Logo
Logo
×

অভিমত

জিয়ার পোলা একটা কিছু করবো

Icon

মারুফ মল্লিক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম

জিয়ার পোলা একটা কিছু করবো

দ্বাদশ জাতীয় নির্বাচনের আর বাকী আছে দুদিন। বিরোধী দলগুলোর আন্দোলন ও দাবিকে অগ্রাহ্য করেই উত্তাপহীন একপেশে নির্বাচন করতে যাচ্ছে সরকার। অনেকটা নিজেরা নিজেরাই নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে যারা নির্বাচন করছেন তারা সবাই আওয়ামী লীগের লোক। এরা দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করছেন। এদের অনেকের মার্কা ট্রাক।

এর বাইরে বিভিন্ন দল থেকে যারা নির্বাচন করছে তারাও আওয়ামী লীগেরই লোক। এদের কেউ জোটে আছে। আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে ভোটে এসেছে। ফলে এবারের নির্বাচন একদলীয় একটি নির্বাচনে পরিণত হয়েছে। তবে এই একদলীয় নির্বাচনেও মারামারি-হাঙ্গামার সংবাদ আমরা পাচ্ছি। গণমাধ্যমের সংবাদ অনুসারে, এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন নির্বাচনী সহিংসতায়। তিনজনই আওয়ামী লীগের লোক।

ওদিকে বিএনপির নেতৃত্বে বিরোধী দলগুলো নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এখানে বলে রাখা ভালো, এরা হচ্ছে আন্দোলনের বিরোধী দল। এছাড়া সংসদে বিরোধী দল বলতে জাতীয় পার্টিসহ যারা আছে, তারা প্রকৃতপক্ষে আওয়ামী জোটের অংশ। তাই বিরোধী দল বলতে এখানে বিএনপির নেতৃত্বাধীন মাঠের দলগুলোকে বোঝানো হয়েছে।

এই বিরোধী দলগুলোকে বাদ দিয়েই নির্বাচন অনুষ্ঠানে তোড়জোর চলছে। নানাভাবে কসরত করা হচ্ছে নির্বাচন যথাসম্ভব সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে। ভোটারদের হুমকি ধামকি দেওয়া হচ্ছে ভোটের দিন কেন্দ্রে আসার জন্য। এক্ষেত্রে সরকারি সুবিধাভোগী দরিদ্র জনগোষ্ঠী ও সরকারি কর্মজীবীদের টার্গেট করা হয়েছে। ভোট দিতে না আসলে সরকারি সুবিধা প্রাপ্তির তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

আর যেটা শোনা যাচ্ছে সেটা হলো, যথেচ্ছা টাকার ছড়াছড়ি হচ্ছে। নানাভাবে নানাজন অর্থ ছিটাচ্ছেন ভোটের মাঠে। এমনও শোনা যাচ্ছে, নির্বাচনের আগেই ২০১৮ সালের মতো ব্যালট বক্স ভরে রাখার পাঁয়তারা করছেন কেউ কেউ। যাতে দিন শেষে ৬০ থেকে ৭০ শতাংশ ভোট দেখানো যায়। কারণ সাম্প্রতি উপনির্বাচনগুলোর অবস্থা খুব বেশি সুখকর হয়নি সরকারের জন্য। প্রচার-প্রচারণা ও চাপের পরও বাস্তবে ২/৩ শতাংশের বেশি ভোট পড়েনি। তাই নির্বাচনের দিন ভোটার উপস্থিতি বাড়ানো জরুরি। সম্ভাব্য অপ্রীতিকর অবস্থা এড়াতেই সরকার আবারো ব্যালট বক্স ভরে রাখতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আর এই অবস্থায় প্রার্থীরা নিজের মার্কায় ভোট দিয়ে বাক্স ভরতে নানাজনকে ভাও করার চেষ্টা করছেন। বিশেষ করে প্রশাসন ও নিরাপত্তাবাহিনীকে হাত করার কৌশল অবলম্বন করছেন অনেক প্রার্থী। কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। আরো শোনা যাচ্ছে, এসব লেনদেনে কোটির কমে হচ্ছে না। দেশে এখন হাজার কোটি টাকার কমে পাচার বা লুটপাট হয় না, নির্বাচনের বাজারও বা কীভাবে কোটির কমে নেমে আসে? তাই বড় অংকের অর্থ লেনদেন হচ্ছে বলে শোন যায়। টাকা দিতেও প্রার্থীরা কসুর করছেন না। করবেনই বা কেন? তাদের হাতে এখন প্রচুর টাকা। আর একবার  নির্বাাচিত হলেই যেহেতু আলাদীনের চেরাগের দর্শন মেলে তাই ব্যয় করতেও কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। নির্বাচনকে ঘিরে ব্যাপক অর্থের লেনদেন বা নির্বাচিত হলে আর্থিক দিক দিয়ে ফুলেফেপে ওঠার তথ্য আমাদের মনগড়া নয়। টিআইবি, সিপিডির মতো আওয়ামী সংস্কৃতির প্রতিষ্ঠানগুলোই এই ধরনের তথ্য দিচ্ছে। বা দিতে বাধ্য হচ্ছে এক আজানা কারণে।

আর অন্য দিকে বিএনপি ও অন্যান্যরা নির্বাচন বর্জনের প্রচারণা চালিয়ে যাচ্ছে। ঘরে ঘরে গিয়ে লোকজনকে বলছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। কারণ তারা মনে করছে, এটাই বর্তমান সরকারকে অবৈধ হিসাবে প্রমাণ করার ভালো উপায়। নির্বাচনে যথাসম্ভব ভোটার উপস্থিতি কমানো। বিএনপি শেষ পর্যন্ত কতটুকু সফল হবে তা দেখার জন্য আমাদের নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে চলমান আন্দোলনে আওয়ামী লীগের থেকেই অনেকটা এগিয়ে আছে বিএনপি। কারণ, আওয়ামী লীগ বিএনপি থেকে খুব বেশি সংখ্যক নেতাকর্মীকে ভাগিয়ে নিতে পারেনি। একমাত্র শাহজাহান ওমর ছাড়া উল্লেখযোগ্য কাউকে নির্বাচনে নিতে পারেনি।

নানা চাপ ও প্রলোভন দিয়ে বিএনপিসহ আন্দোলনরত দলগুলোকে টলাতে পারেনি। এটা বিরোধী দলগুলোর জন্য বিশাল অর্জন। চাইলেই তারা যেতে পারতেন। এমপি-মন্ত্রী হয়ে দিনগুজরান করতে পারতেন নির্ঝঞ্জাটে। আর ফুলেফেঁপে হাজার কোটি টাকার মালিক সুযোগ তো থাকছেই। এই সুযোগ যে তারা ধুলোয় লুটিয়ে দিলেন এটা অবশ্যই তাদের মানসিক দৃঢ়তার প্রমাণ দেয়।

এই মানসিক দৃঢ়তাই বিএনপির মূল শক্তি। কার্যত মাঠের রাজনীতিতে বিএনপি প্রচলিত ধারার রাজনীতি করছে না। এবার দাঙ্গা-হাঙ্গামার মধ্যে তেমন যায়নি। যথাসম্ভব শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অসহযোগের ডাক দিয়েছে। এসবের সঙ্গে আছে মানসিক শক্তি। শেষ পর্যন্ত তারা সফল হবে এই বিশ্বাসই তাদের টিকিয়ে রেখেছে। সম্ভবত তারা সফলও হবে। বিএনপির মাঠ পর্যায়ের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি। তারাও মনে করে, দেয়াল পিঠ ঠেকে যাওয়ার পর সামনে এগুনো ছাড়া আরো কোনো উপায় থাকে না। এবার তাদের সামনে এগুনোর পালা।

ইউরোপ প্রবাসী এক বিএনপি কর্মীর সঙ্গে আলাপ করছিলাম কিছুদিন আগে। বাড়িতে মা ও দুই ভাই থাকে। ছাত্রদলের কর্মী দুই ভাই ২৮ অক্টোবরের পর থেকে আত্মগোপনে আছেন। মা বাড়িতে একাই থাকেন। তার পিতাও ছাত্রদল করতেন। পরে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সব সময়ই তারা রাজনীতিটা খুব কাছ থেকে দেখেছেন।

দুই ছেলে ফেরারি। আরেক ছেলে মামলা নিয়ে দেশত্যাগ করে ইউরোপে থাকেন। বাড়িতে মার থাকতে ভয় করে না? বিএনপি তো নির্বাচন আটকাতে পারল না। বিএনপি কি আর কিছু করতে পারবে? আওয়ামী লীগ তো আবারও ৫ বছর টিকে যাবে ক্ষমতায়। এসব বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জিয়ার পোলা একটা কিছু করবো। তিনি ৭ নভেম্বর দেখেছেন। সেদিন জিয়াউর রহমানের হাত ধরে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল। এরা রাজনীতির এত প্যাঁচগোচ বোঝে না। শান্তিপূর্ণ আন্দোলন চায় এরা। এরা চায় বাসে-গাড়িতে আগুন দেবে না কেউ।  মানুষের নিজ বাড়ি ঘরে থাকার অধিকার ফিরে আসবে। মন খুলে কথা বলতে পারবে। রাজনৈতিক মতভিন্নতা থাকলেও একই সঙ্গে বসে গল্প আড্ড দেবে। দমবন্ধ করা এই ফিসফাস অবস্থানের অবসান হবে। বিএনপির কোটি কোটি নেতাকর্মী মনে করে এবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তান তারেক রহমানের হাত ধরে আবারো নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে। এই বিশ্বাস বুকে ধারণ করেই তারা সামর্থ্যের শেষটুকু দিয়ে লড়ে যাচ্ছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন