Logo
Logo
×

অভিমত

যুক্তরাষ্ট্র কি হেরে গেল?

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৪, ১২:৩২ এএম

যুক্তরাষ্ট্র কি হেরে গেল?

রোববারের একপেশে নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা উপহার দিচ্ছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

২০২৩ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দক্ষিণ এশিয়ায় অনেক কথা হয়েছে। সেখানে আপাতঅর্থে নির্বাচনটি হয়েছে মালদ্বীভিয়ান ডেমেক্রেট পার্টির ইব্রাহীম মোহাম্মদ সলিহ ও পিপলস ন্যাশনাল কংগ্রেসের মোহাম্মাদ মুইজ্জুর মধ্যে। কিন্তু প্রকৃতঅর্থে লড়াইটা হয়েছে চীন ও ভারতের মধ্যে। ইব্রাহীম মোহাম্মাদ সলিহ ছিলেন ভারত সমর্থিত প্রার্থী, মোহাম্মদ মুইজ্জু ছিলেন চীন সমর্থিত প্রার্থী। বিজয়ী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু প্রকাশ্যে ভারত-বিরোধী বক্তব্য দিয়েছেন এবং ক্ষমতায় এলে মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের সরিয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছেন। তিনি ক্ষমতাসীন হয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নও করেছেন। দ্বীপ দেশটিতে চীনের ভাল রকমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে তার জয়ের মাধ্যমে।

বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচনকে আপাতদৃষ্টিতে আওয়ামী লীগের ক্ষমতা নবায়নের আনুষ্ঠানিকতা মনে হলেও এ নির্বাচনও প্রকৃতপক্ষে পরাশক্তিগুলোর শক্তি প্রদর্শনের মহড়া ছিল। যুক্তরাষ্ট্র-কেন্দ্রিক একমেরু ব্যবস্থা থেকে বিশ্ব যে ধীরে ধীরে দ্বিমেরু ব্যবস্থার দিকে ঝুঁকছে, তারই একটা পরীক্ষা হয়ে গেল এই নির্বাচনের মধ্য দিয়ে। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপরীতে চীন ও রাশিয়া প্রত্যক্ষভাবে মাঠে নেমে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। আর তাদের এই প্রত্যক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্রের মিত্র বলে কথিত এবং সামরিক কৌশলগত জোট কোয়াড সদস্য ভারতও সমর্থন দিয়েছে চীন-রাশিয়াকে। বোঝা যাচ্ছে, চীনের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট নানা দ্বন্দ্ব থাকলেও চীন-রাশিয়ার মতো ভারতও চায় না দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্র পুরনো আধিপত্য ফিরে পাক। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রকে ঠেকিয়ে রেখে ভারত কীভাবে এ অঞ্চলে তার প্রধান শত্রু চীনকে মোকাবেলা করবে সেটি মিলিয়ন ডলার প্রশ্ন। দক্ষিণ এশিয়া কেন, শুধু বাংলাদেশেই বা ভারত কীভাবে চীনের স্বার্থের সঙ্গে সমন্বয় করবে সে প্রশ্নের উত্তর মেলে না। তবে, বাংলাদেশ বিষয়ে ভারতীয় নীতি-নির্ধারকদের অনেক আত্মবিশ্বাসী দেখা যায়। এ কথা সত্য, ওয়ান ইলেভেন সরকারের দুই বছর এবং আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বাংলাদেশের ভেতরে ভারত অনেক গভীর শিকড় গেড়েছে। বাংলাদেশের মিডিয়া, সিভিল সোসাইটি, বুদ্ধিজীবী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী ও নিরাপত্তা বাহিনীসহ সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে নিজেদের লোকদের শক্তিশালী করেছে। এ কারণে হয়তো ভারত মনে করে, চীন শেষ পর্যন্ত বাংলাদেশে তার কায়েমী স্বার্থের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারবে না। এ বিষয়ে আওয়ামী লীগ সরকার ভারতকে আশ্বস্ত করতে পেরেছে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই।

বলাবাহুল্য, দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে ভারতের একই ধরনের ভুল আত্মবিশ্বাসের কারণে এ অঞ্চলে দেশটির প্রভাব শুধু কমছেই। আর ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাবও কমছে। কিন্তু, যুক্তরাষ্ট্র এখনও নানা কারণে ভারত বিষয়ে মোহাবিষ্ট। ভারতের বিশ্লেষক ও নীতিপ্রণেতারা এখনও যুক্তরাষ্ট্রকে বিভ্রান্ত করতে পারছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নানাভাবে বলার চেষ্টা করা হলেও বাস্তবে আমরা দেখতে পাচ্ছি, চীন-রাশিয়ার প্রত্যক্ষ চ্যালেঞ্জ এবং দক্ষিণ এশিয়ায় দেশটির ক্রমহ্রাসমান প্রভাব সত্ত্বেও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের অনেকে ভারতের সুরে ভাবছেন।

এসব সত্ত্বেও মনে হয়েছিল, দক্ষিণ এশিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের আলাদা মূল্যায়ন তৈরি হয়েছে। এ অঞ্চলে চীনকে মোকাবেলা করার ক্ষেত্রে ভারতের ধারাবাহিক ব্যর্থতা মাথায় রেখে তারা হয়তো ভিন্ন অবস্থান নেবে। বার্মা যুদ্ধের প্রেক্ষাপটে সেই অবস্থানের প্রভাব আমরা হয়তো বাংলাদেশের নির্বাচনের আগেই দেখতে পাবো।

যুক্তরাষ্ট্র কোনো অর্থপূর্ণ পদক্ষেপ নিলে তাতে বাংলাদেশের সাধারণ মানুষ অকুণ্ঠ সমর্থন দিতো। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র যেমন চীনকে মোকাবেলা দক্ষিণ এশিয়ায় নতুন মিত্র পেত, তেমনি বাংলাদেশ একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পেত। কিন্তু নির্বাচনের আগে তা হতে পারলো না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামনে ভারত বড় ধরনের বিভ্রান্তি তৈরি করতে পেরেছে।

বাংলাদেশের দ্বাদশ সাধারণ নির্বাচন ছিল প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র বনাম চীন-রাশিয়ার আধিপত্য বিস্তারের লড়াই। এ লড়াইয়ে যুক্তরাষ্ট্র পিছু হটেছে, আপাতঅর্থে পরাজিত হয়েছে বলা যায়। পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র এতটা অকার্যকর হবে, এটা কেউ প্রত্যাশা করেননি। ফলে, অনেকেই বলেছেন, এই নির্বাচন হবে না।

কিন্তু নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র কেন পদক্ষেপ নেয়নি তা নিয়ে ভিন্নমতও আছে। তারা মনে করেন, যুক্তরাষ্ট্র নির্বাচন বানচাল বা নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির দায় নিতে চায়নি। তারা দেখতে চেয়েছে, সরকার কীভাবে নির্বাচন করে, চীন-রাশিয়া কতটুকু এগিয়ে আসে। ভারত কোন ভূমিকা নেয়। নানা কারণে মুসলিম সংখ্যাগরিষ্ট বাংলাদেশ স্পর্শকাতর দেশ হিসেবে পরিচিত। ফলে, যুক্তরাষ্ট্র সাবধানে পা ফেলতে চেয়েছে। তাছাড়া, এ অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্র যা করতে চায় তাতে খুব বেশি দেরি হয়ে যায়নি। ফলে, নির্বাচনের পর সরকার গঠনের আগে-পরে ব্যবস্থা আসবে বলে তারা আগে থেকেই ধারণা দিয়ে আসছিলেন। যদি তেমনটি ঘটে তবে চতুর্থ মেয়াদে গঠিত আওয়ামী লীগ সরকারের অভিজ্ঞতা সুখকর হবে না।

প্রথমত, যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রীতি, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থা বাধাগ্রস্ত করার জন্য ভিসানীতি প্রয়োগের যে কথা বলে এসেছে তার প্রয়োগ শুরু না হওয়ার কোনো যুক্তি নেই। অনেকে ধারণা করেন, এরই মধ্যে সরকারের সঙ্গে জড়িত অনেকে ভিসা নিষেধাজ্ঞা পেয়েছেন। নির্বাচনের পর সংখ্যাটি আরও বেড়ে যাবে।

দ্বিতীয়ত, সারা বিশ্বে শ্রমিক অধিকার নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন যে স্মারকে স্বাক্ষর করেছেন সেটিও বাংলাদেশে প্রযুক্ত না হওয়ার কোনো যুক্তি নেই। কেননা, সাম্প্রতিক সময়ে এখানে শ্রমিক আন্দোলনে সরকার দমন-পীড়ন চালিয়েছে। অনেকে আহত ও কয়েকজন নিহত হয়েছেন।

তৃতীয়ত, গুরুতর মানবাধিকার সংঘনের অপরাধে পদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে টার্গেটেড স্যাংশন আসবে বলেও অনেকে ধারণা করেন।

এই তিন ধরনের পদক্ষেপ সম্পর্কে অনেকে এত নিশ্চিত যে, তারা মনে করেন সরকার ইতিমধ্যে এই ব্যবস্থাগুলো সম্পর্কে অবহিত অথবা এমন পদক্ষেপ আসবে সেটি নিশ্চিতভাবেই আঁচ করতে পেরেছে।

এ কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী সভাগুলোতে নির্বাচন বানচালের অভিযোগ বিরামহীনভাবে তুলেছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি কথা বলেছেন। তার মন্ত্রী ও দলের পদস্থ ব্যক্তিরাও কথা বলেছেন। রাশিয়ার পররাষ্ট্র দফতরের মুখপাত্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ও এ কারণে জনবিক্ষোভের ইঙ্গিত দিয়েছে। নির্বাচনের আগে-পরে চীন-রাশিয়া-ভারত বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া একটি পাতানো নির্বাচনের ঠিক আগে চীনের রাষ্ট্রদূত বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। পাশাপাশি ভারতের বিশ্লেষক ও সাংবাদিকরা বিভ্রান্তি ছড়িয়েই চলেছেন।

ফলে, নির্বাচনের আগে পদক্ষেপ না এলেও নির্বাচনের পরে যে শক্ত পদক্ষেপ আসবে তাতে বিশেষ সন্দেহ নেই।

কৌশলগত কারণেই যুক্তরাষ্ট্রকে সক্রিয় হতেই হবে। বাংলাদেশের জনমত পক্ষে থাকতে থাকতেই যদি পদক্ষেপ নিতে হয়, তবে এটাই ভাল সময়। একথা স্বীকার করতেই হবে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সফট পাওয়ারের কার্যকারিতা আগের চেয়ে এখন অনেক কমে গেছে। ভারত এখানে প্রভাবক ভূমিকা নিয়েছে। ফলে, বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের আত্মবিশ্বাস অনেক কম। কিন্তু চীন-রাশিয়া যেভাবে প্রকাশ্যে মাঠে নেমেছে তাতে যুক্তরাষ্ট্রের চুপ থাকার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ভাল করেই জানে, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য এই দুই পরাশক্তি যথেষ্ট সক্রিয় থাকবে। ভারতও নগদ লাভের আশায় তাদের পাশে থাকবে। ফলে, আজ হোক বা কাল তাদের প্রকাশ্যে মাঠে নামতেই হবে।

আর সেটা ঘটলে বিজয়ী আওয়ামী লীগের জন্য খুব সুখের কারণ হবে না। অর্থনৈতিক সংকটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সামাল দেওয়া সরকারের জন্য কঠিন হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন