ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান চৌধুরী টেলিফোনে থানার ওসি তোফায়েল আহমেদকে বলেছেন,'আমার কোনো লোকের ওপর যদি হাত দেয়, তাহলে হাত কেটে ফেলব কিন্তু, বলে দিলাম।’এমপি এবং ওসির মধ্যকার ৩ মিনিট ৪৩ সেকেন্ডের এই টেলিফোন সংলাপ ভাইরাল হয়ে গেছে বলে পত্রিকায় খবর বেরিয়েছে।
খবরটি ভাইরাল হওয়ার অনেক কারণ রয়েছে। এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী মিছিলে প্রকাশ্যে পিস্তল হাতে নিয়ে স্লোগান দেওয়ার ছবি আগেই আলোচনায় চলে এসেছে। এরপর যাকে ধরাকে কেন্দ্র করে ওসিকে তিনি হুমকি দিচ্ছিলেন সে আর কেউ নন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে যিনি হত্যার হুমকি দিয়েছিলেন সেই চেয়ারম্যান মজিবুল হক চৌধুরী। একেবারে সোনায় সোহাগা। কে কার চেয়ে বড় সন্ত্রাসী সেটা নিয়ে না হয় অন্যদিন আলোচনা করা যাবে। কিন্তু আজকে যে কারণে এই ঘটনার এত গুরুত্ব সেটাই তুলে ধরার চেষ্টা করব এই লেখায়।
আপনারা অনেকেই জানেন আদালতের ঘাড়ে বন্দুক রেখে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বিধান সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা সবাই জানেন একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাতেই এই সংশোধনী আনা হয়েছে। তার অধীনেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সবাইকে অংশগ্রহণ করতে হবে এদেশে বসবাস করতে গেলে কিংবা রাজনীতি করতে গেলে-এটাই তার বিধান। সেই পঞ্চদশ সংশোধনীর মূল প্রতিপাদ্য হচ্ছে সরকার অটুট থাকবেন এবং ৩০০ আসনের একটি আস্ত সংসদ বিদ্যমান থাকবে। মন্ত্রীদের গাড়ির পাহারায় থাকবে সিপাহী-বরকন্দাজ। এলাকায় তার ভাব-সব থাকবে আলাদা। প্রতিপক্ষ সে তো কোন ছার! এমপিদের দাপট কি কম যায়? মুস্তাফিজুর রহমান চৌধুরী তার স্বাক্ষর রেখেছেন এই ৩ মিনিট ৪৩ সেকেন্ডের টেলিফোন সংলাপে। মুস্তাফিজুর রহমান একটু আলোচিত বিতর্কিত এই কারণে তার টেলিফোন সংলাপটি ভাইরাল হয়ে গেছে মুহূর্তে। অন্য সংসদ সদস্যরা যে একই দাপট দেখাচ্ছেন না তা কি কেউ হলফ করে বলতে পারেন? সংসদ সদস্য হিসেবে এলাকায় যখন একজন প্রার্থী মিছিল মিটিং সভার সমাবেশ গণসংযোগ করবেন তখন তার সমর্থকদের গায়ে যাতে কেউ একটা ফুলের টোকাও দিতে না পারে সেটা পাহারা দেওয়ার জন্য পুলিশ সদা ব্যস্ত থাকেন। আর প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকরা যদি গণসংযোগে গিয়ে পান থেকে চুন খুশার মত অপরাধ করে বসেন তাহলে পুলিশ তার হাতে হাত করা পরিয়ে ধেই ধেই করে টানতে টানতে থানায় নিয়ে চলে যান। এটাই বর্তমান সংবিধানের বিধান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দম্ভ ভরে বলেন, "তিনি নির্বাচন কমিশন আইন প্রণয়ন করেছেন যার মাধ্যমে কমিশন স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে থাকে।"এই উক্তিটি বাংলাদেশের জন্য সেরা কৌতুক বলে সবাই মনে করে। কারণ বাংলাদেশে নির্বাচন নির্বাচন কমিশন করে না নির্বাচন করে সরকার। কয়েকদিন আগে আপনারা দেখেছেন লক্ষ্মীপুরে ৫৭ সেকেন্ডে ৪২ টা ভোট সিল মারা হয়েছে। নির্বাচন কমিশন ঠেকাতে পারে নাই। বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা হয় কিছুই করতে পারে না নির্বাচন কমিশন-এটাই বাস্তব চিত্র। নির্বাচনের সময় ওসি বদলি করার জন্য ধরনা দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। ডিসি কিংবা টিএনও বদলি করার জন্য ধরনা দিতে হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে।
হলফনামায় যখন ২৩০০ কোটি টাকা না দেখিয়ে একজন মন্ত্রী পার পেয়ে যেতে পারেন এবং সেটা দেখে নির্বাচন কমিশন আঙ্গুল চুষতে থাকেন। ব্যবস্থা নেওয়ার কোনো মুরোদ তাদের নেই।
যাক যে কথা বলছিলাম সংবিধান নিয়ে। সংবিধান সংশোধনের মাধ্যমে এবং প্রতিবেশী ভারতের প্রত্যক্ষ সহায়তা নিয়ে আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম কর্তৃত্ববাদী হয়ে উঠেছেন। তার নিয়ন্ত্রণ কেবল যে প্রশাসন, বিচার বিভাগ প্রতিরক্ষা বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সীমাবদ্ধ তাই নয়। তার নিয়ন্ত্রণ কখনো কখনো একজন ডেপুটি সেক্রেটারি কিংবা একজন এসিস্ট্যান্ট সেক্রেটারি ,পুলিশের এসপি পুলিশ কমিশনার কিম্বা কখনো কখনো ওসি লেভেল পর্যন্ত পৌঁছে যায়। তিনি সরাসরি নিয়ন্ত্রণ করেন এই স্তরগুলো। যে কারণে প্রশাসনে অনেক সময় ভারসাম্যহীনতা দেখা দেয়। বাইরে থেকে সেটা চোখে না পড়লেও প্রশাসনের অভ্যন্তরে খুবই দৃষ্টিকটু হয়ে ধরা পড়ে। একইসঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বেপরোয়া সাহসী করে তোলে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিরোধী দল বিএনপি'র যে মহাসমাবেশ মাত্র ৩০ মিনিটের মধ্যে ভণ্ডল করে দেওয়া হয়েছে তার পেছনেও রয়েছে এই মাঠ পর্যায়ের বেপরোয়া সাহস। কোন পেশাদার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা শহরে এত বড় জনসমাবেশ ভেঙে দেওয়ার সাহস করতে পারে না। সমাবেশের ৫ শতাংশ সমর্থক যদি ঘুরে দাঁড়াতো । আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হতো তাহলে নয়া পল্টনের ওই রাজপথ রক্তের রঞ্জিত হয়ে যেত। বিএনপি একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হওয়ার কারণে পোশাকধারী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমীহ দেখিয়ে স্থান ত্যাগ করে চলে যায়। প্রধান বিচারপতির বাসভবনে হামলা জাজেস কোয়ার্টারে হামলা এবং একজন পুলিশকে হত্যার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের জড়ানোর যে চেষ্টা চালানো হয়েছে সেটা বিশ্বাসযোগ্য করে তোলা যায়নি। কারণ এই সমাবেশকে ঘিরে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা খুবই তৎপর ছিল। তারা পুরো ঘটনাটি খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেছে। যে কারণে ২৯ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী কূটনীতিকদের ডেকে যে, ব্রিফিং করেছিলেন সেখানে কেউ কথা বলেননি। অর্থাৎ তারা সরকারি ভাষ্য মানতে পারেননি , যে জন্য নিরব প্রতিবাদ জানিয়েছিলেন।
এরপর বিএনপি ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। কখনো অবরোধ কখনো হরতাল। সেই হরতাল অবরোধে শহরকেন্দ্রিক কিছু যানবাহন চলাচল করেছে ঠিকই কিন্তু তাতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর দৃশ্যগুলো প্রায় একই রকম। অতি পুরাতন জরাজীর্ণ গাড়ি দেখে দেখে পোড়ানো হয়েছে আর দোষ চাপানো হয়েছে বিএনপির ওপর। ঘটনাস্থল থেকে যাদের ধরা হয়েছে তাদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় এদের পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত রয়েছে। আর ঘটনা ঘটে যাওয়ার পর যাদের ধরা হয়েছে তাদের দিয়ে এমন ভাবে স্বীকারোক্তি নেওয়া হয়েছে যাতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নাম জড়ানো যায়। সেই সূত্র ধরে দলটির সক্রিয় ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মীকে জেলখানায় ঢুকানো হয়েছে। শীর্ষ পর্যায়ের নেতা দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ,স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের আগেই গ্রেফতার করা হয়েছে। হরতাল অবরোধকে পুঁজি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অতি উৎসাহী গ্রুপ বিএনপিকে ধরাশায়ী করার জন্য সেই ২০১৪-১৫ সালের মতো আবার পুরনো খেলায় মেতে ওঠে। বাসে অগ্নিসংযোগের বিষয়টি জনগণের মাঝে গ্রহণযোগ্য করতে ব্যর্থ হয়ে তারা জাতীয় সম্পদের দিকে হাত বাড়ায়। এমনই কয়েকটি ঘটনা ঘটেছে রেল সংযোগের ক্ষেত্রে। প্রথমে রেলের ফিশ প্লেট খুলে নেওয়া পরে চলন্ত ট্রেনে অগ্নিসংযোগ করা। জ্বলন্ত বগিতে একজন যাত্রীদের কথোপকথনে উঠে এসেছে আগুন দেওয়ার ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় থাকার কারণে সুবিধা করে উঠতে পারে নাই গোয়েন্দা বাহিনী।কাজটি এত কাঁচা হাতে করা হয়েছে যে জনগণ ধরে ফেলেছে এটা সরকারের পুরনো খেলা। বিএনপি অনেকটা বাধ্য হয়ে হরতাল অবরোধ থেকে নিজেদের গুটিয়ে নিয়ে পুতুল খেলার নির্বাচন বর্জন করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির কর্মসূচি হাতে নেয়। শুরু করে শান্তিপূর্ণ প্রচার পত্র বিধি বন্টন। এই প্রচার পত্র বন্টনের কাজটি যে জনগণের মাঝে এত সাড়া জোগাবে সরকার মনে হয় বুঝতে পারে নাই। ফলে পূর্ব নির্ধারিত ফলাফল জানা সত্ত্বেও ভোটের দিনে ভোটার উপস্থিতি নিয়ে সন্ধিহান হয়ে পড়ে সরকার। শুরু হয় অর্থের প্রলোভন দেওয়া, ভয়-ভীতি প্রদর্শন করা এমনকি সুবিধা ভাতা কেড়ে নেওয়ার হুমকি দেওয়া হয়। নির্বাচন কমিশন কূটনীতিকদের সঙ্গে যখন বৈঠক করেছেন তখন তাদের কাছ থেকে যেসব প্রশ্নের সম্মুখীন হয়েছেন তাতে তারা কতটুকু বিব্রত হয়েছেন বলা মুশকিল। তবে প্রশ্নগুলো ছিল যথার্থ। যেমন ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা তাদের কেন্দ্রে আনার জন্য ভয়-ভীতি দেখানো হচ্ছে কিনা। এসব প্রশ্ন নির্বাচন কমিশন গায়ে মেখেছে বলে মনে হয় না। তারা এখন সরকারের শক্তিতে বলিয়ান। তারা এখন একটি পূর্বনির্ধারিত ফলাফল ঘোষণার অপেক্ষায়।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে মাঠ এখন পুরোপুরি আওয়ামী লীগের দখলে।পাহারায় আছে পুলিশ, বিজিবি, ্যাব, আনসার এবং সর্বশেষ সংযোজন সেনাবাহিনী। পুতুল খেলার নির্বাচনের পরপরই দেশের ওপর ভয়ংকর বিপর্যয় নেমে আসতে পারে জেনেও এমন দুঃসাহসিক কাজ তখনই করা সম্ভব যখন গোটা প্রশাসন একজনের হাতের মুঠোয় থাকে। এখন শুধু দেশে নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো লিখতে শুরু করেছে বাংলাদেশের রাজনীতি এখন 'ওয়ান ওমেন শো'।
এটাই সঠিক-সকল ক্ষমতা এখন একজনের হাতের মুঠোয়। এখান থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব কেবল বিএনপির একার পক্ষে পালন করা সম্ভব নয় জনগণ কেউ এগিয়ে আসতে হবে। নোবেল শান্তি বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস এক বিবৃতিতে বলেছেন জনগণের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার এবং মানবাধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে।
