গাজা উপত্যকার এবারের যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে, সন্দেহ নেই। অথবা বলা যায়, এই যুদ্ধ এরইমধ্যে মধ্যপ্রাচ্যকে বদলে দিতে শুরু করেছে। ৭ অক্টোবর হামাস এমন এক হামলা চালিয়েছে যা সম্ভবত ইসরাইল দুঃস্বপ্নেও দেখেনি। এরপর তারা হামলার বদলা নিতে গাজা উপত্যকায় শুরু করেছে সর্বাত্মক যুদ্ধ; কিন্তু সেই যুদ্ধে আড়াই মাসেও ইসরাইল হামাসের বড় ধরনের কোনো ক্ষতি করতে পারেনি। উদ্ধার করতে পারেনি জিম্মিদের। শুধু হত্যা করেছে ২০ হাজারের বেশি সাধারণ ফিলিস্তিনিকে।
আরবরা হামাসকে ইসরাইলি আগ্রাসনের মুখে একা ফেলে দূরে সরে গেলেও ইরান কথা রেখেছে। তারা প্রক্সি সংগঠনগুলো মাধ্যমে ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হয়েছে। তবে এই যুদ্ধ কোথায় শেষ হবে এবং এর প্রভাব কী হবে তা নিয়ে রয়েছে নানামুখী ধারণা।
হামাসের মহাপরিকল্পনা
ইসরাইলের ভূখণ্ডে ঢুকে হামলার মতো পরিকল্পনা নিতে হামাসকে নিশ্চয়ই অনেকবার ভাবতে হয়েছে। ইসরাইল যে হামলার কথা কখনো কল্পনাও করেনি, তেমনই এক হামলা সংঘটিত হয়েছে গত ৭ অক্টোবর। এই হামলার প্রতিক্রিয়া কী হতে পারে সেটি নিয়ে হামাসের আগে থেকেই প্রস্তুতি ছিল। হামাস যে হামলার আফটার-ইফেক্ট নিয়ে অনেক ভেবেছে এবং সেটি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে তা বোঝা যাচ্ছে গত আড়াই মাসের লড়াই দেখে।
এতদিন যুদ্ধ করেও হামাসকে পরাজিত করতে পারেনি ইসরাইলি বাহিনী। হামাসের টানেল রহস্যও ভেদ করতে পারেনি আইডিএফ। জিম্মিদের উদ্ধার করতেও পারেনি। বরং প্রায় প্রতিদিনই তাদের সেনা মারা যাচ্ছে। বাধ্য হয়ে ইসরাইলকে এখন বন্দি বিনিময় চুক্তির কথা ভাবতে হচ্ছে। ২৫ ডিসেম্বর গাজা উপত্যকার হামাস প্রধান এক চিঠিতে দাবি করেছেন, তাদের হাতে ১ হাজার ৬৬০ জন ইসরাইলি সেনার মৃত্যু হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী এখন পর্যন্ত গাজায় ১৫৬ সেনা নিহতের কথা স্বীকার করেছে। যদিও হামাস শুরু থেকেই বলছে, প্রকৃত সংখ্যা গোপন করছে তেলআবিব। বিভিন্ন মিডিয়া সূত্র দাবি করেছে, অন্তত ৫ হাজার সেনা আহত হয়েছে এই যুদ্ধে।
বিদেশে থাকা হামাস নেতাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে ইয়াহিয়া সিনওয়ার আরো বলেন, ফিলিস্তিনি গেরিলা যোদ্ধারা- বিশেষ করে যারা স্নাইপার, এন্টিট্যাংক মিসাইল ও বিস্ফোরক ইউনিটে রয়েছেন, তারা ৭৫০টি ইসাইলি সাঁজোয়া যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেছেন। এর মধ্যে অনেকগুলো ট্যাংকও রয়েছে।
এসব পরিসংখ্যান থেকেই হামাসের প্রস্তুতি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। যেখানে কয়েকদিনের মধ্যে হামাসকে পরাজিত করে জিম্মিদের উদ্ধারের স্বপ্ন দেখেছিল তেলআবিব, তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
হামাসের টানেল নেটওয়ার্কের রহস্য ভেদ করতে পারেনি ইসরাইল। তারা টানেলে নার্ভ এজেন্ট গ্যাস ছড়িয়ে হামাস যোদ্ধাদের অচেতন করার পরিকল্পনা নিয়েছিল। টানেলে পানি ঢুকিয়ে ডুবিয়ে মারতে চেয়েছিলো, ক্যামেরা লাগিয়ে প্রশিক্ষিত কুকুর ঢুকিয়ে ভেতরের অবস্থা দেখারও চেষ্টা করেছে; কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি।
টানেল রহস্য তাদের কাছে অভেদ্যই থেকে গেছে। হামাস যে মহাপরিকল্পনার অংশ হিসেবে এসব টানেল প্রস্তুত করেছে তাতে কোনো সন্দেহ নেই। বোঝা যাচ্ছে, শুধু কোদাল দিয়ে খুঁড়ে এসব টানেল বানানো হয়নি, বরং পুরোপুরি প্রকৌশল বিদ্যা প্রয়োগ করেই হামাস তাদের টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে। যাতে অচেনা কেউ ঢুকলে যেমন পথ হারাবে, তেমনি পানি, গ্যাস কোন কিছু দিয়েই যোদ্ধাদের কাবু করা যাবে না।
কথা রেখেছে ইরান
সারা বিশ্বের তেল মজুদের ৪৮ শতাংশের বেশি রয়েছে মধ্যপ্রাচ্যে। অথচ জ্বালানির অভাবে সেই অঞ্চলের এক ভূখণ্ডে আলো জ্বলছে না দুই মাসের বেশি সময় ধরে। হাসপাতালে জেনারেটর বন্ধ থাকায় অপারেশন করা সম্ভব হচ্ছে না। আইসিইউগুলো বিদ্যুতের অভাবে বন্ধ হয়ে গেছে।
ইসরাইল যুদ্ধের শুরু থেকে গাজায় জ্বালানি প্রবেশ বন্ধ করে দিয়েছে। অথচ গাজাবাসীদের আর্তনাদ আরব বিশ্বের কানে ঢুকছে না। মুখে কিছুটা প্রতিবাদের সুর দেখা গেলেও সেসব লোক দেখানো ছিল কিনা সেই প্রশ্ন উঠেছে। কারণ আরবদের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো কূটনৈতিক প্রচেষ্টা দেখা যায়নি। আরবরা অবশ্য অনেকদিন ধরেই ফিলিস্তিনি স্বার্থকে উপেক্ষা করে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনের পথে হাঁটছিল।
মধ্যপ্রাচ্যে ব্যাতিক্রম একমাত্র ইরান। তারা শুরু থেকেই হামাসের পাশে দাঁড়িয়েছে। সরাসরি কূটনৈতিকভাবে যেমন হামাসের পক্ষে তৎপরতা অব্যাহত রেখেছে, তেমনি তাদের প্রক্সি সংগঠনগুলো ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। অন্য মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক কূটনৈতিক ও রাজনৈতিকভাবে ইসরাইলের বিরুদ্ধে স্বোচ্চার রয়েছে। মালয়েশিয়া সম্প্রতি ইসরাইলি জাহাজ বন্দরে ভেড়ার বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইরান যা করেছে তা সবাইকে ছাড়িয়ে গেছে।
ইরান সমর্থিত হিজবুল্লাহ উত্তর সীমান্তে ইসরাইলের ওপর হামলা শুরু করেছে যুদ্ধের প্রথম সপ্তাহ থেকেই। ৭ অক্টোবর হামাস ইসরাইলি ভূখণ্ডে ঢুকে হামলা করার পরই হিজবুল্লাহ হামাসের প্রতি সংহতি প্রকাশ করে। এরপর গাজায় যুদ্ধ শুরু হলে তারাও ইসরাইলের উত্তর সীমান্ত এলাকায় রকেট হামলা শুরু করে।
হিজবুল্লাহর হামলার কারণে ইসরাইল সীমান্ত এলাকায় শহর ও বসতিগুলো খালি করতে বাধ্য হয়েছে। লেবানন সীমান্তের ইসরাইলি শহরগুলো এখন ভুতুড়ে শহরে পরিণত হয়েছে। হিজবুল্লাহ পূর্ণমাত্রায় যুদ্ধে নামেনি ইসরাইলের বিরুদ্ধে; কিন্তু তারা যা করেছে সেটাই ইসরাইলকে চাপে রাখতে বড় ভূমিকা পালন করেছে। এখন পর্যন্ত হিজবুল্লাহর হামলায় অর্ধডজন ইসরাইলি সেনা নিহত হয়েছে। যেটি ইহুদিবাদী দেশটির বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইরানের আরেকটি প্রক্সি সংগঠন ইয়েমেনের আনসারুল্লাহ হুথিরাও নিজেদের সাধ্যমতো হামাসের পাশে দাঁড়িয়েছে। সরাসরি ইসরাইল বা গাজার সাথে সীমান্ত না থাকায় হুথিরা বেছে নিয়েছে সমুদ্রপথে ইসরাইলমুখী জাহাজগুলোকে। লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মানদেব প্রণালীতে ইসরাইলি স্বার্থ সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা করে যাচ্ছে তারা। একাধিক জাহাজ আটকও করেছে। যার ফলে যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে ওই অঞ্চলে নৌ টহল দিতে কয়েকটি দেশকে নিয়ে টাস্কফোর্স গঠন করেছে।
এছাড়া ইরাক ও সিরিয়ার ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোও মার্কিন ঘাঁটিতে বেশ কিছু হামলা চালিয়েছে। ইরাকের মার্কিন দূতাবাসেও রকেট হামলা হয়েছে। এগুলোর কোনোটিই ইরান সরাসরি না করলেও তাদের সমর্থনেই এসব হচ্ছে।
ইসরাইলি মিথ ধ্বংস
এবারের যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব কী হবে সেটি এখনই বলা কঠিন। কেউ বলছেন, আরবদের সাথে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়া থমকে যাবে। অনেকে বলছেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরো জোরালো হবে। তবে একটি বিষয়ে কারো দ্বিমত নেই, সেটি হলো- ইসরাইলের সামরিক শক্তি নিয়ে যে মিথ গড়ে উঠেছিলো তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
মনে করা হতো ইসরাইল বিশ্বের সবচেয়ে সুরক্ষিত রাষ্ট্র। দেশটির সামরিক শক্তি ও গোয়েন্দা শক্তি নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রচুর আলোচনা ছিল। অতীতের আরব-ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ওপর ইসরাইলের এক তরফা দমননীতির কারণে মনে করা হতো, ইসরাইলকে কাবু করার ক্ষমতা কারো নেই; কিন্তু এবারের যুদ্ধ দেখিয়ে দিয়েছে- ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ভঙ্গুর।
যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতা নিয়ে দেশটি নিজেদের সুরক্ষিত করার চেষ্টায় কোনো ত্রুটি রাখেনি; কিন্তু সেগুলো হামাসের হামলার সামনে মিথ্য প্রমাণিত হয়েছে। কোনো দেশ বা দেশের সেনাবাহিনী নয়, গাজা উপত্যকার মতো ছোট্ট ও অবরুদ্ধ একটি ভূখণ্ডে গড়ে ওঠা একটি মিলিশিয়া সংগঠনই ইসরাইলের দম্ভ গুঁড়িয়ে দিয়েছে। সীমান্ত পাড়ি দিয়ে ইসরাইলে ঢুকে ট্যাঙ্ক পুড়িয়ে দেওয়া, সেনাদের ধরে আনা, বারোশ’র নাগরিককে হত্যা করা মতো ঘটনা হামাস ঘটিয়েছে মাত্র কয়েক ঘণ্টায়। তাদের এয়ার ডিফেন্স সিস্টেমও হামাসের রকেট হামলাকে পুরোপুরি ঠেকাতে পারেনি। এর ফলে সামরিক শক্তি নিয়ে ইসরাইলের যে অহঙ্কার ছিলো তা গুঁড়িয়ে গেছে।
আরেকটি বিষয় প্রমাণিত হয়েছে যে, প্রত্যক্ষ মার্কিন সহযোগিতা ছাড়া আসলে ইসরাইল বড় কোনো শক্তি হয়ে উঠতে পারেনি। এবারের যুদ্ধের শুরু থেকে ১০ হাজার টন সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ২৪৪টি মার্কিন সামরিক পরিবহন বিমান ও ২০টি জাহাজে এসব পণ্য পাঠানো হয়েছে। মার্কিন সামরিক উপদেষ্টারা তেলআবিবে এসেছেন বলেও কিছু মিডিয়া খবর দিয়েছে; কিন্তু তারপরও হামাসের সাথে লড়াইয়ে কুলিয়ে উঠতে পারেনি তারা।
হামাসের চাওয়া পূরণ হবে?
হামাস এই যুদ্ধের মাধ্যমে কী চায় সেটি স্পষ্ট নয়। তবে সংগঠনটি বলছে, তারা ইসরাইলি দখলদারিত্বের অবসান চায়। দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ওপর যে নিপীড়ন চলছে সেটি বন্ধ করতেই তারা এবারের ‘অপারেশন আল আকসা ফ্লাড’ চালিয়েছে। তারা চায় স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ত্বরান্বিত হোক। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও তার এক বক্তৃতায় বলেছেন, এই অভিযান বহু বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ।
তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের অনেকে মনে করছেন, গত কয়েক বছর ধরে আরব দেশগুলো ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপনে যে আগ্রহ দেখিয়েছে সেটাকে একটি ধাক্কা দিতে চেয়েছে হামাস। ডোনাল্ড ট্রাম্পের সময়ই সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনসহ চারটি আরব দেশ ইসরাইলকে স্বীকৃতি দিয়ে সম্পর্ক স্থাপন করে। এরপর একই পথে হাঁটতে শুরু করে সৌদি আরব।
দেশটি ইসরাইলের বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়াসহ অনেক সেক্টরে তেলআবিবের সাথে সম্পর্ক স্থাপন করছিল। হয়তো শিগগিরই পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের পথে হাঁটতে যাচ্ছিল রিয়াদ; কিন্তু হামাস সেই তৎপরতা ঠেকাতে চেয়েছে বলে মনে করা হচ্ছে।
আরবদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বার্থকে উপেক্ষা করে চলার অভিযোগ বহু পুরনো। তারা ফিলিস্তিনিদের জন্য খুব বেশি কিছু করেছে এমন নজির নেই। দিনে দিনে ফিলিস্তিনি স্বার্থকে এড়িয়ে চলেছে। ইসরাইলকে সৌদি আরবের স্বীকৃতি হতে পারতো ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের কফিনে শেষ পেরেক। কাজেই অপারেশন আল আকসা ফ্লাডের পর হামাসের এই উদ্দেশ্য অন্তত সফল হয়েছে। এরপর নিকট ভবিষ্যতে হয়তো আরবরা ইসরাইলিদের বুকে জড়িয়ে ধরার আগ্রহ দেখাবে না।
তবে আরব রাজশাসকদের সাথে হামাসের যে বৈরীতা রয়েছে সেটি আরো বেড়ে যাবে এই যুদ্ধের পর। এবং ইসরাইল ও পশ্চিমাদের হামাসকে নিরস্ত্রীকরণের যে উদ্যোগ সেটিতেও আরবদের যোগ দেয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে। তবে এসব কিছুই নির্ভর করবে যুদ্ধের ফলাফলের ওপর।
