Logo
Logo
×

অভিমত

ড. ইউনূসের কারাদণ্ড কি সরকারের ইচ্ছাপূরণ?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪, ০৩:৫১ এএম

ড. ইউনূসের কারাদণ্ড কি সরকারের ইচ্ছাপূরণ?

যেমনটা ধারণা করা হয়েছিল, হলোও তাই, বাংলাদেশের একমাত্র নোবেল পুরষ্কার জয়ী ব্যক্তিত্ব, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। তাকে এ দণ্ড দিয়েছেন ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে এ আদালত। সেই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। কারাদণ্ড হলেও ড. ইউনূসকে কারাগারে যেতে হয়নি। আপিলের শর্তে ড. ইউনুসসহ চারজনকেই এক মাসের জামিন দিয়েছে আদালত। রায়ের পর ড. ইউনুস বলেছেন, যে দোষ করেননি সেই দোষের জন্য শাস্তি পেলেন, এটা কপালে ছিলো। মনে দুঃখ রয়ে গেলো নববর্ষের আনন্দের দিনে আঘাতটা পেলেন। ড. ইউনূসের কারাদণ্ডের ঘটনায় আহত হয়েছেন, আঘাত পেয়েছেন দেশের সুচিন্তার মানুষেরাও।

ড. মুহাম্মদ ইউনূসের মামলার রায়ের দিকে নজর ছিল দেশের মানুষের। এর বিশেষ কারণও রয়েছে, এ মামলাটিকে স্বাভাবিক মামলা হিসেবে মনে করছে না মানুষ। এর কারণ, ড. ইউনূসের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব। নোবেল জয়ী এ ব্যক্তিত্বের ব্যাপারে শেখ হাসিনার মনোভাব সব সময়ই বেপরোয়া ও আগ্রাসী।  তিনি কথায় কথায় ড. ইউনূসকে ‘সুদখোর’ বলে থাকেন। বিশ্লেষকরা বলেন, স্বাধীনতার পর দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো বিশেষ ভূমিকা রাখতে শুরু করে। তাদের সবার লক্ষ্যই ছিল স্বাধীনতার স্বপ্ন পূরণে কাজ করা, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, মানুষের পাশে দাঁড়ানো।

সে সময় দেশের অর্থনীতি বিশেষ করে ব্যাংকখাতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল খুবই কম। ঋণ পাওয়ার তেমন কোন সুযোগই তাদের ছিল না, সে সময় দেশের একেবারে তৃণমূল মানুষের ঘরে ঋণসুবিধা নিয়ে হাজির হয় গ্রামীণ ব্যাংক, যার প্রতিষ্ঠাতা ড. ইউনূস। দেশের প্রয়োজনে যে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হলো, দেশের প্রচলিত আইনে যে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় তার প্রতিষ্ঠাতাকে ‘সুদখোর’ বলাটা শুধু প্রতিহিংসামূলকই নয়, এটা প্রচলিত আইনের প্রতি চরম অবজ্ঞা বলে মনে করেন আইনজ্ঞ ও বিশ্লেষকরা। আইনজ্ঞরা বলছেন, দেশের ব্যাংক ‘সুদনির্ভর’। দেশের সব অর্থনৈতিক প্রতিষ্ঠানও সুদনির্ভর। দেশের সব ব্যাংকেরই চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক থাকেন, লাখ লাখ মানুষ এসব প্রতিষ্ঠানে কর্মরত। তাহলে তারা সবাই কি ‘সুদখোর? এ প্রশ্নও কিন্তু সাধারণ মানুষ করছে।

আইনজীবীরা জানিয়েছেন, যে ধরণের মামলায় ড. ইউনূসের কারাদণ্ড হয়েছে তেমন অসংখ্য মামলা দেশের আদালতে বিচারাধীন। কিন্তু বেছে ড. ইউনূসের মামলার রায় দেয়া হলো, এটা সরকারের ‘চুজ অ্যান্ড পিক’ নীতির প্রয়োগ। যেমনটা হয়েছে বেগম খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে, যেমনটা হচ্ছে বিএনপির অন্য নেতাদের ক্ষেত্রে, কিন্তু ড. ইউনূসের বিষয়টি অবশ্যই একটু আলাদা, কেন না তিনি রাজনীতিবিদ নন। তারপরও এ মামলাটিকে সরকার কেন এত গুরুত্ব দিলো? এর কারণ ড. ইউনূসের ব্যাপারে সরকারের শীর্ষ ব্যক্তির বিরুপ ও বিদ্বেষপূর্ণ মনোভাব।

এ মামলাটি এবং দণ্ডিত ড. মুহাম্মদ ইউনূসের বিষয়টি অরাজনৈতিক হলেও এ থেকে সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের যথেষ্ট সুযোগ রয়েছে। ৭ জানুয়ারির আসন ভাগাভাগির বা ডামি  নির্বাচনের বিপক্ষে জনমত গড়ে উঠেছে, বিএনপি মানুষকে এটা বোঝাতে সক্ষম হয়েছে ৭ জানুয়ারির নির্বাচনের ভোটের কোন মূল্যই নেই, এটা শেখ হাসিনার সরকারের ক্ষমতার মেয়াদ নবায়ন ছাড়া আর কিছুই নয়। এ ক্ষেত্রে মাঠে সক্রিয় রয়েছে বিএনপিসহ নির্বাচনে অংশ না নেয়া দলগুলো। ড. ইউনূসকে সাজা দিয়ে সরকার বিরোধী রাজনৈতিক শিবিরে আরো আতংক সৃষ্টি করা হতে পারে।

বিশ্লেষকরা মনে করেন, সরকার চরম আতংকে ভুগছে, বিশেষ করে নির্বাচন যতই ঘণিয়ে আসছে সরকারের বিশেষ করে সরকার প্রধান হওয়ার রেকর্ড গড়ায় মত্ত ব্যক্তির আকাঙ্ক্ষার পাশাপাশি আতংকও বাড়ছে, তাই সরকার বিরোধী শিবিরে আতংক তৈরি করে রাখাকেই নিজেদের নিরাপত্তা ঢাল মনে করছে তারা, এরই অংশ হিসেবে ড. ইউনূসের মামলার রায় দেয়া হলো, তাকে দণ্ডিতও করা হলো। এর মাধ্যমে আইনের শাসনের কিছুই হয়নি, এখানে আইনের শাসনের কিছু নেইও, এ মামলাটি সরকার নির্দেশিত মামলা, আর এ রায় হয়তো সরকারের ইচ্ছা পূরণের রায় হিসেবেই বিবেচিত হবে।

 

 

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন