Logo
Logo
×

অভিমত

ভোট উৎসব কেন ভয়ে পরিণত হলো

Icon

সানজিদা আফরোজ

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ০৩:০৭ পিএম

ভোট উৎসব কেন ভয়ে পরিণত হলো

বাংলাদেশে ভোট মানে উৎসব। ভোটকে কেন্দ্র করে সাড়া পড়ে যায় সারাদেশে। ঘরে ঘরে মানুষের থাকে বিশেষ প্রস্তুতি। নির্বাচন তা যে কোন ধরণের নির্বাচনই হোক, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, সিটি করপোরেশন কিংবা জাতীয় নির্বাচন-সব নির্বাচন নিয়েই মেতে ওঠে দেশের মানুষ। ৯০ এ এরশাদ সরকারের পতনের পর বাংলাদেশে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সরকার গঠন বা বিদায়ের একমাত্র উপায় হয়ে ওঠে নির্বাচন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নির্বাচনের এক নতুন ধারার সূচণা হয়। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত ও প্রয়োগ হয়েছিল ওই নির্বাচনে। এরপর ১৯৯৬ সালের ১২ জুন এবং ২০০১ সালের ১ অক্টোবর যে জাতীয় নির্বাচন হয়েছিল তা ব্যাপক অর্থে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি পায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচন দৃশ্যত: সুষ্ঠু ও অবাধ হলেও সে নির্বাচনকে বলা হয় মেকানিজমের নির্বাচন। ফখরুদ্দিন-মইনউদ্দিন সরকারের সব কাজের বৈধতা দেয়ার যে ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার পুরষ্কার হিসেবে মেকানিজমের নির্বাচনে আওয়ামী লীগ তথা শেখ হাসিনাকে উপহার দেয়া হয় ভূমিধস জয়।

এরপর দেশের নির্বাচন আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেখ হাসিনার সরকার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেন। তার অধীনে ২০১৪ সালের ৫ জানুয়ারি হয় বিনা ভোটের নির্বাচন। বিএনপি ওই নির্বাচন বর্জন করেছিল। ১৫৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের নেতারা। বাকি আসনগুলোতে ভোট হলেও ভোটাররা তাতে সাড়া দেননি। শতকরা ৫ ভাগ বা তারও কম ভোট পেয়ে নির্বাচিত হয়ে যান অনেকে।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে বিএনপি অংশ নেয়। ওই নির্বাচনের আগে শেখ হাসিনা কথা দিয়েছিলেন তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচন করবেন। কিন্তু নির্বাচনের মাঠেই নামতে দেয়া হয়নি বিএনপির প্রার্থীদের। ব্যাপকভাবে আলোচনা রয়েছে ওই নির্বাচনে আগের রাতেই বহু কেন্দ্রে ব্যালটবাক্স ভরে রাখা হয় সিল মারা ব্যালট দিয়ে। মহাপ্রতারণার, জালিয়াতির ও রাতের ভোট হিসেবে চিহ্নিত হয় এই নির্বাচন। ৭ জানুয়ারি রবিবার আবার একটি নির্বাচন হচ্ছে দেশে। এবারের নির্বাচন কেমন হবে তা এরই মধ্যে মানুষ বুঝে ফেলেছে। তাই মানুষের মধ্যে ভোট নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই।

বাংলাদেশে নির্বাচন মানেই যে উৎসব তা যেন এখন ইতিহাসের বিষয়ে পরিণত হয়েছে। ইউপি থেকে জাতীয় সংসদ কোন নির্বাচনেই নেই প্রতিদ্বন্দ্বিতা, নেই প্রতিযোগিতা, তাই নেই ভোটের আবহ, নেই ভোটের উৎসব।

অথচ অনেক নির্বাচনেরই দেশে এক সময় উৎসবের আবহ তৈরি হতো। সব বয়সের মানুষ অনেকটা উৎসবের মেজাজ নিয়ে কেন্দ্রে যেতেন। ভোট নিশ্চিত করতে প্রার্থী আর তাদের পরিবারের সদস্যরা ঘরে ঘরে গিয়ে হাজির হতেন, ভোটকে কেন্দ্র করে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় হতো। কিন্তু সেই দিন কোথায় যেন হারিয়ে গেছে। গত ক'দিনের নির্বাচনী প্রচারণায় কান পাতলেই শোনা গেছে একটি গান 'জিতবে এবার নৌকা'। একটি গান যে কত আতংক জাগানিয়া হতে পারে তা এই গানটি শুনলেই বোঝা যায়। মানুষ আঁতকে ওঠে গানটি শুনলে।

মানুষ শুধু ভোটাধিকারই হারায়নি, হারিয়েছে ভোট উৎসবও। উন্নয়নের ঢোল বাজানো আওয়ামী লীগ সরকার দেশের সবকিছুকে দুমড়ে মুচড়ে দিচ্ছে। সবকিছু ভেঙে তছনছ করে দিচ্ছে এরা। দেশের মানুষ ভোট উৎসবে মেতে উঠতে চায়, কিন্তু আওয়ামী লীগ সম্ভবত: মানুষকে সে উৎসবে কখনোই মাততে দেবে না। ভোট উৎসব কেন ভয়ে তবে আঁধার ভেদ করে নিশ্চয়ই সুন্দর দিনের সূর্য্য উঠবে, বাংলাদেশে নিশ্চয়ই ফিরে আসবে গণতন্ত্র।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন