Logo
Logo
×

অভিমত

জনগণই ভোট বর্জন করল

Icon

আমিরুল ইসলাম কাগজী

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ১১:১৯ এএম

জনগণই ভোট বর্জন করল

ভোটার শূন্য এক কেন্দ্র

পার্বত্য জেলা খাগড়াছড়ির একটি কেন্দ্রের নাম পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়। ভোটার সংখ্যা ৩০৭৫। আওয়ামী লীগ প্রার্থী খুঁজেন্দ্র লাল চাকমা নৌকা প্রতীকে তিন ভোট পড়েছে। আর কেউ ভোট দিতে আসিনি। প্রিজাইডিং অফিসার রাজিব চাকমা স্বাক্ষরিত এই টেপুলেশন শীট এখন আমার হাতে। তবে দৈনিক মানবজমিন পত্রিকা থেকে জানা গেল খাগড়াছড়িতে মোট ১৯ কেন্দ্র ছিল ভোট শূন্য। কুড়িগ্রামের একটি কেন্দ্রে ভেড়ার পাল চরে বেড়াচ্ছে। যশোরের কেশবপুর উপজেলার একটি কেন্দ্রে হনুমানের আগমন ঘটেছে। তারা অবশ্য ভোট দিতে পারেনি। কুকুর বিড়াল ছাগলছানা সেটা একেবারেই পুরাতন খবর। ঢাকা শহরের যে সমস্ত কেন্দ্র থেকে আমাদের রিপোর্টার ভাইয়েরা খবর আনছিলেন সেখানে দুপুর দুইটা পর্যন্ত ভোট কাস্টিং এর হার কোন অবস্থাতেই পাঁচ থেকে সাত এর উপরে নয়। ভোটগ্রহণের শেষ সময় বিকেল চারটা। শেষ দুই ঘন্টায় আর কত শতাংশ ভোট পড়তে পারে? তিন চার কিংবা পাঁচ শতাংশই না হয়ে বাড়ল। সেটা কি সিইসি হাবিবুল আউয়ালের ৪০ শতাংশের ধারে কাছে যায়? আমার গিন্নি ঢাকার একটি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তিনি দুটি বুথের হিসাব দিলেন। ভোটার সংখ্যা এক হাজার, কাস্টিং হয়েছে ১৭৯। অর্থাৎ ১৮ শতাংশ। আমার নিজের নির্বাচনী এলাকা খুলনা-৬(পাইকগাছা- কয়রা)। ভোটার সংখ্যা চার লাখ পাঁচ হাজার। নৌকা প্রতীক ৬৫ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম ডামি প্রার্থী পেয়েছেন ২৮ হাজার। এই হিসাবে কোন অবস্থাতেই ২০ শতাংশের উপরে যায়? প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল এই ৪০ শতাংশ ভোটের তথ্য কোথায় পেলেন? 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আসনে প্রিজাইডিং অফিসার কিভাবে নৌকায় সিল মারছেন তার একটা ভিডিও ভাইরাল হয়েছে। এমন সিল মারার কাহিনী তো কমবেশি প্রত্যেকটা আসনেই হয়েছে। চ্যালেঞ্জ করতে যাইনি। সকাল ১০ টায় কোন একটা টিভি চ্যানেলে শুনছিলাম গাইবান্ধার একটি কেন্দ্রে ৬০০ ভোট পড়েছে। রিপোর্টার যখন এই কথাগুলো বলছিলেন তখন তার পেছনে কেন্দ্রের দৃশ্য চোখে পড়ল। একজন বৃদ্ধ তার সম্ভবত নাতিকে সঙ্গে করে নিয়ে ভোট দিয়ে বের হলেন, আর কোন প্রাণীর সন্ধান মিলল না। তথ্যটা দিলেন সেখানকার প্রিজাইডিং অফিসার। এটা পুরোপুরি সন্দেহজনক তার কারণ গাইবান্ধার মত শীতপ্রবন জায়গায় অত সকালে এত লোকের উপস্থিতি বিস্ময়কর। তারপর ছয়শ লোক ভোট দিতে গেলে একটা জটলা চোখে পড়ার কথা তেমনটি মনে হয়নি।
ঢাকা শহরের বেশিরভাগ কেন্দ্র থেকে যে সমস্ত সচিত্র প্রতিবেদন দেখা গেছে তার মধ্যে অন্যতম ছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের জটলা পাকিয়ে গল্প গুজব করা। ভেতরে ভোটার নেই, পোলিং অফিসাররা ঘুমাচ্ছেন।

এখানে ব্রিটিশ পর্যবেক্ষক জেজ কৌলসনের কথা না বললেই নয় । তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির বাগানে বসে অন্য রিপোর্টারদের সঙ্গে আলাপকালে বলেন, ''জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছি। সারাদিন রাজধানী ঢাকার ৮টি ভোট কেন্দ্র ঘুরে দেখেছি। প্রচুর মানুষ। কেন্দ্রের চারপাশে তরুণ-যুবকদের বেপরোয়া চলাফেরা। অনেক যায়গায় তারা আমাকে পেয়ে ঘিরে ধরেছেন। আমি তাদের কাছে জানতে চেয়েছি, তোমরা ভোটার কি না? তোমাদের হাতে ভোটার শনাক্তকরণ চিহ্ন কই? তারা আমাকে সে চিহ্ন দেখাতে পারেনি। অনেক লোক কিন্তু খুব কমই তাদের মধ্যে ভোটার।জীবনের প্রথম এখানে অনেক শিশুদের ভোট দিতে দেখেছি। এটা খুবই কৌতুহলের বিষয়। ‘আই ফাউন্ড হিয়া’র লং লাইন বাট মিনিমাম ভোটার্স। আই থিংক দিস মে অন পার্টি ইলেকশন। নো অপজিশন। আই ডাজন’ট ফাউন্ড এনি কম্পিটিশন হিয়া’র। বাট দ্য রুলিং পার্টি লিডার্স, সাপোর্টার্স ওয়্যার ভেরি একটিভ।"

শিশুদের ভোট দেওয়ার পাশাপাশি এবারের নির্বাচনে আরেকটি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেছে। ২০১৪ সালে বিনা ভোটে ১৫৪ জন এমপি হয়ে গেছিলেন, ২০১৮ সালে দিনের ভোট আগের রাতে হয়ে গিয়েছিল আর এবার ব্যালট পেপারে নৌকা মার্কায় সিল মারা অবস্থায় পাওয়া গেছে। এটা একটি নতুন সংযোজন।

এবার আসি হাবিবুল আউয়াল প্রসঙ্গে। তিনি সকাল ৯ টায় যখন ভোট দিয়ে বের হলেন তখন সাংবাদিকদের বললেন, এখানে তো আওয়ামী লীগের এজেন্ট ছাড়া কাউকে দেখছি না। বাইরে ফাঁকা। এমন একটা চিত্র দেখার পরও তিনি বিকেল বেলা কীভাবে ৪০ শতাংশ ভোট কাস্ট হওয়ার কথা উচ্চারণ করলেন? তবে এই শতকরা হওয়ার নিয়ম রয়েছে বিতর্ক। তার উপস্থিতিতে নির্বাচন কমিশনের সচিব আলমগীর হোসেন বললেন, ভোট কাস্টিং এর হার ২৮ শতাংশ। সেটা কিভাবে ৪০ শতাংশে পৌছলো?

তিনি কাকে প্রভাবিত করতে চাইলেন? তিনি কাকে তুষ্ট করতে চাইলেন? যা করলেন তা কি কেবলই চাকরি বাঁচানোর জন্য?তাকে তো জনতার আদালতে জবাবদিহি করতেই হবে। কেবল তার কারণেই ভোটের খেলা মাঠে গড়িয়েছে। তিনি দল কেন না হয় বাস্তব অবস্থার নিরিখে সিদ্ধান্ত দিলে এমন বিপর্যয় প্রত্যক্ষ করতে হতো না। তার কথাও এখন আর কেউ বিশ্বাস করতে চায় না। যে কারণে তার ৪০ শতাংশের হিসাব হাওয়ায় উড়ে গেছে।

 সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সারা দেশের ভোটের চিত্র সচেতন প্রত্যেকটা মানুষ দেখেছে। বিদেশি পর্যবেক্ষক টিম এখানে উপস্থিত ছিল। ওআইসি রাশিয়া ফিলিস্তিন এবং উগান্ডার পর্যবেক্ষকদের দিয়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা বলিয়ে নিয়েছেন। তাদের ভালো ভালো খাওয়া দাওয়া দিয়েছেন ভালো জায়গায় থাকতে দিয়েছেন তারা একটু ভালো কথা বলবে। তাছাড়া রাশিয়া মুখিয়ে আছে ২০১৮ সালের মত ফল ঘোষণার সাথে সাথে আওয়ামী লীগকে স্বীকৃতি দেওয়ার জন্য। তাদের কথা বাদই দিলাম।

কিন্তু পশ্চিমা বিশ্বের কোন পর্যবেক্ষক টিম এখনো কোন মতামত দেয়নি। তারা হাওয়ার ওপর দাঁড়িয়ে কোন রিপোর্ট দেবে না বরং তারা দেবে গোয়েন্দা রিপোর্ট। তাদের রিপোর্ট প্রকাশের পরে হাবিবুল আউয়াল চেহারাটা দেখাতে পারবেন তো?

এবারের এই তামাশার নির্বাচন জনগণ বর্জন করেছে। এমন শান্তিপূর্ণ পরিবেশ যেখানে বিএনপিসহ বিরোধী দলের কোন বাধা-বিপত্তি ছিল না। তাহলে জনগণ কেন ভোট দিতে গেল না। আওয়ামী লীগ দাবি করে থাকে তাদের ৩৭ শতাংশ ভোটার রয়েছে। তারা কেন উপস্থিত হলো না? তাহলে ধরে নিতেই হবে আওয়ামী লীগের একটি অংশ এই ভোটকে পছন্দ করে নাই যেখানে জনগণের অংশগ্রহণ নেই। বিএনপি শুধুমাত্র প্রচার পত্র বিলি করে জনগণের কাছে আবেদন রেখেছে ভোট বর্জনের জন্য। তাতেই অভূতপূর্ব সাড়া দিয়েছে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এটাই বিএনপি'র বড় সাফল্য। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি আজকে রাস্তায় বের হয়ে দেখতো রিক্সা চালকরাও মিছিল করে বলছে এই সরকার ভোট চোর এই সরকারকে ভোট দেওয়া যায় না। রিক্সা চালকদের এই অনুভূতির মূল্য কি সরকার বুঝতে পারছে?
ভোট একটি উৎসব । নারী-পুরুষ ,তরুণ তরুণী, যুবক-যুবতী, কৃষক, শ্রমিক, রিক্সাচালক সবাই আনন্দ উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে যাবে এটাই তো স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কেবলমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের সেই মূল্যবোধকে গলা টিপে হত্যা করেছে। ৭ জানুয়ারি তামাশার ভোট আয়োজন করার মধ্য দিয়ে একদিকে যেমন রাষ্ট্রীয় কোষাগার থেকে ২ হাজার কোটি টাকা জলাঞ্জলি দেয়া হলো অন্যদিকে জনগণের গণতান্ত্রিক অধিকারের কবর রচনা করা হলো। পচাত্তর বছরের একটি প্রাচীন রাজনৈতিক দল যার দীর্ঘ ইতিহাস রয়েছে আন্দোলন সংগ্রামের সেই দলটি এই নির্বাচনের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে পারে নাই বরং তাদের ভয়াবহ পরাজয় ঘটেছে। অপর পক্ষে বিএনপিসহ সমমনা রাজনৈতিক বিরোধী দল যারা জনগণকে বুঝাতে সক্ষম হয়েছে তাদের নতুন জীবনের সূচনা হল আজ থেকে। এটাই বিএনপি নেতৃত্বের সাফল্যগাথা।

সবশেষে বলছি,তামাশার ভোট 'শেষ হইয়াও হইল না'। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ভোট রঙ্গ নিয়ে আলোচনা চলতেই থাকবে। পৃথিবীর ইতিহাসে এই ভোট কাহিনী রঙ তামাশার উদাহরণ হিসেবে আলোচিত হবে। যেমন আমি বনাম আমি, আমি বনাম ডামি। নৌকা বনাম আওয়ামী লীগ, নৌকা বনাম আওয়ামী লীগ, নৌকা বনাম আওয়ামী লীগ--------

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন