Logo
Logo
×

অভিমত

নির্বাচনের আগে দ্বিগুণ হয়েছে সরকারি প্রোপাগান্ডা

Icon

জ্যোতি রহমান

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:১৫ পিএম

নির্বাচনের আগে দ্বিগুণ হয়েছে সরকারি প্রোপাগান্ডা

কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাববিস্তারকারীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী জানুয়ারি মাসের ৭ তারিখ বাংলাদেশের সাধারণ নির্বাচনের তারিখ ধার্য হয়েছে। কিন্তু, এটা গত দুটি নির্বাচনের মতো হবে বলে বেশির ভাগ মানুষই ভোট দিতে আগ্রহী নয়।

ব্যাপক কারচুপির আশঙ্কায় ২০১৪ সালের নির্বাচন প্রধান বিরোধী দল বর্জন করেছিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। এমনকি নির্বাচনের আগে ৩০০টি আসনের মধ্যে ১৫৩টি আসনে বিজয় ঘোষণা করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

জালিয়াতির আশঙ্কা থাকা সত্ত্বেও ২০১৮ সালের নির্বাচনে বিরোধী দলগুলো অংশগ্রহণ করেছিল। সম্ভবত তাদের অংশগ্রহণ করা উচিত হয়নি। কারণ নির্বাচনের আগের রাতেই ব্যালট পেপার ভরা হয়ে গিয়েছিল।

শেখ হাসিনার সরকার ২০০৮ সাল থেকে ক্ষমতায় আছে। ভোটারদের ওপর নির্ভর করে নয়। সরকারের ক্ষমতার পাহারাদার নিরাপত্তা সংস্থাগুলো। আর এই নিরাপত্তা সংস্থাগুলো নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন করেছে। এর মধ্যে আছে বিচার-বহির্ভুত হত্যা, জোর করে গুম ইত্যাদি। ভিন্নমত পোষণ বা মানবাধিকার রক্ষায় যারা কাজ করছেন তারা অনেকেই মিথ্যা মামলায় জেলে গেছেন। মানবাধিকার কর্মী আদিলুর রহামান খানও মিথ্যা মামলায় বন্দি হয়েছেন।

যেভাবেই হোক, হাসিনা ক্ষমতায় থাকতে চান। এ বছরের শুরুর দিকে দ্য ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, তার দলই বাংলাদেশে একমাত্র বৈধ দল। কিন্তু, তার দুষ্টবুদ্ধি এখন সকলের কাছেই পরিষ্কার। বিশ্ব বাংলাদেশের পরিস্থিতি লক্ষ করছে।

২০২১ সালের ডিসেম্বর মাসে বাইডেন প্রশাসন মানবাধিকার লঙ্ঘনের জন্য পুলিশ এবং আধাসামারিক বাহিনী (র‌্যাব)-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর পর নেমে এসেছে ভিসা নিষেধাজ্ঞা। বাংলাদেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে তাদের ওপরই এই নিষেধাজ্ঞা কাযর্কর হবে।

সারাবিশ্ব বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতির অবনতি নিয়ে সজাগ। ব্রাসেলস থেকে ক্যানবেরার আইনসভা এবং নির্বাহী অফিসগুলোতে বাংলাদেশের গণতান্ত্রিক পশ্চাদপসরণ নিয়ে আলোচনা হয়। গত সেপ্টেম্বরে ইউরোপীয় পার্লামেন্টে একটি রেজুলেশন গৃহীত হয়েছিল, যেখানে বিশেষভাবে আদিলুর রহমান খান এবং তার সহকর্মীর বিরুদ্ধে কারাদণ্ডের সমালোচনা করা হয়েছিল।

এরমধ্যে রাশিয়া, চীন ও ইরান হাসিনা সরকারের পক্ষে সমর্থন দিচ্ছে। অন্য যেসব উদার গণতান্ত্রিক দেশগুলো বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে তাদের উদ্বেগকে হাসিনার মিত্ররা দাবি করছে একটি স্বাধীন দেশের ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ’ হিসেবে।

বৈশ্বিক ভাবমূর্তি যে নষ্ট হচ্ছে এ নিয়ে হাসিনা সরকার অজ্ঞাত নয়। কিন্তু, এর জন্য নিজেদের দায়ী না করে তারা দায়ী করছে মানবাধিকার সংস্থাগুলোকে। এটা মোবাবেলার কৌশলও সরকার ভালোমতোই বেছে নিয়েছে। লেখক, শিক্ষাবিদ ও কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে নিজেদের পক্ষে জোর প্রচারণা চালাচ্ছে। নিজেদের ভাবমূর্তি তারা বৈশ্বিক মিডিয়ায় উজ্জ্বল করে তোলার চেষ্টা করছে।

উদাহরণ হিসেবে বলা যায়, ১১ অক্টোবর ব্রাসেলস সম্মেলনে ইউরোপীয় সংসদের উচ্চ-প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের কর্মকর্তাদের সামনে বাংলাদেশ সরকার প্রচার করে যে তাদের বিরুদ্ধে যেসব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উঠেছে এগুলো মানবাধিকার সংস্থাগুলোর মিথ্যে প্রচারণা।

“বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র: বিভ্রান্তি ও মিথ্যা বর্ণনার বিরুদ্ধে লড়াই” শিরোনামের ইউরোপীয় ইউনিয়নের এক ভবনে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলাদেশে মানবাধিকার গোষ্ঠীর বিরুদ্ধে শাসকগোষ্ঠীর পাল্টা আক্রমণ।

এটাও যথাযথ হয়নি। ইভেন্টটি যিনি পরিচালনা করেছিলেন, সেই ম্যাক্সিমিলিয়ন ক্রাহ আরেক কুখ্যাত লোক। যিনি জার্মানির অতি-ডান অল্টারনেটিভ ফর জার্মানি বা এএফডি পার্টির লোক এবং বেইজিং থেকে জালিয়াতি ও প্রভাব বিস্তারের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। দুর্নীতির অভিযোগে ক্রাহর বিরুদ্ধে ফৌজদারি তদন্ত চলছে। তার মামলাটি এখন ইউরোপীয় পাবলিক প্রসিকিউটর অফিসে স্থানান্তর করা হয়েছে।

হাসিনা সরকার  মনে করছে উল্টো-প্রচারণার মাধ্যমে তারা তাদের বিরুদ্ধে আনীত সব অভিযোগ-প্রচার মুছে ফেলবে। যেমন, গত বছর বৈশ্বিক মিডিয়ায় ইংরেজি ভাষায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে শত শত নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিন্তু, পরে জানা গেছে ওই লেখকদের কোনো বাস্তব অস্তিত্ব নেই। সবাই ভুয়া বিশেষজ্ঞ ও লেখক। বিশ্ব ও বাংলাদেশের মানুষদের বোকা বানানোর জন্য এই ব্যাপক বিভ্রান্তিমূলক প্রচারাভিযান এতটাই মিথ্যে ছিল যে সহজেই সবার কাছে ধরা পড়ে গেছে।

এমনও খবর প্রকাশ হয়েছে যে, বিরোধী পক্ষের প্রচারণা দমানোর জন্য সরকার তাদের ৬ লাখ কর্মীকে প্রশিক্ষিত করেছে। কোথাও কোনো সরকার-বিরোধী প্রচারণা হলেই তারা হামলে পড়ে তার প্রতিরোধ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে যেসব দেশে সুষ্ঠু গণতন্ত্র আছে তারাও প্রচারাভিযানের বিভ্রান্তি এবং অপপ্রচারের হুমকির মধ্যে পড়ে। আর বাংলাদেশের গণতন্ত্রকে ‘লাইফ সাপোর্টে থাকা গণতন্ত্র’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগে আগে সরকার বিরোধী দলকে একেবারে মাটিতে মিশিয়ে দিয়েছে। এই পরিবেশে এসব বিভ্রান্তমূলক প্রচারণা মারাত্মক ফল বয়ে আনতে পারে।

ভারতীয় গণমাধ্যম স্ক্রল থেকে ভাষান্তরিত

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন