Logo
Logo
×

অভিমত

নির্বাচনের  আগে চাপে দেশের অর্থনীতি 

Icon

মো. সহিদুল ইসলাম সুমন

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পিএম

নির্বাচনের  আগে চাপে দেশের অর্থনীতি 
আগামী ৭ জানুয়ারি, রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচনের আগে দেশের অর্থনীতির প্রায় সবকটি সূচকই নিম্নমুখী। দেশের অর্থনীতি নানা ধরনের চাপের মধ্যে পড়েছে। রপ্তানি আয়ে কোনো প্রবৃদ্ধি নেই, আমদানিতেও একই অবস্থা। রাজস্ব আয়েও বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। 
আরও খারাপ খবর হচ্ছে, আয় কম থাকায় সরকারের ঋণ করার প্রবণতা বাড়ছে। বেসরকারি বিনিয়োগ বহু বছর ধরেই স্থবির। দিন যত যাচ্ছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ব্যাংক থেকে বেসরকারি খাতে ঋণ নেওয়া অনেক কমে গেছে। এর প্রভাব হচ্ছে, পুঁজি যন্ত্রপাতি ও কাঁচামাল আমদানির জন্য ঋণপত্র খোলা কম হচ্ছে।
অন্যদিকে, শেয়ারবাজার দীর্ঘদিন ধরেই পতনের ধারায় আছে। এরমধ্যে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি ও ডলার সংকট। রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয়ে ধীরগতি। খেলাপি ঋণের ভারে বিশৃঙ্খল আর্থিক খাত। 
 
চরম তারল্য সংকটে পড়েছে ব্যাংক খাত, তার সাথে যুক্ত হয়েছে বৈদেশিক ঋণের চাপ। এই প্রসংগে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার কথা বলতে গিয়ে বলেছেন, “আমাদের অর্থনীতি বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। আমার ৩৬ বছরের সিভিল ও পাবলিক সার্ভিসে আমি কখনোই এমন অর্থনৈতিক সংকট প্রত্যক্ষ করিনি। আর্থিক হিসাবের ঘাটতি হতে কখনোই দেখিনি। এখন পরিস্থিতি একেবারে তলানিতে নেমে এসেছে। আর খারাপ হওয়ার  সুযোগ নেই।”  
 
সব মিলিয়ে কঠিন সময় পার করছে দেশের অর্থনীতি। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি অর্থবছরে (২০২৩-২৪) বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৫.৬ শতাংশ।
 
দেশের ৬১টি ব্যাংকের মধ্যে বেশির ভাগই ধারদেনা করে দৈনন্দিন খরচ মেটাচ্ছে। অতীতে এত বেশি ব্যাংকের টাকা ধার করার নজির নেই। শরিয়াভিত্তিকভাবে পরিচালিত পাঁচ ব্যাংকের আর্থিক লেনদেন সেবা বন্ধের উপক্রম হয়েছে। ব্যাংকগুলোকে চিঠি দিয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দীর্ঘদিন ধরে ব্যাংকগুলোর সঙ্গে থাকা বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবের স্থিতি ঋণাত্মক। সরকার দেশের অর্থনীতির আভ্যন্তরীণ সমস্যাগুলোকে পাশ কাটিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ। এদিকে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৪টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকসহ ১৪টি ব্যাংক রেকর্ড মূলধন ঘাটতির মুখে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে এই ব্যাংকগুলোর মূলধন ঘাটতি ছিল ৩৭ হাজার ৫০৮ কোটি টাকা। মূলধন ঘাটতির ইতিহাসে যা সর্বোচ্চ ঘটনা। এর আগে ২০২১ সালের শেষ প্রান্তিকে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৪০ কোটি টাকা মূলধন ঘাটতির ঘটনা ঘটেছিল। এর মধ্যে রপ্তানি আয়, রেমিট্যান্স ও বৈদেশিক সহায়তা আরো সংকুচিত হওয়ায় ডলারের সংকট আরো দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। 
 
সংকট একটির সাথে আরেকটি ওতপ্রতোভাবে জড়িত। জ্বালানি ও খাদ্যপণ্যের দাম বাড়ায় আমদানিতে যেকোনো সময়ের তুলনায় বেশি ডলার ব্যয় করতে হচ্ছে। এবং তার সাথে যুক্ত হয়েছে ঋণ পরিশোধের চাপ। রপ্তানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় অনেক বাড়ায় কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে। কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও। আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে অনিশ্চয়তা আছে বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক ও(এডিবি)।
 
দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে চরম তারল্য সংকট দেখা দিয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ধারের পরিমাণও বাড়ছে। গত ২০ ডিসেম্বর বুধবার সংকটে থাকা বিভিন্ন ব্যাংক রেকর্ড পরিমান ২৪ হাজার ৬১৬ কোটি টাকা স্বল্পমেয়াদি ধার নিয়েছে। এর আগে গত ২৫শে অক্টোবর সর্বোচ্চ ২৪ হাজার ৪৫৫ কোটি টাকা ধার নেয়ার রেকর্ড ছিল। গত ২০ ডিসেম্বর পর্যন্ত ধারের স্থিতি দাঁড়িয়েছে ৭০ হাজার ৩৭৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক থেকে ধার নেওয়ার পাশাপাশি আন্তঃব্যাংক কলমানিতে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে ধার করে চলছে। কলমানির সুদের হার ১১ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার কলমানিতে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ২৯৩ কোটি টাকা, যার গড় সুদহার ছিল ৯.১৪ শতাংশ। গত ২০ডিসেম্বর বুধবার এ ধারের পরিমাণ ছিল ৩ হাজার ৭৩৮ কোটি টাকা, যার গড় সুদহার ৯.১৩ শতাংশ। এবং ব্যাংকে ঋণের সুদের হার বাড়ছে। আগে ঋণের সুদহার ৯ শতাংশে এবং আমানতের সুদের হার ৬ শতাংশে সীমিত ছিল। এখন ঋণের সুদের হার বেড়ে সাড়ে ১১ শতাংশ ছাড়িয়ে গেছে। এতে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে। ফলে পণ্যেও উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বেড়ে যাচ্ছে। এতেও মূল্যস্ফীতির হারে চাপ আসবে। চলতি বছর খেলাপি ঋণের রেকর্ড তৈরি হয়েছে দেশের ব্যাংক খাতে। জুন প্রান্তিক শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১০.১১ শতাংশ। এ সময় পর্যন্ত ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা।এদিকে বিশ্বব্যাংক জানায়, ১২ বছরে বাংলাদেশের ঋণ আড়াই গুণের বেশি বেড়েছে। আর গত বছরে বেড়েছে ৬.৫৯ শতাংশ। 
 
এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে লুটপাট, সম্প্রতি সিপিডির তথ্য মতে ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে বিভিন্ন আর্থিক অনিয়মের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে লোপাট হয়েছে ৯২ হাজার ২৬১ কোটি টাকা। তাতে দেখা গেছে, ২০০৮-২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২২.৬১ বিলিয়ন টাকা বা ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ বা অপচয় হয়েছে।
 
গত বার বছর ধরে চলা ফিক্সড এক্সেইঞ্জ রেইট হঠাৎ টালমাটাল হওয়ায়, ডলারের দামে লাগাম টানা হয়েছে। যদিও বাজারে খুব একটা প্রভাব নেই। নভেম্বর ও ডিসেম্বরে ডলারের দাম তিন দফায় কমানো হয়েছে। ফলে এখন ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১১০ টাকা দামে। আগে ছিল ১১১ টাকা। মাঝে অস্থিরতায় খোলাবাজারে ডলারের দাম ওঠে ১২৭ টাকায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দর। তবে এখনো মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলোতে ডলার সর্বোচ্চ ১১৬ টাকা করে বিক্রি করার কথা থাকলেও ১২২ টাকার নিচে তাদের কাছে ডলার মিলছে না। 
 
কমছে রেমিট্যান্স প্রবাহ - বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে দেখা যায়, নভেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে ১৯৩ কোটি ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় যা ২১ হাজার ২৩০ কোটি টাকা (প্রতি ডলার ১১০ টাকা ধরে)। আগের মাস অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৭৫ লাখ ডলার।  খাত সংশ্লিষ্ট ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মাসের প্রথমে ডলার রেট বেশি থাকায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছিল। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে সংকটের মধ্যেও ডলারের দাম কমায় ব্যাংকগুলো। ফলে কম দামে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে নিরুৎসাহিত হচ্ছেন প্রবাসীরা।
চলতি ডিসেম্বর মাসে আইএমএফের ঋণ বাবদ ৬৮ কোটি ৯৮ লাখ ডলারসহ তিনটি সংস্থার ১৩১ কোটি ডলার যোগ হওয়ায় সামান্য বেড়েছে দেশের রিজার্ভ। তবে জানুয়ারিতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) দেনা শোধ করলে এবং স্বল্প মেয়াদি ঋণ ১২ বিলিয়নের কিছু অংশ পরিশোধ করলেও রিজার্ভ আবার কমে যাবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫.৮২ বিলিয়ন ডলারে। তবে খরচ করার মতো রিজার্ভ (বিপিএম৬) আছে ২০.৪১ বিলিয়ন ডলার। তাই রিজার্ভ নিয়ে শঙ্কা আপাতত কাটছে না। বরং অনিশ্চয়তা বাড়ছে।
 
দেশে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস রপ্তানি খাত। আর এ খাতেই এখন প্রবৃদ্ধি ঋণাত্মক। চলতি বছরের নভেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের চেয়ে ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্যমতে, তৈরি পোশাকের রপ্তানি কমায় চলতি বছরের নভেম্বরে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ০৫ শতাংশ কমেছে।  ইপিবির তথ্য অনুযায়ী, চলতি বছরের নভেম্বরে রপ্তানি আয় এসেছে ৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার, গত বছরের নভেম্বরে যা ছিল ৫ দশমিক ০৯ বিলিয়ন ডলার। এবং চলতি বছরের অক্টোবরে রপ্তানি আয় এসেছে ৩ দশমিক ৭৬ বিলিয়ন ডলার, যা এক বছর আগে ছিল ৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।এটি ধারাবাহিকভাবে কমছে।
 
গত জুলাই-নভেম্বরে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল আমদানি কমেছে ২৪.১৮ শতাংশ। এলসি খোলা বেড়েছে ১ শতাংশেরও কম। এর নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানিতে। জানুয়ারিতে ব্যাক টু ব্যাক এলসি আরও কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। 
 
একদিকে সরকারের রাজস্ব আয় কমছে। অন্যদিকে শিল্পের কাঁচামাল আমদানি কম হওয়ায় উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আমদানি ব্যয়েও প্রবৃদ্ধি হয়নি। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে আড়াই শতাংশ। এ সময়ে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র বা এলসি নিষ্পত্তি কমেছে সাড়ে ১২ শতাংশ এবং শিল্পের কাঁচামালে কমেছে সাড়ে ৬ শতাংশ। বিশেষজ্ঞরা মনে করেন, রপ্তানি ও আমদানি কমে যাওয়া এবং আভ্যন্তরীণ অর্থনীতির মন্দার কারণেই ব্যবসা-বাণিজ্যের গতি কমে গেছে। এরই প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আয়ের প্রধান তিন খাতেই আদায় কমেছে। তিন খাত হলো আমদানি ও রপ্তানি পর্যায়ে শুল্ক-কর, স্থানীয় পর্যায়ে ভ্যাট এবং আয়কর। এর মধ্যে চলতি অর্থবছর থেকেই নতুন ভ্যাট আইন বাস্তবায়ন করা হয়েছে। দীর্ঘ প্রস্তুতির পর চালু করা হলেও এখন দেখা যাচ্ছে, অনেক কিছুই ঠিকঠাক নেই। ফলে ভ্যাট আদায় কমে গেছে। এনবিআরের তথ্যমতে, জুন থেকে নভেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম ৫ মাসে ১.৩২ লাখ কোটি টাকার রাজস্ব আহরিত হয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১৩.২৫ শতাংশ প্রবৃদ্ধিসহ এক লাখ ১৫ হাজার ৮১৮ কোটি টাকার রাজস্ব আহরিত হয়েছিল। চলতি অর্থবছরের এই সময়ে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১.৪৮ লাখ কোটি টাকার বিপরীতে ১৬ হাজার কোটি টাকা ঘাটতি থাকায় আইএমএফের শর্ত পরিপালন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
 
বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংক খাত থেকে বেসরকারি খাত ঋণ নিয়েছে অনেক কম। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি মাত্র দশমিক ৬৪ শতাংশ। ঋণ ও আমানতের সুদহার হবে নয়-ছয় শতাংশ, সরকার এই সিদ্ধান্ত চাপিয়ে দিলেও এখন পর্যন্ত তা কার্যকর হয়নি। উল্টো ব্যাংক খাতে আমানত কমে গেছে, ঋণের সুদহার আগের মতোই বেশি, আবার খেলাপি ঋণ বেড়ে গেছে। সব মিলিয়ে ব্যাংক খাত নিয়ে ‘নয়-ছয়’ করায় সামগ্রিক অর্থনীতির সংকটই আরও বৃদ্ধি পেয়েছে। ঘুরে দাঁড়াবার বদলে স্থবির হয়ে পড়েছে বিনিয়োগ খাত। অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিনিয়োগ প্রবাহেও কোনো ভালো খবর নেই। কারণ বিনিয়োগকারীরা বর্তমানে নতুন ব্যবসা বা প্রকল্প শুরু কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ করছেন না। অর্থনৈতিক অস্থিরতার মধ্যে বিনিয়োগ প্রবাহেও কোনো ভালো খবর নেই। কারণ বিনিয়োগকারীরা বর্তমানে নতুন ব্যবসা বা প্রকল্প শুরু কিংবা বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ করছেন না।বাংলাদেশে চলমান অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিপরীতে বিনিয়োগের অনুপাত কমেছে। অব্যাহত ডলার সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতির হার ও আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা কমার কারণে বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়ায় এ পরিস্থিতি দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেওয়া প্রাক্কলিত তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ-মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত ০.৮৮ শতাংশ পয়েন্ট কমে ২৩ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে। তিন বছরের মধ্যে এই অনুপাতের এটি দ্বিতীয় পতন।
 
দেশের এমন কঠিন সময়েও ঋণ প্রতিশ্রুতি বা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসছে না বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্র হিসেবে পরিচিত তিন দেশ ভারত, চীন ও রাশিয়া। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এ তিন দেশের কাছ থেকে কোনো ঋণ সহায়তার প্রতিশ্রুতি মেলেনি। এ সময় দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশের অনুকূলে কিছু অর্থ ছাড় হলেও তা মূলত আগে প্রতিশ্রুত ঋণের অর্থ। আন্তর্জাতিক ভূ-অর্থনীতির পর্যবেক্ষক ও অর্থনীতিবিদরা বলছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ঋণ পরিশোধ সক্ষমতা নিয়ে উন্নয়ন সহযোগীদের মধ্যে এক ধরনের আশঙ্কা তৈরি করেছে। 'এ অবস্থায় নব্যদাতা হিসেবে পরিচিত বাংলাদেশের ঘনিষ্ঠতম মিত্ররাও এখন নতুন ঋণসহায়তা নিয়ে এগিয়ে আসার ক্ষেত্রে কিছুটা রক্ষণশীল অবস্থান বজায় রেখেছে এবং যার ফলে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনিশ্চয়তা এবং ঝুঁকি বিবেচনায় সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে মিত্রদের অর্থায়ন মিলছে না। বহুজাতীয় সংস্থাগুলো থেকে ঋণ এলেও দ্বিপক্ষীয় উৎস থেকে ঋণের গতি কমে এসেছে। হয়তো বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা “ওয়েট অ্যান্ড সি পলিসি’’ গ্রহণ করেছে। সে কারণে দেশে এফডিআইয়ের পরিমাণও কমে এসেছে।’ এই সংকট সহসা কাটছে না বলে মনে করেন দেশের অধিকাংশ অর্থনীতিবিদ এবং  তারা মনে করেন,আগামী নির্বাচন যদি বহির্বিশ্বের কাছে গ্রহণযোগ্য না হয়, তবে তার জন্য হয়তো, দেশের অর্থনীতিকে অনেক বড় মাশুল দিতে হতে পারে। তাছাড়া এই অর্থ বছরে ৮ বিলিয়ন স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের চাপও আছে। হয়তো বা এ কারণেই দেশে সর্বোচ্চ পর্যায় থেকে ও আগামী মার্চে দুর্ভিক্ষের ইঙ্গিত দেওয়া হচ্ছে। তাই দেশের অর্থনীতির স্বাভাবিক ধারা বজায় রাখতে আর্থিক খাতসহ বিভিন্ন খাতে ব্যাপক  সংস্কারের প্রয়োজন। তবে এই ক্ষেত্রে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নিয়ে।  
 
লেখক : অর্থনৈতিক বিশ্লেষক
 
 
 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন