Logo
Logo
×

অভিমত

ভোটের পর কী হবে

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪, ০৭:১৩ পিএম

ভোটের পর কী হবে

আওয়ামী লীগের নেতাকর্মীরা তো বটেই, অনেক সাধারণ মানুষও এখন বিশ্বাস করতে শুরু করেছেন আওয়ামী লীগ অপরাজেয়। মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর আহবান ও নানা পদক্ষেপ সত্ত্বেও আওয়ামী লীগ যেভাবে পাতানো বা ডামি নির্বাচনের দিকে এগিয়ে গেল তাতে সবার এই বিশ্বাস দৃঢ় হয়েছে।

এতকাল জানা ছিল, দেশের ভেতরের কোনো শক্তি আওয়ামী লীগকে থামাতে পারবে না। এখন বোঝা যাচ্ছে, দেশের বাইরের শক্তিগুলোও আওয়ামী লীগকে থামাতে পারছে না।

স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ ধারণা করছে, এবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ওপর নতুন করে চড়াও হবে। প্রধান রাজনৈতিক দলগুলোকে তারা এরই মধ্যে কোণঠাসা করে ফেলেছে। দলটির শীর্ষ নেতাদের বেশিরভাগকেই জেলে পোরা হয়েছে।  এক নম্বর থেকে ২৫০০ নম্বর নেতা পর্যন্ত সবার বিরুদ্ধে কোনো না কোনো মামলার রায় হয়েছে বা শীঘ্রই হয়ে যাবে। জেলের বাইরে থাকা নেতারা হয় আত্মগোপনে, নয়তো সাবধানে অথবা নিষ্ক্রিয় হয়ে আছেন। অসহযোগের মতো অভিনব ও সৃষ্টিশীল কর্মসূচি ঘোষণা করা হলেও এ নিয়ে প্রচার-প্রচারণা অত্যন্ত কম। বেশিরভাগ এলাকায় বিএনপির নেতাকর্মীরা নেই, তারা নিজেদের এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, ২৮ অক্টোবরের পর যেভাবে গ্রামে-শহরে বিএনপির নেতাকর্মীদের দোকানপাট বাসা-বাড়িতে হামলা চালানো হয়েছে তেমন ঘটনা নির্বাচনের পর আবার ঘটবে। তবে নির্বাচনী সহিংসতার অপবাদ ঢাকতে সরকার হয়তো নির্বাচনের পরপর সহিংসতা করবে না। মন্ত্রিসভা গঠন ও শপথ গ্রহণের পর নতুন বিক্রমে বিএনপির ওপর ঝাঁপিয়ে পড়বে, এমন আশঙ্কা করছেন অনেকে।

নির্বাচনের আগে যে সরকারকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চাপ দেওয়া গেল না তা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে হতাশা আছে। নির্বাচনের পর এই হতাশা ক্রমে ভয় বা আশঙ্কায় পরিণত হতে পারে। তবে এ কথা সত্য, এখন পর্যন্ত রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিই লড়াই চালিয়ে যাচ্ছে। সরকার কোনোভাবেই বিএনপিকে বশে আনতে পারেনি। বিএনপি পিছিয়ে গেলেও পরাজিত হয়নি। বারবার নতুন শক্তি সঞ্চয় করে মাঠে ফিরেছে।

জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ ইসলামী দলগুলোকে বরং সরকার অনেক আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। শীর্ষ নেতাদের বিচার ও ফাঁসি, পরবর্তী নেতাদের গ্রেফতার ও মামলা, দলে ভাঙন, দলকে নির্বাচনের অযোগ্য ঘোষণা, সর্বাত্মক নজরদারির মধ্য দিয়ে জামায়াতে ইসলামীকে সরকার প্রায় অকার্যকর করে দিয়েছে। হেফাজতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব, উপঢৌকন, শাস্তি, বিভেদ সৃষ্টি করে সংস্থাটির রাজনৈতিক প্রভাব শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। এ সংগঠন দুটির কর্মী ও সমর্থকরা এখন অনলাইনেই বেশি সক্রিয়।

২৮ অক্টোবরের পর বিএনপির পাশে থেকে গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদ যতটা কার্যক্রম পরিচালনা করতে পেরেছে তার ছিঁটে-ফোটাও জামায়াত ও হেফাজত করতে পারেনি। জামায়াত তবু ২৮ অক্টোবর রাস্তায় দাঁড়িয়েছে, ২৮ তারিখের পর রাস্তায় দাঁড়াবার চেষ্টা করে পিছু হটেছে। কিন্তু হেফাজত ২৯ ডিসেম্বর সমাবেশের কর্মসূচি দিয়েও কোনো কারণ না দেখিয়েই তা বাতিল করেছে। অন্য গুরুত্বপূর্ণ ইসলামী দল ইসলামী আন্দোলন নির্বাচনে না গিয়ে প্রশংসিত হলেও তারা সরকার বিরোধী আন্দোলেনে শেষ পর্যন্ত জোরদারভাবে নামেনি বা নামতে পারেনি।

সরকারী বিরোধী দল জাতীয় পার্টি সবসময় সরকারের নিয়ন্ত্রণে থাকে। এবারও ব্যতিক্রম হয়নি। রাজনীতির মাঠে তাদের ভূমিকা অতীতেও ছিল না ভবিষ্যতেও থাকবে না।

এর বাইরে রাজনীতি প্রভাব রাখার মতো সক্রিয় দল নেই।

বড় রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করার পর একচেটিয়া স্বৈরতান্ত্রিক শাসন চালিয়ে যাওয়ার পথে সরকারের সামনে আর কোনো বাধা আপাতত নেই। ফলে, নির্বাচনের পর সরকার দমনপীড়ন আরও বাড়িয়ে দেবে বলে অনেকে মনে করেন। এর মধ্য দিয়ে নিজেদের কর্তৃত্ব আরও বাড়াতে চাইবে তারা। ভিন্নমত পুরোপুরি দমন করে চরম কর্তৃত্ববাদের দিকে যাত্রা করবে। সরকারের পাশে থাকবে, ভারত-চীন-রাশিয়া। নতুন বন্ধু হিসেবে পাশে দাঁড়াবে ফ্রান্স-সৌদি আরব-তুর্কিয়ে। এই বলয়ের অন্য দেশগুলোর সমর্থন তো থাকবেই। এসব মিলিয়ে আরও এক মেয়াদ সরকারের জন্য ক্ষমতা অব্যাহত রাখা কোনো ব্যাপার হবে না। আর এই মেয়াদ ক্ষমতায় থাকলে একমাত্র কার্যকর বিরোধী শক্তি বিএনপিকে পরাভূত করার জন্য সম্ভব সবকিছুই তারা করবে। তার মানে, ৭ তারিখ শুধু আওয়ামী লীগের ক্ষমতার নবায়ন হবে না। বাংলাদেশ সম্পূর্ণ নতুন একটি বাস্তবতার মধ্যে প্রবেশ করবে। অনেকে বলেন, পরিস্থিতিটা উত্তর কোরিয়ার মতো হবে, অনেকে বলেন বার্মার মতো। সে পর্যন্ত পৌঁছাতে পথ খুব বেশি বাকীও নেই।

এখন পর্যন্ত প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি এত সহজে তৃতীয় দফার জাল নির্বাচন করেও পার পেয়ে যাবে? মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব কিছুই করবে না?

উত্তর হলো, অবশ্যই করবে।

নির্বাচনী জনসভাগুলোকে শেখ হাসিনা প্রতিদিনই বলছেন- যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে লেগে আছে, ওয়ান ইলেভেনের মতো অনির্বাচিত সরকার আনার চেষ্টা চলছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। এগুলো অবশ্য নতুন কথা নয়। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতারা সবসময়ই এমন কথা বলেন। নির্বাচনের আগে হয়তো তারা সুর বাড়িয়ে দিয়েছেন। তাদের সুরে সুর মিলিয়ে নির্বাচন কমিশনও বলছে, নির্বাচন সুষ্ঠু না হলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। বাণিজ্য নিষেধাজ্ঞা সহ নানা বিধি-নিষেধ আসতে পারে। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও নানা কথা বলে চলেছেন।

১ জানুয়ারি জিএম কাদের বলেছেন, নির্বাচন না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না। নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কি না সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন।

কেউ কেউ ধারণা করছিলেন, সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের হয়তো অনানুষ্ঠানিক কোনো সমঝোতা হয়েছে। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের মামলার রায় সে কথা বলছে না। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েনও অন্য ইঙ্গিত দিচ্ছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ নেতাদের বিরুদ্ধে অভিযান, জো বাইডেনের ভারত সফর বাতিল ও কোয়াড সম্মেলন বাতিলের মতো বড় বড় ঘটনা ঘটেছে। ভারত রাশিয়ার দিকে ঝুঁকছে। বার্মার যুদ্ধেও ভারত কোণঠাসা অবস্থায় আছে। এ অবস্থায় বাংলাদেশে চীন-রাশিয়া-ভারতপন্থী আওয়ামী লীগ সরকারকে স্বস্তিতে রাখার কোনো যুক্তিই যুক্তরাষ্ট্রের পক্ষে নেই।

এসব কারণে নির্বাচনের পরপর গণহারে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা আসবে বলে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করছেন। ব্যক্তি ধরে ধরে নিষেধাজ্ঞা আসার আশঙ্কাও করা হচ্ছে। গার্মেন্ট-কেন্দ্রিক বাণিজ্য নিষেধাজ্ঞার কথা তো জোরদার আলোচনাতে আছেই। জোড়াতালি দিয়ে নির্বাচন পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলেও নির্বাচনের পর বড় অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে বলেও অনেকে মনে করছেন।

ফলে, নির্বাচনের পরপর ত্রিমুখী চাপ সামলাতে সরকার বেশ ব্যতিব্যস্ত থাকবে। বিরোধীদের ওপর নতুন করে দমন-পীড়ন চাপিয়ে দেওয়ার সুযোগ সহসা তারা পাবে না। এ অবস্থায় বিএনপি যদি মাঠের আন্দোলন না ছাড়ে তবে ফল আসতে খুব দেরি নাও হতে পারে।

বিস্ময়কর হলেও এখনও দুএকজন মনে করেন, নির্বাচনের আগেই কোনো ব্যবস্থা আসতে পারে। তারা ধারণা করেন, সরকার এরই মধ্যে জেনে গেছে। তারা নির্বাচন পর্যন্ত বিষয়টা চেপে যেতে চায়। নির্বাচনের আগে ফাঁস হয়ে গেলে নির্বাচনই ফেঁসে যেতে পারে। আওয়ামী লীগের নেতা ও আওয়ামীপন্থী গুজববাজদের অবস্থা তখন হবে মিথ্যাবাদী রাখালের মতো। বাঘ আসবে, বাঘ আসবে বলে এতদিনের মিথ্যা চিৎকারের পর সত্যিই বাঘ এসে গেলে ঘটনাটি হবে রূপকথার গল্পের মতোই বিস্ময়কর।

তবে পরিস্থিতি বলছে, নির্বাচনের আগে না এলেও নির্বাচনের পরে যে বাঘ আসবে তা নিয়ে বিশেষ সন্দেহ আর নেই।

    

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন