একদলীয় কর্তৃত্ববাদের দিকে যাত্রা: নির্বাচন নিয়ে বিশ্ব গণমাধ্যমে প্রতিবেদন
ইয়াসির আরাফাত
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:১৪ এএম
বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে সক্রিয় আন্তর্জাতিক সম্প্রদায় গত দু’ মাস ধরে প্রায় নীরব। কিন্তু ভোটের মাত্র তিন/চারদিন আগে ফের এ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহল ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গণে একটি বহুলচর্চিত বিষয়ে পরিণত হয়েছে। এটা ষ্পষ্ট যে, আওয়ামী লীগ সরকার শুধু দেশের মানুষকেই অগ্রাহ্য করেনি, তাদেরকে ভোটাধিকার থেকেই বঞ্চিত করেনি, আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বকে উপেক্ষা করে যাচ্ছেন বছরের পর বছর ধরে।
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর বলা যায় ফাঁকা মাঠে গোল দেয়ার সুযোগ তৈরি করে ফেলেছে আওয়ামী লীগ। ৭ জানুয়ারির নির্বাচন যা এরিমধ্যে দেশে-বিদেশে সাজানো এবং আসন ভাগাভাগির নির্বাচন হিসেবে চিহ্নিত হয়েছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহ থাকারও কথা নয়। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের আসন্ন নির্বাচনকে কিভাবে দেখছে তা বোঝা যায় ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিজয় পূর্বনিধারিত উল্লেখ করেছে তারা। একই সাথে প্রতিবেদনটিতে বলা হয়, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রনীতি বাংলাদেশে পরাজিত হতে যাচ্ছে।
শেখ হাসিনার আপোসহীন রাজনৈতিক কৌশলগুলোকে "গেম অফ থ্রোনস" এর সাথে তুলনা করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। যেখানে ভিন্নমত পোষণকারীদের আইনি হয়রানি বা সহিংসতার মুখোমুখি হতে হয়। ওয়াল স্ট্রিট বলছে, মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধীদের দমন ইস্যুতে শেখ হাসিনার সরকারের ওপর যুক্তরাষ্ট্রের চাপ ছিলো। কিন্তু সে চাপ উপেক্ষা করেই নির্বাচনের সময়ে অন্তত দশ হাজার বিরোধী সমর্থককে গ্রেফতার করা হয়েছে। এতে সুষ্ঠু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্র গণতন্ত্র নিয়ে যতো সহজে কথা বলে, তাকে ততো সফলভাবে প্রয়োগ করতে পারে না বলেও মন্তব্য করা হয়েছে নিবন্ধে। বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসিও। যাতে এই নির্বাচনকে ‘ওয়ান উইম্যান শো’ বলে অভিহত করা হয়েছে।
শুধু গণমাধ্যমই নয়, যুক্তরাষ্ট্র ফের এ নির্বাচন নিয়ে মুখ খুলেছে, মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিং এ প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে নির্বাচনে ডামি প্রার্থী ব্যবহারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্য নির্দেশনা দিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের গঠনমূলক পরামর্শ উপেক্ষা করেছেন। মার্কিন সরকার কি এমন একটি ডামি নির্বাচনকে বৈধতা দেবে? যদি তা না হয়, তাহলে বাইডেন প্রশাসন বাংলাদেশের আগামী সরকারের বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থার কথা বিবেচনা করছে? জবাবে পররাষ্ট্র দপ্তরের পরিচালক ম্যাথু মিলার বলেন, তাঁরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করেন। তাঁরা নিবিড়ভাবে এ নির্বাচনের দিকে নজর রাখবেন। তবে কোনো ঘটনায় যুক্তরাষ্ট্র কী ব্যবস্থা নিতে পারে বা পারে না, সে বিষয়ে তিনি আগে থেকে কিছু বলবেন না।
মিলারের এই কৌশলী বক্তব্যের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে বাংলাদেশের জন্য ভয়ের বীজ। কেন না, তিনি যুক্তরাষ্ট্র কোন ধরণের ব্যবস্থা নেবে তা যেমন বলেননি, তেমনি ব্যবস্থা নেয়ার বিষয়টি নাকচও করে দেননি। এমনিতেই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্ল্যান-এ’ কাজে আসেনি, তারা হয়তো ‘প্ল্যান-বি’ নিয়ে ভাবছে।
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার সাথে সক্রিয় আরেকটি ফোরাম হচ্ছে জাতিসংঘ। তারা অবশ্য বহু আগে থেকেই এ বিষয়ে নিবিড়ভাবে সংশ্লিষ্ট। ২০১৪ সালের নির্বাচনের আগে যে অচলাবস্থা তৈরি হয়েছিল তা সমাধানে উদ্যোগ নিয়ে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের উপমহাসচিব তারানকো। তার দূতিয়ালিতে কাজ হয়নি, সেবারও ভোটারবিহীন একতরফা নির্বাচন করেছিলেন শেখ হাসিনা। এবারের নির্বাচন নিয়েও তাদের শক্ত অবস্থান ছিল, কিন্তু এক পর্যায়ে জাতিসংঘও কিছুটা সরে আসে। তবে সবশেষ ব্রিফিং বাংলাদেশের নির্বাচন তারা পর্যবেক্ষণ করছে কি না এমন প্রশ্নে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো বলেন, বাংলাদেশের নির্বাচন জাতিসংঘ পর্যবেক্ষণ করছে না। জাতিসংঘ শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বৈশ্বিক এ সংস্থার আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ নির্বাচনের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকলেও ৪ জানুয়ারি অনেকটা আগ বাড়িয়ে কমিশন তাদের আমন্ত্রণ জানিয়ে নির্বাচনের ব্যাপারে ইসির অবস্থান জানায়। সিইসি কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, বিদেশি কূটনীতিকরা তাদের কাছে ভোটারদের ওপর চাপ প্রয়োগের বিষয়ে জানতে চেয়েছিলেন, কমিশন জানিয়েছে, তারা কোন চাপ দিচ্ছেন না। কিন্তু এটা তো অন্ধও জানে, কমিশন নয়, চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগ। বিশেষ করে সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বাহিনীর সদস্য এবং সরকারের নানা সুবিধাভোগীদের ওপর চাপ তৈরি করা হচ্ছে যাতে তারা পরিবারের সদস্যদের নিয়ে ভোট দিতে আসেন।
আন্তর্জাতিক সম্প্রদায় চুপ থাকলেও স্বভাবসুলভ ভঙ্গীতে তাদের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকায় ছাত্রলীগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা আটলান্টিকের ওপারের নিষেধাজ্ঞাকে ভয় পান না,শেখ হাসিনা ভিসা নীতির তোয়াক্কা করেন না।
তবে ভয়টা শুধু শেখ হাসিনার বা আওয়ামী লীগের বিষয় নয়, বিশ্বে বাংলাদেশ একটি মধ্যমপন্থার দেশ হিসেবে পরিচিত। কিন্তু গত ক’বছরে শেখ হাসিনা বাংলাদেশের পররাষ্ট্র নীতির খোলনলচে পাল্টে ফেলেছেন, বাংলাদেশ এখন আর মধ্যমপন্থার দেশ নয়, বরং ক্ষমতার জবরদখল ধরে রাখতে এক বিপজ্জনক পথ ধরে হাটছেন শেখ হাসিনা। যা মানুষেক ভীত না করে পারে না।
