Logo
Logo
×

অভিমত

বাংলাদেশে নির্বাচন : এবার কি তাহলে যুক্তরাস্ট্রের পরিকল্পনা "বি"

Icon

ইয়াসির আরাফাত

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ১১:৩০ পিএম

বাংলাদেশে নির্বাচন : এবার কি তাহলে যুক্তরাস্ট্রের পরিকল্পনা

আরেকটি প্রহসনের নির্বাচনের দ্বারপ্রান্তে বাংলাদেশ। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, আওয়ামী লীগ এক অদ্ভুত প্রতিযোগিতার আবহ সৃষ্টি করেছে। নিজ দলের একাধিক নেতাকে প্রার্থী করেছে অনেক আসনে। নৌকার সাথে ট্রাক আর ঈগল পাখির প্রতিদ্বন্দ্বিতার আবহ সৃষ্টি করার জন্য আপ্রাণ চেষ্টায় আওয়ামী লীগ। জমজমাট নির্বাচনের আবহ তৈরির চেষ্টা হলেও মানুষ বুঝতে পেরেছে যে এটা একটা সাজানো নাটক। ফলে সাজানো আর পাতানো নির্বাচনের মাধ্যমে আরেকবার আওয়ামীসর্বস্ব সংসদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের ভোটাধিকার কতটা রক্ষা হবে সেটা একটা বড় প্রশ্ন, তারচে’ বড় বিবেচনার বিষয় একে কি আদৌ কোনো নির্বাচন বলা যায়?

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ছিল শক্ত অবস্থানে। মূলত: মার্কিন চাপেই সরকার এ ব্যাপারে রয়েসয়ে চলার নীতি নিয়েছিল। কিন্তু ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পণ্ড করে দেয়ার পর আওয়ামী লীগ শুধু রাজনীতির নিয়ন্ত্রণই নিজ হাতে নেয়নি, আন্তর্জাতিক ভূমিকাকেও অনেকটা অগ্রাহ্য করে। এ পরিস্থিতি দেশের মানুষের জন্য আরও নাজুক হয়ে ওঠে যখন যুক্তরাষ্ট্র বাংলাদেশ প্রসঙ্গে রহস্যজনক ভাবে চুপ করে যায়। হঠাৎ করে মার্কিন প্রশাসন বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিল কেন? সেটা এক রহস্যই বটে। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস নীরবই শুধু নয়, বলা যায় বাংলাদেশ অধ্য্যায়টা তিনি সম্ভবত: গুটিয়ে ফেলেছেন, এই সেই উছিলায় তিনি বাংলাদেশের বাইরে থাকছেন। যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিতে পেরেছে বলে বেশ আত্মতুষ্টিতে ভুগছে আওয়ামী লীগ সরকার।

বাংলাদেশের মানুষ যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী ছিল না, এখনো নয়, তবে গণতন্ত্র একটি বৈশ্বিক ধারণা হওয়ায় বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রগুলো একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে সেটাই স্বাভাবিক। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আংশগ্রহণমূলক নির্বাচনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে তা বিশ্বে একটি রাষ্ট্রকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসতে সাহায্য করতো।

এখন প্রশ্ন হলো যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের রাজনৈতিক অধ্যায়কে একেবারেই বাদ দিয়ে দিয়েছে? বিশ্লেষকদের অনেকে এমনটা মনে করলেও কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্র তার এজেন্ডা অর্জণে নিজ নীতি থেকে সরে যায়নি, প্ল্যান এ কাজ করেনি বলে যুক্তরাষ্ট্র মনে করছে, তাই তারা হয়তো চুপ করে গেছে, এখন অপেক্ষা প্ল্যান ‘বি’ র জন্য। বাংলাদেশকে কি যুক্তরাষ্ট্র ‘পরিত্যক্ত এজেন্ডা’ মনে করছে যুক্তরাষ্ট্র?

বাংলাদেশের নির্বাচন নিয়ে সক্রিয় ছিলেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু। ডোনাল্ড লু’কে মার্কিন প্রশাসনে খুবই প্রভাবশালী ও ক্ষমতাবান হিসেবে বিবেচনা করা হয়। তার ক্ষমতা ও প্রভাবের বিষয়টি বোঝা যায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের একটি মন্তব্যে। তিনি বলেছিলেন, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ডোনাল্ড লু’র নির্দেশনা মেনেই সবকিছু করেছেন।

বাংলাদেশের রাজনীতিতেও ২০২৩ সালে ঘুরেফিরে এসেছে ডোনাল্ড লু’র নাম। গত বছরের ১৪ জানুয়ারি তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন। নির্বাচন নিয়ে ডোনাল্ড লু সে সময় বলেন, একটি গ্রহণযোগ্য, সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।দেশটির পররাষ্ট্র দফতরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াও ২০২৩ সালের জুলাইয়ে ঢাকা সফর করেন। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে তার অবস্থানও ছিল শক্ত। মার্কিন প্রশাসনের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কি হতোদ্যম হয়ে বাংলাদেশ বিষয়টি পরিত্যাগ করেছেন?

এমনটা মনে করার কোন সুযোগই নেই, কারণ এটি কোন ব্যক্তিগত বিষয় নয়, এটা রাষ্ট্রীয় বিষয়। যুক্তরাষ্ট্র দৃশ্যত: পর্দার আড়ালে চলে গেছে, কিন্তু হেরে যায়নি, প্ল্যান বি নিয়ে যুক্তরাষ্ট্র যদি ফের আবির্ভূত হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন