও পাতানো নির্বাচনকে না করে দিয়েছে। দিনের প্রথমভাগে যে পরিমাণ ভোট পড়েছে তাতে অনেকেই মনে করছিলেন, সারাদিনে ৫ থেকে ৭%-এর বেশি ভোট পড়বে না। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি খুব কম ছিল। ভোট পড়ার হারও কম ছিল। অবস্থা বেগতিক দেখে বিকালের পর সরকার দলীয় কর্মীরা তৎপর হন। কেন্দ্রগুলোতে ভিড় করে তারা নানাভাবে ভোট বাক্স ভরতে শুরু করেন। তাদের এই তৎরপতার পরও ভোটের হার ১০%-এর ওপর যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু ভোটের দিন বিকালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এই হিসাব দেখানো হয়েছে ২৮%। সিইসি কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের সামনে একবার ২৮% শতাংশ বলে পরে ৪০% বলেছেন। এখন তারা ৪২%-এ এসে থেমেছেন। কোনো কোনো প্রার্থী রাতের বেলা ব্যালট ভরা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন। যদি সেটি নাও ঘটে, দিনের শেষভাগে ব্যাপক জালভোট পড়েছে এটি মিথ্যা নয়। সবকিছু বিবেচনায় নিলে, প্রকৃত ভোটের হার ১০%-এর ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ডিসটর্টেড ফল ঘোষণার পর এখন প্রকৃত হিসাব বের করা খুবই কঠিন। তবে, মোটামুটি ৮০-৯০% ভোটার ভোট বর্জন করেছেন এটা বললে ভুল বলা হবে না।
এটা বিএনপিসহ আন্দোলনরত দলগুলোর জন্য বড় অর্জন। এটাকে জনরায় ধরে নিয়ে বিএনপির নীতিনির্ধারকদের পরবর্তী কর্মসূচি নিতে হবে। অবশ্য নির্বাচনের আগেই বোঝা যাচ্ছিল, বিএনপির পক্ষে জনসমর্থনের জোয়ার উঠেছে। এখন এটা বাস্তবে দেখা গেল।
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি জনপ্রিয় হয়েছে। আওয়ামী লীগের দমন-পীড়ন ও জেল-জুলুমের পরও বিএনপি যে সহিংসতার দিকে যায়নি সেটি সাধারণ মানুষ পছন্দ করেছে। সরকার নানা অঘটন ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চাইলেও সাধারণ মানুষ এবার সরকারের বয়ান বিশ্বাস করেনি। এটা বিএনপির আরেকটি অর্জন। এ অর্জনও কম বড় নয়।
এগুলোর বাইরে রাজনৈতিক দল হিসেবে বিএনপি আরও অনেক কিছু এই নির্বাচনের মাধ্যমে অর্জন করেছে, যেগুলো এখন দলটিকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে।
নির্বাচনের আগে বিএনপি ভাঙ্গার জন্য বিএনপি থেকে বহিষ্কৃতদের নিয়ে তৃণমূল বিএনপি, বিএনএফ, বিএসপি নামে যে তিনটি দল গড়ে তোলা হয়েছিল সেগুলো শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এই দলগুলো প্রায় হাজার কোটি টাকার বাজেট নিয়ে নেমে, গোয়েন্দা সংস্থার সহযোগিতায় নরমে-গরমে বুঝিয়েও যে বিএনপির কোনো উল্লেখযোগ্য নেতাকে দলে ভেড়াতে পারেনি। এটি বিএনপির বড় সফলতা। এদের ব্যর্থতায় সরকার এত বেশি ক্ষিপ্ত হয়েছে যে, এই দলগুলোর কোনো নেতাকেই জিতিয়ে আনার দায় নিতে চায়নি। নির্বাচনের দিনই এই দলগুলো তাদের নেতাদের নিয়ে আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে। এটাও বিএনপির বড় সাফল্য। রাজনৈতিক দল হিসেবে বিএনপির ঐক্য ও সংহতি এতে আরও বেশি শক্তিশালী হলো। প্রমাণিত হলো, চরম বিপদের দিনেও বিএনপিকে ভাঙ্গা প্রায় অসম্ভব। এবং বিএনপি থেকে বেরিয়ে কেউ সুবিধা করতে পারে না।
অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের ব্যর্থতাও একটা বড় অর্জন। সুবিধাবাদী এসব নেতাদের চেহারা বিএনপি চিনতে পারলো। বহিষ্কৃত নেতা শওকত মাহমুদ সম্পর্কেও একই কথা খাটে। ফরহাদ মজহারের সঙ্গে মিলে শওকত মাহমুদ ইনসাফ কমিটি গঠন করে আলোচনার জন্ম দিয়েছিলেন। মুখে গণঅভ্যুত্থানের কথা বললেও শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে গিয়েছে ইনসাফ কমিটি। আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে কিছু সুবিধাবাদী, ডিগাবাজী-প্রবণ দল ও ব্যক্তি নিজেদের জড়িয়েছিলেন। উদাহরণ হিসেবে কাদের সিদ্দিকী, সৈয়দ মুহাম্মদ ইবরাহিম প্রমুখের কথা বলা যায়। এই ব্যক্তিরা এবার সরকারের প্রলোভনে পা দিয়ে বিএনপির কাছ থেকে দূরে সরে গিয়েছেন। এটা বিএনপির জন্য ভাল হয়েছে। এই ব্যক্তিরা সঙ্গে থাকার নাম করে বিএনপির ক্ষতি করছিল আসলে। ২০১৮ সালের নির্বাচনের পর অনেকের চেহারা স্পষ্ট হয়েছিল। এবারও অনেকের হলো। ২০১৮ সালের বিশ্বাসঘাতক মাহী বি চৌধুরী ও সুলতান মনসুরের করুণ পরিণতি এবার অনেককে ভাবিয়েছে। একথা এখন হলফ করে বলা যায়, একবার ব্যবহার করার পর আওয়ামী লীগ বিশ্বাসঘাতকদের ছুঁড়ে ফেলতে দেরি করে না। ফলে, সামনে এ প্রবণতা কমবে বলে ধারণা করা যায়। তবে এদের বিষয়ে সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে বিএনপিকে। সুবিধাবাদী ডিগবাজী-প্রবণদের থেকে দূরে থাকতে হবে। আর এটা করতে পারলে দলটি ভবিষ্যতে আরও ভাল করবে।
এবারের অভিজ্ঞতা জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম বিষয়ে বিএনপিকে সিদ্ধান্ত নিতেও সহায়তা করবে। নির্বাচনের আগে কেউ কেউ বলছিলেন, এই দল তিনটির সঙ্গে জোট করলে তারা আন্দোলনের মাঠে গতি আনতে পারবে। কিন্তু ইচ্ছা থাকার পরও জামায়াত মাঠে নামতে পারেনি। জামায়াতের শক্তি আগের মতো নেই। ইসলামী আন্দোলন যুগপৎ আন্দোলনে নিজেদের নাম জুড়তেই চায়নি। হেফাজতে ইসলামও শেষ পর্যন্ত নামেনি। এই জোটটির মধ্যে বিভাজন স্পষ্ট। হেফাজত রাজনৈতিক গুরুত্ব হারিয়েছে। ফলে, এটা স্পষ্ট হয়ে গিয়েছে বিএনপির সঙ্গে জোট করে নিজেদের শক্তি বাড়ানোই এই দলগুলোর লক্ষ্য। তারা আন্দোলনের ব্যাপারে উৎসাহী নয়। কিন্তু এদের সঙ্গে আন্দোলনে জড়ালে বিএনপির উদার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। মনে রাখতে হবে, বিএনপি অবশ্যই শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শের দল। উদার দল হলেও দলটির মধ্যে সুপ্ত মুসলিম উপাদান আছে। যা দলটিকে জনপ্রিয় করে তুলেছে। কিন্তু, এই দলটির কখনো ইসলামপন্থী পরিচয় গ্রহণ করা উচিত নয়। অন্য ধর্ম, মত ও জাতিগোষ্ঠীর প্রতি সহনশীল থাকার যে আদর্শ বিএনপি শুরু থকে ধারণ করে তা দলটিকে অব্যাহত রাখতে হবে। সেটি অবশ্যই বাংলাদেশী জাতীয়তাবাদ। সেক্ষেত্রে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে কৌশলগত ঐক্য হতে পারে, কিন্তু জোট কখনো নয়। ইসলামপন্থী পরিচয় থেকে একটা দূরত্ব অবশ্যই বিএনপিকে বজায় রাখতে হবে।
এবারের আন্দোলনে বিএনপির আরেকটি বড় সাফল্য, উদারপন্থী এমনকি বাম দলগুলো তার দাবির প্রতি সমর্থন জানিয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমনটি এভাবে কখনো ঘটেনি। উদারপন্থী রাজনৈতিক দলগুলোর জোট গণতন্ত্র মঞ্চ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে শুরু থেকে। ছাত্রদের আন্দোলন থেকে উঠে আসা গণঅধিকার পরিষদও বিএনপির আন্দোলনের সমান্তরালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলডিপিসহ বিভিন্ন দলগুলো আছে। এবার বামদলগুলো আওয়ামী লীগের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ছিন্ন করে নির্বাচনের বাইরে থেকেছে। এটা বড় ঘটনা।
পাশাপাশি, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, সাংবাদিক, শিক্ষক, শিল্পী-সাহিত্যিকদের একটি অংশ ইতিহাসে প্রথমবারের মতো বিএনপির দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তাদের কেউ কেউ এমনকি বিএনপির কর্মসূচিতে গিয়ে সংহতি জানিয়েছেন। নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন। বিএনপির ওপর জেল-জুলুম-হামলার প্রতিবাদ জানিয়েছেন। তারা নিজেদের দাবি-দাওয়ার সঙ্গে বিএনপির দাবি-দাওয়াকে আলাদা করেননি। বরং এক ধরনের ঐক্যের বাতাবরণ তৈরি করতেই উৎসাহী হয়েছেন। তারা যে বিএনপিকে সফল হতে দেখতে চান তাও প্রকাশ্যে বলেছেন। আওয়ামী লীগের বয়ানের বাইরে এসে এই ব্যক্তিরা সত্যিকার অর্থে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।
উদার, গণতান্ত্রিক ও সমন্বয়বাদী দল হিসেবে বিএনপি নতুন একটা সময়ের মুখোমুখি হয়েছে গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনের মধ্য দিয়ে। সমাজে একটা বৃহত্তর ঐক্য তৈরি হয়েছে।
এই ঐক্যের তাৎপর্য বিএনপিকে অনুভব করতে হবে। দ্রুত নিজেদের গুছিয়ে নিয়ে কর্মসূচিতে ফিরতে হবে। সরকার নতুনভাবে গুছিয়ে নেওয়ার আগেই মাঠের দখল নিতে হবে।
এবার যে ঐক্য ও সংহতি তৈরি হয়েছে তাকে স্তিমিত হতে না দিয়ে নতুন যোগাযোগ বাড়াতে হবে। চূড়ান্ত আন্দোলনে নেমে পড়ার জন্য দেরি করলে চলবে না।
নির্বাচনের পরদিন ৮ জানুয়ারি ভূয়া নির্বাচন পর্যবেক্ষকদের দিয়ে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রেস কনফারেন্স করিয়ে সরকার বোঝাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু দ্রুতই এই তিনটি দেশ জানিয়ে দিয়েছে তারা নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি। তাদের দেশের যে নাগরিকরা পর্যবেক্ষক হিসেবে এসেছেন তাদের মত নিজস্ব। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ৭ জানুয়ারির নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে বিবৃতি দিয়েছে। একই ধরনের বিবৃতি দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশনও। জাতিসংঘ প্রকৃত গণতন্ত্রের জন্য ব্যবস্থা নিতে বলেছে। পরিস্থিতি বলছে, বিএনপির সামনে শীঘ্রই বড় সুযোগ আসতে যাচ্ছে। এখন বিএনপির সময়।
