জনগণকে এড়িয়ে আর উপেক্ষা করেই বার বার ক্ষমতায় আওয়ামী লীগ
ইয়াসির আরাফাত
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম
ফাইল ছবি
একটি টেলিভিশনের টকশোতে গণসংহতি আন্দোলেনর প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকীর জনপ্রিয়তা ও জনভিত্তি নিয়ে কটাক্ষ করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সাকী বর্তমান সরকারর জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলায় আক্রমণাত্মক হয়ে ওঠেন ব্যারিস্টার নওফেল। তিনি জোনায়েদ সাকীকে লক্ষ্য করে বলেন, ‘আপনার জনপ্রিয়তা কতটুকু? আপনি কি কোন পদে নির্বাচিত হতে পারবেন? একজন কাউন্সিলর হতে পারবেন আপনি?’ একটি ‘লাইভ’ অনুষ্ঠানে একজন রাজনৈতিক নেতাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা কতটা শোভন? অবশ্য ‘শোভন’ শব্দটা আওয়ামী লীগের সাথে যায় কি না সেটাও এক বড় প্রশ্ন বলে মনে করেন অনেকে।
রাজনীতিতে জনপ্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর জনপ্রিয়তার বিষয়টি প্রমাণিত হয় ভোটের মাধ্যমে। শুধু বাংলাদেশেই নয় সারা দুনিয়ার গণতান্ত্রিক রীতির ক্ষেত্রেই এটাই একমাত্র সত্য। ৭ জানুয়ারি ভোট যাই হোক, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন, এটাই এখনকার বাস্তবতা। এবার হলে শেখ হাসিনা পঞ্চমবারের মত ক্ষমতার মসনদে বসবেন। একটি দেশের সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিই সাধারণত: সরকার প্রধান হয়ে থাকেন। সে বিচারে শেখ হাসিনাই তো দেশের সবচে’ জনপ্রিয় নেত্রী! কিন্তু বাস্তবতা কি আসলে তাই? শেখ হাসিনার ব্যক্তিগত জনপ্রিয়তা কতটুকু? নির্বাচনের মাপকাঠি দিয়ে যদি যাচাই করা হয়, তাহলে ব্যক্তিগত জনপ্রিয়তায় শেখ হাসিনার অবস্থান স্বস্তিকর বা সুখকর নয়।
নির্বাচনে অংশ নিয়ে তিনি বার বার বিজয়ী হয়েছেন, আবার বাংলাদেশের সবচে’ গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে বিবেচিত ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচন। সে নির্বাচনেই শেখ হাসিনা রাজধানী ঢাকার একটি আসনে পরাজিত হয়েছিলেন। এর পরেরর সব নির্বাচনেই শেখ হাসিনা সে সব আসনেই প্রার্থী হয়েছেন যে আসনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত থাকে। যাইহোক, কোন নির্বাচনে জয়-পরাজয় দিয়ে একজন জাতীয় নেতার বিশালতা মাপা যায় না বা মাপা ঠিকও না। কিন্তু আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে এমন একটি জায়গায় নিয়ে যান অন্তত: ব্যক্তি জনপ্রিয়তায় শেখ হাসিনা তা নন। নির্মোহ পর্যালোচনা করলে যে কোন রাজনীতি বিশ্লেষকই এটা স্বীকার করবেন, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে অনেকটা ন্যূণতম জনপ্রিয়তা নিয়েই শেখ হাসিনা বার বার ক্ষমতায় আসছেন, সরকার প্রধান হচ্ছেন। প্রোপাগান্ডা দিয়ে শেখ হাসিনাকে যারা একেবারে ধরা-ছোঁয়ার বাইরে নিয়ে যান তারা শেখ হাসিনার ব্যক্তি জনপ্রিয়তার বিষয়টি এড়িয়ে যান।
এটা সবারই জানা, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন সেনা সমর্থিত সরকারের সাথে সমঝোতা করে। ক্ষমতা হস্তান্তরে শেখ হাসিনাকেই বিশ্বস্ত ব্যক্তি মনে করেছিলেন ফখরুদ্দিন-মইনউদ্দিনরা। কারণ, নির্বাচনের আগে শেখ হাসিনা বার বার বলেছিলেন, ১/১১ সরকার তাদের আন্দোলনের ফসল। সে সরকারের যাবতীয় কাজের বৈধতা দেয়ার নিশ্চয়তাও দিয়েছিলেন শেখ হাসিনা। তাই দৃশ্যত: একটি গ্রহণযোগ্য নির্বাচন হলেও সে নির্বাচনের ফলাফল ছিল পূর্বপরিকল্পিত। আর বিএনপি অংশ না নেয়ায় ২০১৪ সালের নির্বাচন ছিল ভোটারবিহীন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও সে নির্বাচন চিহ্নিত হয়েছে মহাপ্রতারণার ও নিশিভোটের নির্বাচন হিসেবে। এই তিনটি বিতর্কিত ও অগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতার দখল নিয়েছেন ও ধরে রেখেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ৭ জানুয়ারি হতে যাচ্ছে আরেক লোক হাসানো নির্বাচন। এ নির্বাচনটা অদ্ভুত। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ, ডামি প্রার্থীর ডামি নির্বাচন। ভাগ-বাটোয়ারার নির্বাচনও বলছেন অনেকে। এই নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আসছেন, জনগণের রায়ে নয়, জনগণকে এড়িয়ে আর উপেক্ষা করেই বার বার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, শেখ হাসিনা বার বার প্রধানমন্ত্রী হচ্ছেন এবং আরেকবার হতে যাচ্ছেন, এটাই বাংলাদেশের রাজনীতির বিষাদময় বাস্তবতা।
