পৃথিবীতে ভাইরাসের সংখ্যা আনুমানিক ১০ লক্ষ, তার মাঝে প্রাণীর দেহে সংক্রামিত হতে পারে এমন ভাইরাসের সংখ্যা ৩ লক্ষের ওপরে।
তবে এখানে একটা কথা আছে। সব ভাইরাস কিন্তু মানুষকে সংক্রামিত করতে পারে না। মানুষকে সংক্রামিত করতে পারে এমন ভাইরাস মাত্র ২১৯টি।
এখানেও একটা কথা আছে, সব ভাইরাস কিন্তু মারণঘাতি নয়; ইবোলা, ডেঙ্গুসহ এই সংখ্যা মাত্র ১০ কি ১৫টি।
বিংশ শতাব্দীতে সবচেয়ে আলোচিত একটি ভাইরাসের নাম কভিড-১৯। বিশ্বের মানুষের দেহের শ্বাসতন্ত্রে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল এই মারাত্মক ভাইরাস। এ ধরনের জৈবিক ভাইরাস ছাড়াও পৃথিবীতে আছে আরো কিছু মারাত্মক ভাইরাস। কম্পিউটারের নানা ভাইরাস নিয়ে তো আমরা প্রায়শই নাজেহাল হই। মাঝে মাঝে প্রিয় কম্পিউটারটিও নিয়ে যেতে হয় আইসিইউতে। বিশ্বের গণতন্ত্রও আক্রান্ত হচ্ছে ঠিক তেমনি এক ভাইরাসে, এর নাম কিম-১১। জৈবিক ভাইরাস যেমন একমাত্র জীবিত কোষে বিস্তার লাভ করে, কিম-১১ ভাইরাস শুধু জীবিত গণতন্ত্রেই আক্রমণ করে।
বাংলাদেশের গণতন্ত্র এখন কিম-১১ পজেটিভ। এই মারাত্মক গণতন্ত্রঘাতি ভাইরাসের জন্ম উত্তর কোরিয়ার ডব্লিউপিকের ল্যাবরোটরিতে। আর এই ভাইরাস নিয়ে প্রথম গবেষণা শুরু করেন ১৯৪৮ সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং। দীর্ঘ সময় গবেষণা করে প্রথম ভাইরাসটি তৈরি হয় ১৯৯৪ সালে, নাম ছিল KIM। আর এই মারাত্মক গণতন্ত্রঘাতি ভাইরাস সফল ভাবে উত্তর কোরিয়ার গণতন্ত্রকে সংক্রামিত করতে পেরেছিল সবচেয়ে দ্রুত সময়ে। সাফল্যে উচ্ছ্বসিত হয়ে এরই ধারাবাহিকতায় এক চিমটি পুতিন, এক চিমটি আসাদ ও এক মুছো চিন পিং নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয় একটি নতুন ভেরিয়েন্ট এবং অনেক বেশি গণতন্ত্রঘাতি ভাইরাস কিম-১১। জার্মানির গবেষণা প্রতিষ্ঠান বেরটেলসমান স্টিফটুংয়ের এক গবেষণায় দেখা যায়, নতুন করে আরো পাঁচটি দেশ সহ এ পর্যন্ত ৫৮টি দেশের গণতন্ত্রে সংক্রামিত হয়েছে এই গণতন্ত্রঘাতি ভাইরাস। তার মধ্যে অন্যতম "বাংলাদেশ"। গণতন্ত্রঘাতি এই ভাইরাসেরও রয়েছে পাঁচটি প্রত্যক্ষ লক্ষণ, যেমন ০১. গণতন্ত্রের গন্ধ না পাওয়া ০২. ভোটের স্বাদ না পাওয়া ০৩. ক্ষমতার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া ০৪. ঘন ঘন উন্নয়নের কাশি ০৫. প্রচণ্ড চেতনার মাথা ব্যথা।
বাংলাদেশের গণতন্ত্র এই নতুন ভেরিয়েন্ট কিম-১১ প্রথম আক্রান্ত হয়েছিল ২০১৪ সালে একটি নির্বাচনের মাধ্যমে। ওই বছরের একটি একতরফা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রঘাতি কিম-১১ সংক্রামিত হয় বাংলাদেশে। ৩০০ আসনের মধ্যে ১৫৪টি আসনে বিনা ভোটে জয় লাভ করে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগ। অর্থাৎ সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের বেশি আসন বিনা ভোটেই আয়ত্ত হলে গণতন্ত্রের গন্ধ লোপ পায় দেশটির। ২৩৪টি আসন নিয়ে সরকার গঠিত হয় এই সংক্রামিত দেশটিতে। ধীরে ধীরে আরো স্পষ্ট হতে থাকে সংক্রামিত হওয়ার লক্ষণ। শুরু হয় ক্ষমতার উত্তাপ। উত্তাপে পুড়ে ছাই হতে থাকে বিরোধী দল, বিরোধী মত; শুরু হয় গুম এবং খুন। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশে বিরোধী মতের ৩৪৪ জন ব্যক্তি গুমের শিকার হয়, কিছু সংখ্যক বাড়ি ফিরে আসলেও এখনো নিখোঁজ কয়েক শত নেতা। তাদের মধ্যে মাত্র ৬৬ জনের লাশ খুঁজে পাওয়া গেছে দেশটির বিভিন্ন জায়গায়। ক্ষমতার জ্বরে আক্রান্ত সরকার কাঁপুনি দিয়ে মামলা করতে থাকে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। শুধু ২০১৪ সালের জানুয়ারিতে, এক বছরে মামলা করে চার হাজার ৫৫১টি, যার আসামির সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার। আর বর্তমানে এই মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৮ হাজার ৭১টিতে। আর আসামির সংখ্যা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যার চেয়ে বেশি অর্থাৎ ৪০ লক্ষের ওপরে। প্রধান বিরোধী দল বিএনপি'র শুধু একজন নেতার নামেই রয়েছে ৪৫০টি মামলা যা 'গ্রিনিচ বুক অফ রেকর্ডে' থাকা উচিত। বাদ যাননি দলটির চেয়ারপারসন খালেদা জিয়াও। শুধু মামলাই নয়, রায় দিয়ে ইতিমধ্যে তাকে কয়েক বছর কারারুদ্ধ করে রাখার পর এখন রাখা হয়েছে গৃহবন্দি করে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানেকেই শুধু নয়, তার চিকিৎসক স্ত্রীকেও জেল-জরিমানার রায় দিয়েছে চেতনায় ব্যথিত আদালত। কিম-১১ তে আক্রান্তের সবচেয়ে বেশি সিনড্রোম পাওয়া যায় ২০১৮-এর নির্বাচনে। যেখানে প্যারাসিটামল হিসাবে নির্বাচনে অংশ নেয় বিএনপি। কিন্তু এত শক্তিশালী ভাইরাসের সাথে কী আর প্যারাসিটামল কাজ করে? সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে দেখলো, এক নতুন আবিষ্কার 'রাতের ভোট'। দিনে সারমেয়দের পদচারণায় মুখরিত থাকে নির্বাচনী কেন্দ্র। এই আবিষ্কারে নোবেল পুরস্কারের নির্বাচক কমিটিরও মাথা নষ্ট হয়ে যায়। এবার আরো একধাপ বাড়ে সংক্রমণ, ৩০০টি আসনের মাঝে আওয়ামীলীগ ২৫৭টি ও তার শরিক দল ২২টি অর্থাৎ ২৭৯টি আসন দখল করে নেয়। ফলে শ্বাস কষ্ট শুরু হয় গণতন্ত্রের। ২০২১ সালের ডিসেম্বরের ১১ তারিখ ৭টি গণতন্ত্রঘাতি ভাইরাস শনাক্ত করে "স্যাংশন" নামে 'রেপিড অ্যান্টিডেমোক্রেসি টেস্ট' হিসাবে প্রথম টেস্টটি করে যুক্তরাস্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট। তারপর ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ, মানবধিকার কমিশনসহ সবাই একের পর এক টেস্ট কিট দিয়ে দুর্নীতির লালা পাঠিয়ে দেয় গণতন্ত্রের ল্যাবে। সব দিক থেকে একই ফলাফল- পজেটিভ। পাশাপাশি বিভিন্ন দেশের গণতন্ত্র বিজ্ঞানীরা চালাতে থাকে এই ভাইরাসের প্রতিষেধক তৈরির চেষ্টা। দেশীয় পদ্ধতিতে বিএনপি প্রথমে বিভাগীয় সম্মেলন থেকে শুরু করে হরতাল-অবরোধ এর মতো ভেষজ হারবাল দিয়ে ভ্যাকসিন তৈরি করতে চেষ্টা করছে, তবে কিছু ভেজাল সামগ্রী থাকায় এখনো সফল হতে পারেনি। এরই মাঝে গত ১৫ই নভেম্বর ২০২৩ সালে কিম-১১তে আক্রান্ত বাংলাদেশ নির্বাচন কমিশন গণতন্ত্রকে মৃত ঘোষণার জন্য দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ফলে বাংলাদেশ গণতন্ত্রঘাতি কিম-১১-তে আক্রান্ত হয়ে যে মুমূর্ষু অবস্থায় আছে, তাতে আর সন্দেহ রইলো না। এখন শুধু একটি ভ্যাকসিনের অপেক্ষায় পুরো জাতি। সময়মতো ভ্যাকসিন দেওয়া না গেলে কিম-১১-এ আক্রান্ত গণতন্ত্রের মৃত্যুর জন্য আর অপেক্ষা মাত্র কিছু দিন। আগামী ৭ই জানুয়ারি ২০২৩, হতে পারে বাংলাদেশের গণতন্ত্রের মৃত্যুর দিন।
