মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান বলেছেন, তিনি শেখ হাসিনার প্রার্থী, তিনি ভারতের প্রার্থী। এক সরকারি কর্মকর্তাকে শাসাতে গিয়ে এ কথা বলেছেন আবদুল মান্নান
তিনি ওই কর্মকর্তাকে বলেন, তুমি বাইরে থেকে মেহেরপুরে এসে বেশ আরামেই আছো, বাড়িঘর করেছো, টাকা পয়সা ভালই কামাই করছো, আমি যেমন ভাল লোক তেমনি খারাপ লোক। আমি যদি আর একটাও কথা শুনি মন্ত্রীকে ভোট দেয়ার ব্যাপারে, আমি এমপি হই আর না হই তোমার খবর আছে, একটা কথা মনে রাখবা আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, আমি হারার জন্য আসি নাই সাবধান হয়ে যাও। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে তিনি এ কথা বলেন ও হুঁশিয়ারি দেন।
এবার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরাই শুধু শেখ হাসিনার প্রার্থী নন, নৌকা না পেলেও বিভিন্ন আসন থেকে প্রার্থী হয়েছেন বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতা। তারা আওয়ামী লীগের প্রার্থী নন, নৌকার প্রার্থী নন, কিন্তু তারা শেখ হাসিনার প্রার্থী, বেশিরভাগ না হলেও স্বতন্ত্র প্রার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ শেখ হাসিনার মদদপুষ্ট প্রার্থী বা শেখ হাসিনার প্রার্থী। এবার জানা গেলো ভারতের প্রার্থীর কথাও। আবদুল মান্নান নিজেই জানিয়েছেন তিনি ভারতের প্রার্থী। এখন প্রশ্ন হলো, ভারতের এমন প্রার্থী ক’জন আছেন? অবশ্য কেউ কেউ বলেন, পুরো সরকারই যখন ভারতপ্রেমে অন্ধ, যখন তারা ভারতের আজ্ঞাবহ ও নতজানু, তখন ক’জন এমপি প্রার্থী ভারতের সে প্রশ্নের খুব আর গুরুত্ব থাকে না।
ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক নিয়ে বরাবরই নানামুখী আলোচনা ছিল। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশ বা বাংলাদেশের সরকার নয়, ভারতের কাছে এ দেশের যেটা গুরুত্বপূর্ণ আ হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা। এই দল ও দলটির নেত্রীর প্রতি ভারতের অনুরাগ ও প্রীতির বিষয়ে কোন লুকোছাপা নেই। আওয়ামী লীগ সরকার গত ক’ বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটাকে অনেক উচ্চতায় নিয়ে গেছে বলে দাবি করছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সবচে’ বিতর্কিত মন্তব্যটি করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আদুল মোমেন। তিনি বলেছিলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বামী-স্ত্রীর মত।
বাংলাদেশের নির্বাচন আর রাজনীতিতে ভারতের যে ভূমিকা তা সব সময়ই আগ্রাসী আর বাংলাদেশের সরকারের বিশেষ করে আওয়ামী লীগ সরকারের ভূমিকা সব সময় নতজানু ও আজ্ঞাবহ। এবারের নির্বাচনটা এমনিতেই ভাগ-বাটোয়ারার নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে গেছে, ‘খেলা হবে’ তত্ত্বকে বাস্তবায়নে সারাদেশেই আওয়ামী লীগ নৌকার প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের নেতাদেরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার অনুমতি দেয়া হয়েছে, তাদের অনেককে শেখ হাসিনা জয়ী করেও আনবেন। একটা দেশে নির্বাচন নিয়ে এমন ছেলে খেলা কিংবা ভানুমতির খেল! আহ গণতন্ত্র! হায় গণতন্ত্র। এ পরিস্থিতি থেকে উত্তোরণের আশা বাংলাদেশের মানুষ করছে, কিন্তু নিকট ভবিষ্যতে এ থেকে উদ্ধার বা মুক্তির কোন সম্ভাবনা কী আছে?
