Logo
Logo
×

অভিমত

আপনার একটি ভোট নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে না, কিন্তু ভোট না দিলে সরকার অবৈধই রয়ে গেল

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫২ পিএম

আপনার একটি ভোট নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করবে না, কিন্তু ভোট না দিলে সরকার অবৈধই রয়ে গেল

৭ জানুয়ারির ভোট নিয়ে আওয়ামী লীগ আছে বিপাকে, বিএনপি আছে টেনশনে আর সাধারণ ভোটাররা পড়েছেন দোটানায়। এ নির্বাচনে ভোটার টানাকেই সবচে’ গুরুত্ব দিচ্ছে সরকার ও নির্বাচন কমিশন। ভোটাররা যাতে কেন্দ্রে যায় সে জন্য আওয়ামী লীগের আগ্রহী প্রায় সবাইকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন শেখ হাসিনা। নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু ঈগল মার্কা আর ট্রাক মার্কার প্রার্থীরাও আওয়ামী লীগেরই প্রার্থী। আর যদি নির্বাচনী প্রচারণার দিকে তাকান তাহলে দেখবেন প্রচারণায় এগিয়ে এই তিন প্রার্থীই। স্বাভাবিকভাবে চিন্তা করলে দেখা যাবে, আওয়ামী লীগের ভোটই তিন ভাগে ভাগ হয়ে যাবে। জাতীয় পার্টি তো নির্বাচনের মাঠ ছাড়তে পারলেই বাঁচে।

এই যে আওয়ামী লীগ আর আওয়ামী লীগের মধ্যে লড়াইটা শেখ হাসিনা বাধিয়ে দিয়েছেন, তার পরিণতি যে খুব একটা ভাল হবে না তা ষ্পষ্ট। ভোটারদের মধ্যে এরই মধ্যে এ নিয়ে একটা দোটানা শুরু হয়েছে, কোথাও ত্রিশঙ্কু অবস্থা পড়েছেন। আর এমন পরিস্থিতি থেকে বাঁচতে ভোট কেন্দ্রে যাবেন না এমন আওয়ামী লীগ ভোটারের সংখ্যা কম নয়।

সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। তারা নির্বাচনের ব্যাপারে আগ্রহী , কিন্তু ভোট দেয়ার কোন কারণ খুঁজে পাচ্ছেন না। রাজধানীর নবাবপুরের ব্যবসায়ী মতিন রহমান (ছদ্মনাম) বললেন, ভোট দিতে চাই, কিন্তু দিয়ে কি লাভ হবে? যে জিতবে সেই আওয়ামী লীগের প্রার্থী, তাই ভোট দেয়ার কোন আগ্রহই নেই মানুষের। তিনি জানিয়েছেন, ‘ভোটকেন্দ্রের আশপাশে গিয়ে দেখবো যদি শান্তিপূর্ণ পরিবেশ পা্‌ই তাহলে ভোট দেব’

এ সময় আরেক ব্যবসায়ী বলেন, ভোট দিতে গিয়ে লাভ কী? গেলেই হয়তো বলে দেবেন তার ভোট দেয়া হয়ে গেছে।

রাজধানীর শাহজাহানপুরে রিকসা চালক আলাউদ্দিন বললেন, এই ভোট দিয়া লাভ কী? তারা ভোট গুণেও দেখবে না, ইচ্ছামত একটা ভোটের সংখ্যা বসিয়ে দিয়ে বিজয়ী ঘোষণা করে দেবেন।

ঢাকার একজন সাংবাদিক, তিনি ভোট দেবেন, নিজেই যাবেন শুধু তাই নয়, অন্যদেরও অনুপ্রাণিত করছেন তিনি। তার বক্তব্য, ভোট আনন্দের বিষয়, আমি আমার আনন্দ থেকে বঞ্চিত হতে যাব কেন?

তার কথার সূত্র ধরে তারই এক বন্থু, বললেন, আমি ভোট দিতে যাব না, কারণ আমি মনে করি এ নির্বাচন মূল্যবান ভোটকে মূল্যহীন একটি বিষয়ে পরিণত করে ফেলেছে আওয়ামী লীগ। তার মতে, এ নির্বাচনের ফলাফল নির্ধারিত, আমি বা আমরা ভোট না দিলেও কিছু যায় আসে না। কিন্তু আমি ভোট দেব না, কারণ আমি আমার বিবেকের কাছে পরিষ্কার থাকতে চাই। একটি ভোট না দিলে সরকারেক ঠেকানো যাবে না, কিন্তু আমি নিজেকে শান্তনা দিতে পারবো যে এই অবৈধ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম না। এ সরকার আমার দৃষ্টিতে অবৈধ, ভোট দিয়ে তাদেরকে বৈধতা দিতে পারি না। আমার প্রতিবাদ মূল্যহীন হোক, কিন্তু আমি আমার প্রতিবাদ করেই যাব। তার ধারণা, আওয়ামী লীগ নানা কৌশল নিচ্ছে, যদি তা না নিতো, তাহলে সর্বোচ্চ ১০ শতাংশ মানুষ ভোট দিত। ফলাফল জানা খেলায় যেমন দর্শক টানে না, তেমনি ভাগবাটোয়ারার পাতানো নির্বাচনেও মানুষের অংশগ্রহণ থাকবে না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন