Logo
Logo
×

অভিমত

মৃত স্বজনদের দেখতে ভোট কেন্দ্রে জড়ো হবে বুধিরা 

Icon

মেসবাহ শিমুল

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৭ পিএম

মৃত স্বজনদের দেখতে ভোট কেন্দ্রে জড়ো হবে বুধিরা 

‘আজ ভোট, বাঙলার ঘরে ঘরে আনন্দ। চারিদিকে শিশুদের কলরব, কিশোর-যুবাদের উন্মাতাল উন্মাদনা। আনন্দ নহরে ভেসেছে বৃদ্ধ-নারীরাও। গ্রামে-গঞ্জে কোটি কোটি মানুষের বাঁধভাঙা উল্লাসে প্রকম্পিত চারিদিক। পাড়া-মহল্লায় অবিরত আনন্দ শোভাযাত্রা। রাণীর রাজ্যে কোনো বিবাদ নেই। প্রজাদের এমন আনন্দ-উল্লাসের ক্ষণ যেন আর কখনো আসেনি। পৃথিবী সৃষ্টির পর থেকে ভোট নিয়ে এমন উৎসাহ-উদ্দীপণা আর কোনো ভূ-খন্ডে দেখা যায়নি। প্রতিটি ভোট কেন্দ্র যেন একেকটি মিলন মেলা। এই মিলন মেলা অসম্ভবকে সম্ভব করেছে। হারিয়ে যাওয়া ভাই, মরে যাওয়া স্বামী কিংবা বাবা-মাকে হাজির করেছে। রাণীর স্বর্ণযুগকে প্রলম্বিত করে সুখ-সমৃদ্ধির সোপান গড়েছে। তাইতো এদেশের অসংখ্য মানুষ অধীর আগ্রহে বিগত পাঁচটি বছর অপেক্ষা করেছে। ফের কবে আসবে ভোট। ফের কবে কবর থেকে উঠে ভোট কেন্দ্রে আসবে তাদের স্বজন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। হারানো স্বজনকে একটু কাছে পেতে, তার সঙ্গে একটা সেলফি তুলতে কিংবা তাকে জড়িয়ে ধরে তার ভালোমন্দ খোঁজখবর নেবার সেই উত্তেজনায় যেন সময় গড়াচ্ছে না। 

দুর্গাপুর গ্রামের বুধি খালা। স্বামী গত হয়েছে তার বেশ ক’ বছর হলো। সন্তানরা তেমন খোঁজ খবর নেয় না। ভাইয়ের সংসারে কষ্টেশিষ্টে কোনো মতে কাঁটছে জীবন। ২০১৮ সালে বাড়ির পাশের ভোট কেন্দ্রে গিয়েছিলেন ভোট দিতে। গিয়ে জানতে পারেন তার ভোট দেওয়া হয়ে গেছে। অবাক হলেন কিছুটা। তিনি কেন্দ্রে আসলেন কেবলই এর মধ্যে কে তার ভোট দিলো? কর্কশ কণ্ঠে জানতে চাইলেন, কে দিলো আমার ভোট? পুুলিং অফিসার তালিকা দেখিয়ে বললেন, এই দেখেন খালা আপনার ৬০৮ নম্বরটি ক্রস চিহ্ন দেওয়া। তার মানে ভোট দেওয়া শেষ। 

খালা নীরব। বুদ্ধি খাটিয়ে বললেন, দেখেন তো পেলকি মিয়ার নামটা কই? পুলিং অফিসার মেয়েটা খুঁজে বের করলেন সেটি। খালা, তিনিও ভোট দিয়ে গেছেন। এই যে দেখেন তার ৪৬৯ নম্বরেও ক্রস চিহ্ন। এবার আর দাঁড়িয়ে থাকতে পারলেন না বুধি। পড়ে গেলেন কক্ষের মেঝেতে। লোকজন ধরাধরি করে তাকে বাইরে নিয়ে এলো। মাথায় তেল পানি দেওয়ার পর মুখ খুললেন তিনি। কখন আইলো হেই বেডা? আমার লগে দেহা দিলো না কেন? বলা নাই কওয়া নাই সেই যে একদিন ঠাস কইরা মইরা গেলো তারপর কেমনে চলতেছি আমি তার কি কোনো খোঁজ নিছে? বেডায় আইছে ভোট দিতো? আমার চাইতে তার কাছে ভোটই বেশি জরুলি? পোলাপাইনে ভাত দেয় না। হে খবর কি তার কাছে নাই? বুধির চিৎকার আর বুকফাটা আর্তনাদে এতোক্ষণে বাইরের পরিস্থিতি বেশ গরম হয়ে উঠেছে। আরো অনেকে এসেছেন যাদের কারো মৃত বাবা, কারো মা কিংবা ভাই বোন এসে ইতোমধ্যে ভোট দিয়ে গেছেন। বুধির চিৎকারে এসব লোকের চোখেও পানি। পেয়েও না পাওয়ার দু:খ, আক্ষেপ। 
আজ ভোট। ভোর না হতেই তাই কেন্দ্রে আশেপাশে এমন স্বজন-প্রিয়জনদের ভীড়। দেশের প্রতিটি ভোট কেন্দ্রকে ঘিরে মিলন মেলা সৃষ্টি হবে। এবার আর পেলকি সাবকে চুপি চুপি ভোট দিয়ে কেটে পড়তে দেবে না বুধি বেগম। যে করেই হোক কেন্দ্রে আসামাত্রই তাকে পাকড়াও করতে চান বুধি। 

কেবল বুধিই নন। তার মতো আরো যারা এমন অল্পের জন্য গত দুটি নির্বাচনেই তাদের প্রিয়জনদের সাক্ষাত পাননি তাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যদিও এরই মধ্যে গুঘ্জন উঠেছে রাণী সাহেবা নাকি ঘোষণা করেছে এবারও ভোট হবে, মৃতদের অনেকেই আসবে কিন্তু তারা তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে পারবে না। এমন ঘোষণাকে অমানবিক, অবৈধ ও সংবিধান পরিপন্থী আখ্যা দিয়ে তাই ভোট বর্জন করেছে দেশের বেশিরভাগ বিরোধী দল। তাদের এমন সিদ্ধান্তে বিদেশিদেরও সায় রয়েছে। তারা এমন একপেশে ভোট বর্জনের ডাক দিয়েছে। ভোট কেন্দ্রে না যেতে মানুষের মধ্যে চালানো হচ্ছে প্রচারণা। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন কবর স্থানে গিয়েও মৃতদের কাছে ভোট বর্জনের আহ্বান জানানো হচ্ছে। 

যেহেতু বিগত দুটি নির্বাচনেই বিপুল সংখ্যক মৃত মানুষ কেন্দ্রে এসে ভোট দিয়েছেন তাই তাদেরকেও ভোটদান থেকে নিবৃত রাখতে ভোট বিরোধীদের এই কর্মসূচী অবশ্যই যৌক্তিক। কিন্তু আমি ভাবছি, এইসব আন্দোলনকারীদের আহ্বানে সাড়া দিয়ে যদি সত্যিই মৃতদের কেউ ভোট কেন্দ্রে না আসেন তাহলে অপেক্ষায় থাকা এইসব বুধিদের কি হবে? স্বজনদের এক নজর দেখতে তাদের যে ব্যাকুলতা তার অবসান হবে কি করে? 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন