Logo
Logo
×

অভিমত

ড. ইউনূসের মামলার রায়: ফায়দা হাসিল করতেই কি তাড়াহুড়া?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পিএম

ড. ইউনূসের মামলার রায়: ফায়দা হাসিল করতেই কি তাড়াহুড়া?

বাংলাদেশের একমাত্র নোবেল পুরষ্কার জয়ী ব্যক্তিত্ব, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আদালতের মামলার রায় দেয়া হবে পহেলা জানুয়ারি। ২৪ ডিসেম্বর ৯ ঘন্টার যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণা করেন ঢাকার শ্রম আদালতের বিচারক শেখ মেরিনা সুলতানা। শেষ দিনে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় সকাল সাড়ে ১১ টার দিকে। দু'দফা বিরতি দিয়ে চলে রাত প্রায় সোয়া আটটা পর্যন্ত।

আর প্রশ্নটা এখানেই, এ মামলাটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে এক নাগারে নয় ঘন্টা যুক্তিতর্ক হলো, আদালতের স্বাভাবিক কার্যঘন্টার পর বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যার পর রাত হয়ে গেলো কিন্তু আদালত তার কার্যক্রম চালিয়ে গেলো? আইনের স্বাভাবিক গতি আর প্রক্রিয়ার সাথে এটা কতটা যায়? মানুষের মনে বিচার বিভাগ নিয়ে যে সন্দেহ তা তো আর এমনি এমনি হয় না। আদালত কি চাইলে আর একটি দিন শুনানি করে নির্দিষ্ট কর্মঘন্টার মধ্যেই বিচারিক কার্যক্রম সীমিত রাখতে পারতো না? কিন্তু তা হয়নি, সম্ভবত: নির্বাচনের আগে এ মামলাটিকে একটি তুরুপের তাস কিংবা আইওয়াশ হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই স্বাভাবিক প্রক্রিয়ার শুনানিকে শেষ করা হলো অস্বাভাবিক প্রক্রিয়ায়।

গ্রামীণ টেলিকমের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করার অভিযোগে  ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এ মামলা করেন। মামলার অন্য তিন বিবাদী হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও শাহজাহান।

এই মামলায় সর্বোচ্চ সাজা ৬ মাসের জেল ও ২৫ হাজার টাকা জরিমানা। অভিযোগের সব প্রমাণ উপস্থাপন করা হয়েছে বলে  দাবি রাষ্ট্রপক্ষের। তবে ড. ইউনূসের আইনজীবীদের আশা খালাস পাবেন তিনি। আইনজীবী আব্দুল্লাহ আল মামুন অবশ্য বলছেন, এ ধরনের প্রতিষ্ঠানে যে প্রক্রিয়া অনুসরণ করে শ্রম আইনের মামলা করতে হয় তার কোনও প্রক্রিয়াই এখানে অনুসরণ করা হয় নি।

তিনি দাবি করছেন, "কলকারখানা অধিদপ্তর যে মামলা করেছে এটি কোনও ফৌজদারি মামলা হতে পারে না।" এখন যদি পরিবেশ উল্টে যায়, তাহলে রায়ের বিষয়টি আলাদা ব্যাপার হবে।

আইনজ্ঞরা মনে করছেন, ১ জানুয়ারি এ মামলার রায়ে ড. ইউনূসকে সাজা দিয়ে সরকার বিরোধী রাজনৈতিক শিবিরে আরো আতংক সৃষ্টি করা হতে পারে। এর ভিন্নমতও রয়েছে। অনেকে বলছেন, ড. ইউনূস এ মামলায় বেকসুর খালাস পেলেও অবাক হওয়ার কিছু নেই। তারা মনে করছেন, এমন রায়ের মাধ্যমে সরকার আন্তর্জাতিক অঙ্গণকে এ ধারণা দিতে পারে যে, বাংলাদেশের বিচার ব্যবস্থা পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ। 

মামলার রায় যাই হোক, এ মামলাটিকে স্বাভাবিক মামলা হিসেবে মনে করছে না মানুষ। এর কারণ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোভাব। ড. ইউনূসের ব্যাপারে শেখ হাসিনা সব সময়ই বেপরোয়া ও আগ্রাসী মনোভাব দেখিয়ে আসছেন। তিনি কথায় কথায় ড. ইউনূসকে ‘সুদখোর’ বলে থাকেন। দেশের প্রয়োজনে যে ব্যাংকটি প্রতিষ্ঠা করা হলো, দেশের প্রচলিত আইনে যে ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয় তার প্রতিষ্ঠাতাকে ‘সুদখোর’ বলাটা শুধু প্রতিহিংসামূলকই নয়, এটা প্রচলিত আইনের প্রতি চরম অবজ্ঞা। দেশের ব্যাংক ‘সুদনির্ভর’। দেশের সব অর্থনৈতিক প্রতিষ্ঠানও সুদনির্ভর। দেশের সব ব্যাংকেরই চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক থাকেন, লাখ লাখ মানুষ এসব প্রতিষ্ঠানে কর্মরত। তাহলে তারা সবাই কি ‘সুদখোর? ব্যাংক, বীমা, ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর উচিত ছিল শেখ হাসিনার এমন অসৌজন্যমূলক মন্তব্যের প্রতিবাদ করা, কিন্তু তা কি কেউ করেছে? করেনি, কারণ কার ঘাড়ে দু’টি মাথা আছে? শেখ হাসিনার অবস্থানের সাথে মেলেনি বলে আওয়ামী লীগের কতজনই না এ ঘাট ও ঘাট করছেন? সেখানে শেখ হাসিনার বিপরীতে অন্য কেউ কথা বলবেন তা ভাবাও যায় না। এটাই এখনকার বাংলাদেশ।

 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন