Logo
Logo
×

অভিমত

টিআইবি-ওবায়দুল কাদের পাল্টাপাল্টি

Icon

বাংলা আউটলুক বিশ্লেষণ

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০১:০১ এএম

টিআইবি-ওবায়দুল কাদের পাল্টাপাল্টি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির বিরুদ্ধে বিভিন্ন সময়ে মন্তব্য করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। টিআইবিও ওবায়দুল কাদেরের মন্তব্যের জবাব দিয়েছে কখনো কখনো। যা সম্প্রতি আবার পরিলক্ষিত হলো।

গত ১৫ ডিসেম্বর ওবায়দুল কাদের বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি যা বলছে, তাতে ‘বিএনপির সুর’ পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, একদিকে সন্ত্রাস সহিংসতা বিএনপি ও তার দোসরদের, অন্যদিকে গুজব ভয়ঙ্করভাবে বিস্তৃত হচ্ছে। এক একটা বিষয় নিয়ে হঠাৎ করে গুজব ছড়ানো হচ্ছে। বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমাদের দেশে এখন যারা মুক্তবুদ্ধির চর্চা করেন বলে দাবি করেন, যারা মানবাধিকারের প্রবক্তা, যেমন টিআইবি…। এখনো ২৮টি দল নির্বাচন অংশ নিচ্ছে, তারপরও অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে না, এ প্রশ্নের উত্তর টিআইবির কাছে পাওয়া যাবে না। তারা জেনেশুনেই এটা করছে। বিএনপির ভাবার্দশ, মতাদর্শের প্রবক্তা হয়ে তারা ‘চোখ থাকতে অন্ধ’। এরকম একটা ভূমিকাতেই তারা অবতীর্ণ হয়েছে।
ওবায়দুল কাদের টিআইবিকে নিয়ে এমন মন্তব্য করেন তাদের এক বিবৃতির কারণে। গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে টিআইবির পক্ষ থেকে বলা হয়, তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি বিবেচনায় দেশে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হবে না, যা চরম হতাশাজনক।
পরে টিআইবি ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানায়। ১৮ ডিসেম্বর এক বিবৃতিতে তারা জানায়, গণমাধ্যম সূত্রে জানা যায়, তফসিল ঘোষণা-পূর্ববর্তী ও পরবর্তী রাজনৈতিক ও নির্বাচনী প্রেক্ষিত বিবেচনায় আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না—টিআইবির এমন মন্তব্যের প্রেক্ষিতে জনাব ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন—‘অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কী বোঝায়?’ টিআইবিকে উদ্দেশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন প্রশ্নের উত্তরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘নির্বাচন কমিশন, নির্বাচনকালীন সরকার, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকার ওপর নির্ভর করে সব নির্বাচনপ্রত্যাশী রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করেই কেবল অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব—বিজ্ঞ মন্ত্রীর তা বোঝার মতো বিচক্ষণতা রয়েছে বলেই টিআইবি মনে করে।’

অংশগ্রহণমূলক নির্বাচনের সম্ভাবনা বিনষ্ট হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করায় বিএনপির সঙ্গে টিআইবিকে জড়িয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দেয়া এ বক্তব্য অনভিপ্রেত উল্লেখ করে টিআইবির পক্ষ থেকে বলা হয়, ‘টিআইবি একটি অরাজনৈতিক সংগঠন এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কাজ করে না। সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী ও দেশের প্রধান রাজনৈতিক দলের দ্বিতীয় প্রধান ব্যক্তির এমন বক্তব্য পুরোপুরি অমূলক ও হতাশাজনক।’
তবে গত সপ্তাহের এ পাল্টাপাল্টি বক্তব্য শেষ হয়নি এ সপ্তাহেও।

মঙ্গলবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন দিয়েছে টিআইবি। তারা বলেছে, এবার আওয়ামী লীগের যারা প্রার্থী তাদের মধ্যে ৮৭ শতাংশ কোটিপতি, যেটি ২০১৮ সালে ছিল মাত্র ১৭ শতাংশ। পাঁচ বছরে আয়ের যে পার্থক্য এটি কীভাবে হলো এবং একজন প্রতিমন্ত্রীর কথা বলা হয়েছে, দেশের বাইরে তার দুই হাজার কোটি টাকার ব্যবসা রয়েছে।

এ বিষয়ে বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, গত ১৫ বছরে বাজেট বেড়েছে ১২ গুণ, মাথাপিছু আয় বেড়েছে পাঁচ গুণ। বাংলাদেশ এখন ৩৩তম অর্থনীতির দেশ। (সার্বিক) আয় বাড়লে মানুষের আয়ও তো বাড়বে। অস্বাভাবিকভাবে কারও আয়টা দৃষ্টিকটু মনে হলে, সেটা তো এই মুহূর্তে সরকারের কিছু করণীয় নেই। এখন সরকার রুটিন ওয়ার্ক করছে। সময় মতো দেখবেন...প্রধানমন্ত্রী বলেছেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিতে।

একজন মন্ত্রীর দুই হাজার ১৩১ শতাংশ সম্পদ বেড়েছে, এটিকে আপনি দৃষ্টিকটু মনে করেন কি না—আরেকজন গণমাধ্যমকর্মী জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি এভাবে একজন প্রার্থীর সম্পর্কে; তিনি নির্বাচনে প্রার্থী, এর মধ্যে আমি কিছু বলতে চাই না। আমার কিছু বলার থাকলে আমি পরবর্তীতে আমার এ কথা বলার কোনো ফোরামে সুযোগ হলে আমি অবশ্যই বলব।

অবশ্য তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, টিআইবির দেওয়া কোটিপতির হিসাবে গরমিল আছে, তা উদ্দেশ্যপ্রণোদিত এবং এই হিসাব দিয়ে জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে টিআইবির খুব বড় গলা ছিল, প্রচুর প্রেস কনফারেন্স করেছে, বক্তৃতা-বিবৃতি দিয়েছে। পরে দেখা গেলো যে, পদ্মা সেতুতে দুর্নীতি তো হয়ইনি, দুর্নীতি হওয়ার কোনো সুযোগও সৃষ্টি হয়নি। কারণ টাকা ছাড়া দুর্নীতি হয় কীভাবে! তারা নানা সময়ে নানা গবেষণা করে, পরে দেখা যায় সেগুলো আসলে গবেষণা নয়, কতগুলো রিপোর্ট। নিজেদের ইচ্ছামতো বা সরকারকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিপোর্ট প্রকাশ করা হয়।

 
 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন