Logo
Logo
×

অভিমত

আলু নিয়ে তেলেসমাতি

Icon

মো. সহিদুল ইসলাম সুমন

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ১০:১৪ পিএম

আলু নিয়ে তেলেসমাতি

মৌসুম শুরু হওয়ার পর বাজারে এসেছে নতুন আলু। পাশাপাশি পুরোনো আলুও আছে। তবু আলুর দাম কমছেই না। সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে নতুন আলু বাজারে  আসে। এরপরে দাম কমতে শুরু করে, এবার উল্টো চিত্র। গত বছর এই সময় আলুর দাম ছিল কেজিপ্রতি ১৬ থেকে ২২ টাকা। আর এ বছর রাজধানীর বিভিন্ন বাজারে আলুর দাম এখনও ৬০ টাকা, যা খুচরা বাজারে মান অনুসারে ৭০ থেকে ৮০ টাকার মধ্যে। তবে পাড়া-মহল্লার দোকানের দাম আরো বেশি। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় যোগান কম, হিমাগার ও কৃষকপর্যায় থেকে চাহিদার তুলনায় আলু কম আসছে। বাংলাদেশ কোল্ড স্টোরেজ ও হিমাগার অ্যাসোসিয়েশন বলছে, ডিসেম্বরের শুরুর দিকে কোল্ড স্টোরের আলু শেষ হয়ে যায়। পাশাপাশি নতুন আলু বাজারে আসতে শুরু করে। এর ফলে আলুর দাম কমতে শুরু করে, নতুন আলু আসার পর প্রথম পর্যায়ের দাম একটু বেশি থাকলেও পরে তা ধীরে ধীরে কমতে থাকে, এইবার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে।

বর্তমানে আলু উৎপাদনে বাংলাদেশ বিশ্বে সপ্তম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ও বিবিএস এর তথ্য মতে, দেশে ৫ লাখ হেক্টর জমিতে প্রায় ১ কোটি ৪ লাখ থেকে ৯ লাখ মেট্রিক টন আলু উৎপাদিত হচ্ছে। আমাদের দেশের আলুর আভ্যান্তরীণ চাহিদা ৭৫ থেকে ৮০ লাখ মেট্রিক টন। অবশিষ্ট ৩০-৩৫ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থেকে যায়। উদ্বৃত্ত আলুর একটা অংশ বাংলাদেশ থেকে প্রতি বছর সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ব্রুনাই, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও রাশিয়ায় রপ্তানি করা হয়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উৎপাদনের এই হিসাব নিয়েও বিভ্রান্তি আছে। এ বছর মৌসুমের শুরুতে, মানে ২০২৩ সালের মার্চে কৃষকেরা আলু বিক্রি করেছিলেন কেজি প্রতি ১২ থেকে ১৫ টাকায়। অথচ সেই আলুর দাম হঠাৎ করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মূল্য পৌঁছেছে কেজিতে ৬০ থেকে ৮০ টাকায়। কী এমন ঘটল যে বাংলাদেশে আলুর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেল এবং কোনো ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না?

প্রশ্নটা অত্যন্ত ন্যায্য হলেও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। পত্রিকা মারফত জানা গেল, সিন্ডিকেটের কারণে মানুষকে জিম্মি করে ইচ্ছামতো মুনাফা করা হচ্ছে। দেশের সাধারণ কৃষকেরা বলছেন, আলুর বাজারের সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে ফড়িয়া, হিমাগারের (কোল্ড স্টোরেজ) মালিক ও আড়তদারেরা। মধ্যস্বত্ব ভোগীদের কারণে কৃষকেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। যেখানে বাজারে কেজিপ্রতি ৬০-৮০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে সেখানে প্রান্তিক কৃষক হয়তো পেয়েছে কেজিপ্রতি ১২-১৫ টাকা। বাকি পুরোটাই মধ্যস্বত্ব ভোগী ও সিন্ডিকেটের পকেটে। চালের দাম বেড়ে গেলে বলা হয় ‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’। স্বৈরশাসক এরশাদ এই ফর্মুলা দিয়েছিলেন জনগনকে । ২০০৮ সালে মইনুদ্দীন-ফখরুদ্দীনের সময় তৎকালীন সেনাপ্রধান মইনুদ্দীন আহাম্মেদও বেশি করে আলু খাওয়ার কথা বলেছিলেন। পরে অবশ্য তিনি গণমাধ্যমকে বলেছেন, ভাতের পরিবর্তে আলু খেতে বলেননি, তিনি ভাতের সাথে বেশি করে আলু খেতে বলেছিলেন। অর্থাৎ আলু সব সময় কম দামি খাবার হিসাবে ভাতের পরিপূরক হিসাবে কাজ করেছে, এখন সেই আলুর দামই  মোটা চালের দামকে ছাড়িয়ে গেছে। সম্প্রতি চিকন চালের দামকেও ছাড়িয়ে গেল। টিসিবির তথ্য অনুসারে, মোটা চালের দর ৪৮-৫০ আর চিকন চালের দর ৬০-৭০ টাকা। এই মুহূর্তে বাজারে নতুন আলু উঠলেও নতুন ও পুরোনো আলুর কেজি পড়ছে ৮০ টাকা। এখন আলুর ওপর চাপ কমাতে কী খেতে বলা হবে? সস্তা খাদ্য হিসেবে বিবেচিত আলুও কি তাহলে দরিদ্র মানুষের নাগালের বাইরে চলে গেল? আলুর বাজার গত সেপ্টেম্বর মাস থেকেই নিয়ন্ত্রণহীন। সে সময় বাণিজ্য মন্ত্রণালয় আলুর দাম বেঁধে দিলেও তাতে কোনো কাজ হয়নি। একপর্যায়ে গত ৩০ অক্টোবরে আলু আমদানির অনুমতি দেয় সরকার।

সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে, ৩ লাখ ৬ হাজার টন আমদানির অনুমতির বিপরীতে ডিসেম্বর পর্যন্ত আলু এসেছে মাত্র ৬০ হাজার টন, যা আলুর বাজারে কোনো প্রভাব ফেলতে পারেনি। নভেম্বর মাসের আমদানি তথ্য থেকে দেখা যায়, শুধু নভেম্বর মাসে ভারত থেকে বিভিন্ন স্থল বন্দরের মাধ্যমে মোট ২৩,৯০৫.৫৬ টন আলু আমদানি করা হয়েছে। যার জন্য ব্যয় হয়েছে ৩৭,৩১,৬১৮.৫৫ মার্কিন ডলার। এর সাথে কাস্টম ডিউটি, বিভিন্ন ধরনের ট্যাক্স, ট্রান্সপোর্ট খরচ, ইন্সুরেন্স, সিএনএফ সহ আমাদানী খরচ মিলিয়ে কেজিপ্রতি ৩২-৩৬ টাকা করে পড়ে বলে জানিছেন আমাদানিকারকরা। অথচ দেশে আমদানিকৃত আলু বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। আভ্যন্তরীণ চাহিদার অযুহাতে ১৪ ডিসেম্বর’২০২৩ থেকে ভারত আলু রপ্তানি বন্ধ করার ঘোষণা দিলে, আবার আলুর বাজারে নৈরাজ্য দেখা দেয়। হু হু করে বাড়তে শুরু করে আলু দাম।

গত ফেব্রুয়ারি মাসে এ বছর থেকেই রাশিয়ায় আলু রপ্তানির ঘোষণা দিয়েছিলেন কৃষিমন্ত্রী। প্রশ্ন হলো, দেশে রপ্তানি করার মতো বাড়তি আলু উৎপাদিত হলে আলুর দাম রেকর্ড পরিমাণ বাড়ল কেন, আলু আমদানিই–বা কেন করতে হলো। সাধারণত কোনো একটি দেশে রপ্তানি পণ্যের দাম এবং চাহিদা যদি আভ্যন্তরীণ বাজারে হঠাৎ করে অস্বাভাবিক ভাবে বেড়ে যায়, তবে সে দেশ রপ্তানি সাময়িক বন্ধ করে আভ্যন্তরীন চাহিদার দিকে নজর দেয়, আমাদের প্রতিবেশী দেশ ভারতের ক্ষেত্রেও বিভিন্ন সময় আমরা তাই দেখেছি। সম্প্রতি পেঁয়াজের দাম বৃদ্বির ক্ষেত্রে আমরা তাই লক্ষ করেছি। ভারত ঠিকই তাদের দেশের জনগণের স্বার্থে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখছি ভিন্ন চিত্র, এই সংকটময় মুহূর্তেও আলু রপ্তানি একদিনের জন্যও বন্ধ হয়নি। একদিকে সরকার বেশি দামে আলু আমদানি করছে আবার অন্য দিকে কম দামে আলু রপ্তানি করছে। বিষয়টি অনেকের কাছেই একটু অদ্ভুত মনে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বাংলাদেশ প্রতিবছর প্রায় ৫০ হাজার টন আলু রপ্তানি করে এবং প্রায় ২০০ কোটিরও বেশি টাকা আলু রপ্তানি থেকে আয় করে থাকে। যারা বা যে ব্যবসায়ীরা আলু রপ্তানির সাথে সম্পৃক্ত তারা রপ্তানির বিপরীতে সরকারের কাছ থেকে  ২০% নগদ প্রণোদনাও পান। অদ্ভুত ব্যাপার  হলো, রপ্তানির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক প্রতি টনের একটি  নির্দিষ্ট মূল্য (২৮০.০০ডলার বা তার কাছাকাছি) নির্ধারণ করে দিয়েছে,  নির্ধারিত দামের কম বা বেশী দামে রপ্তানি করলেও শুধু বেধে দেওয়া মূল্যেই রাপ্তানিকারকরা ২০% নগদ সহায়তা পাবে। যার ফলে রপ্তানি মূল্য এর কম বা বেশি হলেও রপ্তানিকারকরা ইনভয়েসে বেশিরভাগ ক্ষেত্রে ২৮০ ডলার মূল্য দেখিয়ে থাকে। এই ক্ষেত্রে ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েস এই দুটি সম্ভবনার ক্ষেত্র  তৈরি হয়। ২৮০ ডলার টন হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে ১ ডলার সমান ১১০ টাকা ধরলে (নভেম্বর’২৩ হিসাবে) দেখা যায় কেজি প্রতি দাম ৩০.৮০ টাকা। অর্থাৎ প্রতি কেজি আলু রপ্তানি হচ্ছে ৩০.৮০ টাকায়। গত নভেম্বরের রপ্তানির পরিসংখ্যান থেকে দেখা যায় নভেম্বর’২০২৩ এ সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, মায়ানমার ও মালেশিয়ায় মোট আলু রপ্তানি করা হয়েছে ৫৬৫ মেট্রিক টন। যার বিপরীতে রপ্তানি আয়ের পরিমান ১,৬৪,৩১৫ মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি মালয়েশিয়ায় ২৬৫.৩৪ টন, যার বিপরীতে রপ্তানি আয় ৮০১৪৩.৭০ মার্কিন ডলার, এরপর সৌদি আরব ১০৮.৫ টন, রপ্তানি আয় ৩০,৩৮০ ডলার, এরপর সংযুক্ত আরব আমিরাতে ৮৩.০৬ মেট্রিক টন এবং মায়ানমারে ৮৪.৩৮টন এবং যার রপ্তারি মূল্য ১৬,৮,৭৬ ডলার। এখানে উল্লেখ্য যে, টেকনাফ বন্দরের মাধ্যমে মানায়নমারে নভেম্বর মাসে মেসার্স ফারজানা ট্রেডিং (৬০,০০০ কেজি, ১২,০০০ ডলার) এবং আদিব এন্টারপ্রাইজ (২৪,৩৮০ কেজি, ৪,৮৭৬ ডলার) যে আলু রপ্তানি করে তার রপ্তানি মূল্য কেজিপ্রতি ২২ টাকা দেখানো হয়েছে (ডলারের মূল্য ১=১১০ টাকা হিসাবে)। অথচ দেশের আভ্যন্তরীণ বাজারে আলুর কেজিপ্রতি মূল্য ৭০/৮০ টাকা। অর্থাৎ দেশে আলু বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকায় আর রপ্তানি হচ্ছে ২২ টাকায়। তাছাড়া রপ্তানির সাথে সংশ্লিষ্ট আরো অনেক খরচ বিভিন্ন ধরনের ট্যাক্স, ট্রান্সপোর্ট খরচ, ইন্সুরেন্স, সিএনএফ, প্যাকিং খরচ ইত্যাদি) উহ্য করা হয়েছে। এ কারণে সরকার বা রাষ্ট্র বিপুল পরিমান রাজস্ব আয় থেকেও বঞ্চিত হচ্ছে। এগুলো কার স্বার্থে করা হচ্ছে এবং কারা এই সুবিধাভোগী?

 

কৃষকেরা উৎপাদিত আলুর ৯০ শতাংশই এপ্রিলের মধ্যে বিক্রি করে দেন। অন্যদিকে হিমাগারে সংরক্ষিত আলু জুন থেকে বাজারে ছাড়া শুরু হয়। আসলে কৃষকের হাতে আলু থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। এ সময় আলুর দাম সাধারণত বাড়ে না। আলুর দাম বাড়তে শুরু করে কৃষকের হাত থেকে আলু যখন ব্যবসায়ীদের হাতে যায়, তখন থেকে, অর্থাৎ জুলাই মাস থেকে। মার্চ থেকে জুন পর্যন্ত কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা যে আলু ১০-১২ টাকা কেজিতে ক্রয় করেন, সেই আলুই কিছুদিন হিমাগারে রাখার পর বহুগুণ বেশি দামে বিক্রি করেন। ৫০ কেজির এক বস্তা আলু হিমাগারে রাখার খরচ ৩০০ টাকা, বস্তার দাম ৫৫ টাকা। অর্থাৎ, হিমাগারে রাখার জন্য কেজিপ্রতি খরচ ৭ টাকা ১০ পয়সা। এর সঙ্গে শ্রমিক ও পরিবহন খরচ কেজিপ্রতি ২ টাকা ধরলে ব্যবসায়ীদের খরচ পড়ে সব মিলিয়ে প্রতি কেজিতে ২০ টাকা। এর ফলে পাইকারি পর্যায়ে এই আলু ২২ টাকা এবং খুচরা পর্যায়ে ২৫ টাকা দরে বিক্রি হওয়া উচিত। কিন্তু জুনের পর আলু যখন কৃষকের হাতে থাকে না, তখন ব্যবসায়ীরা সুযোগ বুঝে চাহিদার তুলনায় কম করে আলু বাজারে ছেড়ে আলুর সংকট তৈরি করেন এবং অনেক বেশি দামে বিক্রি করেন। অবশ্য ব্যবসায়ীরা চাইলেই সব সময় এই কারসাজি করতে পারেন না। বাজার অর্থনীতিতে যখন পণ্যের সরবরাহ স্বাভাবিকের চেয়ে কম হয়, কারসাজির সুযোগ তখন সবচেয়ে বেশি থাকে। সরকার রেকর্ড পরিমাণ আলু উৎপাদন হওয়ার কথা বললেও হিমাগার মালিকেরা বলছেন, গত বছরের তুলনায় কম পরিমাণ আলু এসেছে হিমাগারে। কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে, দেশে এ বছর আলু উৎপাদিত হয়েছে যাথাক্রমে ১ কোটি ৪ লাখ টন এবং ১ কোটি ৯ লাখ টন। অথচ হিমাগার সমিতির হিসাবে, এর পরিমাণ ৮০ থেকে ৮৫ লাখ টনের বেশি নয়। আলুর উৎপাদন নিয়ে এই রকম একটি ধোঁয়াটে পরিস্থিতি এবং বাজারে আলুর সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের নিষ্ক্রিয়তাই কিন্তু আলুর বাজারে কারসাজির সুযোগ তৈরি করে দিয়েছে।

এখন সংশ্লিষ্টদের উচিত কৃষি মূল্য কমিশন গঠন করে আলুর সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ, দেশে আলুর প্রকৃত উৎপাদন, চাহিদা, সরবরাহ ও মূল্যবিষয়ক তথ্য নিয়ে বিদ্যমান অস্বচ্ছতা দূর করা, সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কার্যকর উদ্যোগ  গ্রহণ করা এবং আলুর দামের ওপর নজর রাখা ও সরকার কর্তৃক হিমাগার থেকে পর্যাপ্ত আলু ছাড়ার বিষয়টি নিশ্চিত করা। তবেই হয়তো একটি কার্যকর সমাধানে আসা যাবে। না হয় আলুর এই তেলেসমাতি কখনোই থামবে না।

লেখক : অর্থনৈতিক বিশ্লেষক

[email protected]

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন