Logo
Logo
×

অভিমত

জিতেছে জনতা হেরেছে নৌকা

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:২৪ এএম

জিতেছে জনতা হেরেছে নৌকা

কোনো কোনো কেন্দ্রে সারাদিন ভোটারের দেখা মিলেনি

শেষ হলো ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’। নির্বাচন বর্জণ করে বিএনপি এ নির্বাচন ভোট না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল। জনগণকে ভোট না দেয়ার অনুরোধ জানিয়ে লিফলেট বিতরণ করেছে দলটি। অক্টোবরের মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেয়ার পর বিএনপি আর শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রথম এক মাস বিক্ষিপ্ত মিছিলেই ছিল তাদের আনুষ্ঠানিক উপস্থিতি। এরপর ধীরে ধীরে রাজপথে কিছু কর্মসূচি পালন করতে শুরু করে। এরিমধ্যে ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে বিএনপিকে আরও ব্যাকফুটে পাঠায় নির্বাচন কমিশন। হতবিহ্বল হলেও হতোদ্যম হয়নি বিএনপি। তাদের নির্বাচনে আসার মত কোন পরিবেশই রাখেনি সরকার। বিএনপির সামনে একটিই মাত্র রাস্তা খোলা ছিল তা হচ্ছে আরেকটি সাজানো ও পাতানো নির্বাচন প্রতিহত করা। তবে এবার বিএনপি নির্বাচন প্রতিহত করার ঘোষণা না দিয়ে জনগণের প্রতি আহ্বান জানায় ভোট না দেয়ার জন্য।

কেউই ধারণা করেনি যে, ভোট বর্জনের আহ্বানে জনগণ এমনভাবে সাড়া দেবে। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশকে ভয় আর আতংকের জনপদে পরিণত করেছিল আওয়ামী লীগ। সারাদেশে আওয়ামী ক্যাডাররা এমন একটি আবহ সৃষ্টি করেছিল যে, ভোট না দিতে গেলে এবার খবর আছে! আর প্রশাসনও ভোটারদের কেন্দ্রে নিতে নানাভাবে চেষ্টা চালায়। কৃত্রিম প্রতিযোগিতা, কোথাও কোথাও টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও ছিল। সবারই ধারণা ছিল অন্তত: ৫০ শতাংশ ভোট পড়বে। কিন্তু তা হয়নি। রোববার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার হুট করে বলে দেন সারাদেশে শতকরা ৪০ ভাগ ভোট পড়েছে। অথচ ভোট শেষ হওয়ার ঘন্টাখানেক আগে ইসি জানিয়েছিল ২৭ শতাংশ ভোট পড়েছে। তবে রোববার সারাদেশে কেন্দ্রগুলোতে ভোটারদের যে উপস্থিতি দেখা গেছে তাতে সর্বোচ্চ ১০ শতাংশ ভোট পড়তে পারে বলেই সবার ধারণা।

আওয়ামী লীগের বহুল প্রচারিত একটি নির্বাচনী গান হচ্ছে ‘জিতবে এবার নৌকা’। সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে বটে, কিন্তু সিংহভাগ জনগণ ভোট না দিয়ে বা নির্বাচন প্রত্যাখ্যান করে নৌকার নৈতিক ভরাডুবিই ঘটিয়েছে। সার্বিক বিচারে ৭ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে বলা যায়, ক্ষমতায় আসলেও হেরেছে নৌকা আর জিতে গেছে জনতা।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন