নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ব্যবসা-বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে না পারলে আমাদের দেশের ভবিষ্যৎ অনিশ্চিত মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের সকল বিষয় বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ হয়তবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে।
রোববার সকালে অন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ছয় দিন পর। নির্বাচনকে যে কোন মূল্য সুষ্ঠু ,অবাধ ও গ্রহণ মুলক করতে হবে।
নির্বাচন কমিশনার আনিসুর রহমানের কন্ঠে স্পষ্ট আতঙ্কের কথা হচ্ছে;
১.নির্বাচন সুষ্ঠু করতে না পারলে বাংলাদেশের সকল বিষয়; বিশেষ করে আর্থিক, সামাজিক, ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা রয়েছে । এমনকি বাংলাদেশ বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
২. নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে।
নির্বাচন কমিশনারের আতঙ্কের কথা আমরা বুঝি সেটা কি তিনি বোঝেন? নির্বাচন সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক করতে না পারলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তার অর্থ হচ্ছে যে কোন ধরনের নিষেধাজ্ঞার ইঙ্গিত। তার কথাতে বুঝা যাচ্ছে নির্বাচনের পরেই সেই সব নিষেধাজ্ঞা বাংলাদেশের উপরে আসতে যাচ্ছে যাকে আমরা মার্কিন ঝড় বলে উল্লেখ করে যাচ্ছি।
প্রশ্ন হল উনারা অর্থাৎ নির্বাচন কমিশন কিভাবে একটি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন করবেন? উনারা এখন যে প্রক্রিয়ার মধ্যে পড়েছেন সেখানে তো আন্তর্জাতিক মানের কোন নির্বাচন হচ্ছে না।
আন্তর্জাতিক মানের নির্বাচন হতে গেলে পাঁচটা শর্ত পূরণ করতে হয়:
১. নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে
২. নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতে হবে
৩. মানুষের অবাধে ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে
৪. ভোট গণনা যথাযথভাবে হতে হবে
৫. ভোট যথাযথভাবে গণনার পর ফলাফল ঘোষণা করতে হবে।
নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর যে তফসিল ঘোষণা করেছেন এবং তার পর থেকে এ পর্যন্ত যা যা হচ্ছে তা কি উপর লিখিত পাঁচটি শর্ত পূরণ করে?
প্রথম শর্ত অনুযায়ী এটা কোন অংশগ্রহণমূলক নির্বাচন নয় কারণ প্রধান রাজনৈতিক দল বিএনপি এতে অংশগ্রহণ করছেন না। ফলে তাদের সমর্থক গোষ্ঠী এই নির্বাচন বর্জন করেছে তারা ভোটকেন্দ্রে যাবে না।
বর্তমান প্রক্রিয়ায় একটিমাত্র রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে তারাই নিজেদের মধ্যে ভোট করছে। সেই দলের সভাপতি নিজেই আসন বিলিবন্টন করছেন। ১৭০টি আসনে নৌকার বিপক্ষে ডামি প্রার্থী আছে যাদের বেশিরভাগই নৌকা প্রার্থীর কর্মচারী অথবা আত্মীয়স্বজন। অর্থাৎ এটা এক ধরনের বিনা প্রতিধ্বনিতে নির্বাচিত হয়ে গেছে। আওয়ামী লীগ সভাপতি তার জোট সঙ্গীদের হাতেও ৬টি নৌকা তুলে দিয়েছেন। যাদের বিরোধী দল করবেন বলে মনে করেছেন তাদের ২৬ টি আসন থেকে নৌকা প্রতীক সরিয়ে নিয়েছেন। বাকি ৯৮ আসনে একটু ভোট ভোট খেলা হবে।------এটাই বাস্তবতা। অর্থাৎ আগামী ৭ই জানুয়ারি কোন নির্বাচন হচ্ছে না। যেখানে নির্বাচনই হচ্ছে না সেটাকে আবার সুষ্ঠু অবাধ এবং গ্রহণযোগ্য করার এত দায় ঠেকলো কেন নির্বাচন কমিশনের?
বাংলাদেশের মানুষ না হয় বোকা, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে এমন সাহস কয়জনের আছে? সংবাদ মাধ্যম যারা আছে তারা একেবারে এই সরকারের উচ্ছিষ্টভোগী তারাও কিন্তু এই নির্বাচন কমিশনারের মতই কথা বলেন। ফলে সাধারণ মানুষ এর বাইরে মত প্রকাশ করতে পারেন না ভয়ে।
কিন্তু আন্তর্জাতিক মহলে এই ভয় তো নেই। তারা নির্বাচন বলতে যা বোঝায় সেটা ওই পাঁচ শর্তের আলোকে। সেটা যেহেতু অনুসরণ করা হচ্ছে না। অতএব তারা এটাকে নির্বাচনই মনে করে না। এটা জানার পরও নির্বাচন কমিশন কেন এই পুতুল খেলায় মেতে উঠলো? আর সেটাকে গ্রহণযোগ্য করে তোলার এত কসরত কেন?
এই যে ভোটের খেলা হচ্ছে আমি আর ডামির মধ্যে তার পেছনে রাষ্ট্রের ১৬০০ কোটি টাকা খরচ করা হচ্ছে কেন? জেনেশুনে একটি নির্বাচনের খেলা খেলে আন্তর্জাতিক মহলকে কেন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে?
এজন্য নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে জড়িত রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা এই ভোটের খেলায় জড়িত থাকবে তারা সবাই এই অনাগত বিপদের জন্য দায়ী থাকবে।
আমিরুল ইসলাম কাগজী : সাংবাদিক ও লেখক
