দ্বাদশ সাধারণ নির্বাচনের বাকী মাত্র ১২ দিন। এ পর্যায়ে এসে বাংলাদেশে খুব কম মানুষই বিশ্বাস করেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে না বা ভোটে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ দফায় ক্ষমতায় বসবে না। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের কোনো চাপই আওয়ামী লীগকে একতরফা ও পাতানো এই নির্বাচন থেকে বিরত রাখতে পারবে না বলেও বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন।
শুধু তা-ই নয়, নির্বাচনের আগেই আওয়ামী লীগ কার্যত বিজয়ী হয়েছে। সরকারি দলের প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হবেন, এটা নির্ধারিত হয়ে গিয়েছে। খানিকটা অনিশ্চয়তা থাকলেও এটাও প্রায় নিশ্চিত যে, আওয়ামী লীগের ডামি বা স্বতন্ত্র প্রার্থীরাই সংসদে বিরোধী দলের জন্য নির্ধারিত আসনগুলোতে বসতে যাচ্ছেন। জাতীয় পার্টির চেয়ে বেশি আসনে ঈগল বা অন্য মার্কা নিয়ে জিতে আসা ডামি প্রার্থীরা বিজয়ী হলে সরকার হয়তো জাতীয় পার্টিকে বিরোধী দলের মর্যাদা না দিয়ে নিজেদের দলের লোকদের দিয়ে সংসদীয় বিরোধী দল বানাতে চাইবে। এখন সকলেই বুঝতে পারছেন, এই নির্বাচন ২০১৪ ও ২০১৮ সালের চেয়েও চালাকি ও জালিয়াতিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে।
তবে যে ব্যাপারটি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কেউ বুঝতে পারছেন না, সেটি হলো এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ নতুন ও অনিশ্চিত পথে যাত্রা শুরু করেছে। নির্বাচনের পর এর অভিঘাত হবে মারাত্মক। কারণ এই নির্বাচনটি ২০১৪ বা ২০১৮ সালের মতো ভোটচুরি, জালিয়াতি ও ধাপ্পাবাজির মধ্যে সীমাবদ্ধ নেই। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এর রেশ অনেক দূর পর্যন্ত গড়াতে শুরু করেছে।
আওয়ামী লীগ সরকার এই পাতানো নির্বাচন করে আরেক মেয়াদে ক্ষমতা অব্যাহত রাখতে পারলে এটি বলার অপেক্ষা থাকবে না যে, দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হিসেবে তার অবস্থান হারিয়েছে। এমনিতেই বিশ্বের নানা জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র আধিপত্য হারিয়েছে। নতুন সুপার পাওয়ার হিসেবে চীন ও রাশিয়ার উত্থানের কারণে মার্কিনিরা চাপে পড়েছে।
বাংলাদেশেও গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে দেশটির প্রচেষ্টায় প্রত্যক্ষ বাধা হয়ে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। এখানে এই দুই প্রতিপক্ষের সাথে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিপক্ষে দাঁড়িয়েছে তাদেরই তথাকথিত বন্ধু ভারত। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার মিশন ব্যর্থ হলে, এখানে ভারত, চীন ও রাশিয়ার স্থায়ী আধিপত্য প্রতিষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়ায় মার্কিনিরা চূড়ান্তভাবে কোণঠাসা হয়ে পড়বে।
আগে নানা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও এখন এ বিষয়ে অনেকেই উপলদ্ধি করতে পারছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কৌশলগত জোটের সদস্য হলেও ভারত চায় না দক্ষিণ এশিয়ায় প্রত্যক্ষভাবে যুক্তরাষ্ট্র বিশেষ ভূমিকা রাখুক। ভারত ও চীনের সম্পর্ক বৈরী হলেও উভয় দেশই একটি বিষয়ে একমত যে, তারা দক্ষিণ এশিয়ায় মার্কিনিদের প্রভাব আর বাড়তে দেবে না। শুধু বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতাসীন রাখার ব্যাপারেই যে দেশদুটি একমত, তা নয়। মিয়ানমারে সামরিক জান্তা সরকারকে ক্ষমতায় রাখার ব্যাপারেও চীন ও ভারত প্রায় একই রকমের অবস্থান নিয়েছে। অর্থাৎ, এ অঞ্চলে অতিরিক্ত ভারত-নির্ভরতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র বড় ধরনের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে।
প্রশ্ন হলো, এই ক্ষতি মেনে নিয়ে দক্ষিণ এশিয়ায় মাথা নিচু করে চলার মতো অবস্থায় কি মার্কিন যুক্তরাষ্ট্র আছে?
উত্তর হলো, না।
বাংলাদেশে অনেকে মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া নীতির কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষামূলক কার্যক্রমের অংশ। এটি সফল হলে একই ধরনের উদ্যোগ নিয়ে তারা পৃথিবীর অন্য দেশগুলোতেও চীন ও রাশিয়াকে কোণঠাসা করবে। পরীক্ষামূলক উদ্যোগটি সফল না হলে যুক্তরাষ্ট্র কী করবে, সে কথার উত্তর খুব একটা পাওয়া যায় না। একই সঙ্গে অনেকেই যে বিষয়টি খেয়াল করেন না তা হলো, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের কাজগুলো আসলে পরীক্ষামূলক পর্যায়ে নেই। বাংলাদেশ নয়, এটা বুঝতে হলে মিয়ানমারের দিকে তাকাতে হবে। এই মূহূর্তে দক্ষিণ এশিয়ার কেন্দ্র আসলে বাংলাদেশ নয়, মিয়ানমার। মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে একটি যুদ্ধ চলছে। সেখানে যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী পক্ষ। বার্মা অ্যাক্টের অধীনে সেখানকার গণতন্ত্রপন্থী বিদ্রোহী পক্ষগুলোকে যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা দিচ্ছে। বিদ্রোহীরা এরই মধ্যে মিয়ানমারের অর্ধেকের বেশি নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। অর্থাৎ যুদ্ধ এখন নিশ্চিতভাবে একটি পরিণতির দিকে যেতে শুরু করেছে। মিয়ানমারে আরেকটি বড় পক্ষ চীন। দেশটি সামরিক জান্তার সঙ্গে ঘনিষ্ট সম্পর্কিত হলেও বিদ্রোহীদের পালে হাওয়া লাগার পর বিদ্রোহীদের সঙ্গে তাদের পুরনো সম্পর্ক ঝালাই করছে বা নতুন করে গড়তে শুরু করেছে। এ অবস্থায় মিয়ানমারের যুদ্ধকে দ্রুত একটি পরিণতির দিকে নিয়ে যেতে যুক্তরাষ্ট্রের কৌশলগত তাড়া থাকাটাই স্বাভাবিক। কিন্তু মিয়ানমারেও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ভারত ততোটা স্বস্তিতে নেই। নিজেদের বিনিয়োগ ও অন্য সুবিধার জন্য চীনের মতো ভারতও সেখানে স্থিতিশীলতা চায়। অর্থাৎ বাংলাদেশের মতো সেখানেও স্বৈরাচারী ব্যবস্থা অব্যাহত রাখাই ভারতের স্বার্থ। কিন্তু মিয়ানমার এখন ভাঙনের মুখে। এ অবস্থায় বাংলাদেশে চীনপন্থী সরকার থাকলে যুক্তরাষ্ট্রের জন্য অসুবিধা।
অনেকেই ভুলভাবে মনে করেন, নিজেদের ব্যবসা ও বিনিয়োগের জন্য চীন আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে। তারা খেয়াল করেন না, বাংলাদেশে চীনের ব্যবসা ও বিনিয়োগ নতুন নয়। বিএনপি, সেনাসমর্থিত জাতীয় সরকার, যুক্তরাষ্ট্র সমর্থিত যে সরকারই আসুক, চীনের ব্যবসা ও বিনিয়োগ এখানে বাধাগ্রস্ত হবে না। এটা চীনও জানে। কিন্তু জেনেও কেন তারা শুধু আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করছে?
এর উত্তরও মিয়ানমার।
আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় খেলোয়াড় না হলেও মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে বড় পক্ষ। কেননা, মিয়ানমারের সংঘাত ও সংঘর্ষের বড় ভুক্তভোগী বাংলাদেশ। মিয়ানমারের সবচেয়ে বেশি শরণার্থীর আশ্রয়দাতা বাংলাদেশ। ফলে, মিয়ানমার বিষয়ে কথা বলার অধিকার তার বেশি। কিন্তু, বাংলাদেশ এ নিয়ে চীনের বাইরে কোনো কথাই বলছে না। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সকল সহযোগিতা করছে পশ্চিমা দেশগুলো, কিন্তু এ বিষয়ে চীন ও মিয়ানমারের প্রেসক্রিপশন মেনে চলছে বাংলাদেশ। এই অবস্থান জান্তাকে শক্তিশালী করছে। আর এ বিশেষ কারণেই চীন আওয়ামী লীগ সরকারকে চায়। আওয়ামী লীগও এ বিষয়ে চীনের বাইরে যাবে না, চীন এটা নিশ্চিত রাখতে চায়।
যুক্তরাষ্ট্রের পক্ষে যুদ্ধের চূড়ান্ত অবস্থায় বাংলাদেশে চীনপন্থী সরকার মেনে নেওয়া কঠিন। মিয়ানমারের যুদ্ধে বাংলাদেশ সীমান্তের রাখাইন রাজ্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে কার্যকর প্রতিরোধ গড়তে বাংলাদেশের সমর্থন প্রয়োজন। আওয়ামী লীগ সরকার সেটি করতে দেবে না। এ অবস্থায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সরকারের সকল কর্মকাণ্ড নিরবে সয়ে যাবে, তা হওয়ার নয়।
তবে, যুক্তরাষ্ট্র কবে কীভাবে সক্রিয় হবে তা বোঝা কঠিন। নির্বাচনের পর সরকার বিপদে পড়তে যাচ্ছে, এ বিষয়ে প্রায় সব বিশ্লেষকই নিশ্চিত। তবে নির্বাচনের আগেও যুক্তরাষ্ট্র সক্রিয় হতে পারে। নির্বাচন পার হওয়ার পর ভারত, চীন ও রাশিয়া সম্মিলিতভাবে আওয়ামী লীগ সরকার টিকিয়ে রাখার জন্য সব চেষ্টা করবে।
ভারত বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের শাসনকে লাভজনক ব্যবসা হিসেবে দেখছে। অভিযোগ উঠেছে, এবারের নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য পর্যন্ত করেছে। নিজেরা সংসদ সদস্যদের মনোনয়ন দিয়েছে। এগুলো একেবারেই নতুন ঘটনা। গত ১৫ বছরে ভারত আওয়ামী লীগ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় সবকিছু আদায় করে নিয়েছে। বলতে গেলে, তাদের আর চাওয়ার কিছু নেই। এ অবস্থায়, সরকারের কাছ থেকে পাওয়া সুবিধাগুলো অব্যাহত রাখাই তাদের নীতি ও কৌশল হতে পারতো। কিন্তু চতুর্থ দফার নির্বাচনে জেতার জন্য আওয়ামী লীগের মরিয়া চেষ্টা তাদের জন্য নতুন সম্ভাবনা হয়ে দেখা দিয়েছে। তারা হয়তো এবার আরও বড় কিছু চাইবে। সেটা কী, নিশ্চিত নয়। আর তারা বাংলাদেশে বড় কিছু করতে চাইলে চীন তাতে সায় দেবে কি না তাও স্পষ্ট নয়। তবে বাংলাদেশের মানুষ যে ব্যাপারটি মেনে নেবে না তা স্পষ্ট। এরই মধ্যে ভারত কী চায় তা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। ভারত-বিরোধী মনোভাব ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠছে বলেও অনেকে মনে করছেন।
নির্বাচনের পরে মার্কিনিদের পক্ষ থেকে কোনো ব্যবস্থা এলে সমস্যার কিছু নেই। কিন্তু নির্বাচন হয়ে গেলে সবচেয়ে বড় যে বিপদ তৈরি হবে তা হলো, মাঠে প্রতিবাদ কর্মসূচি আর কিছু অবশিষ্ট থাকবে না। নির্বাচনের পরপর বিএনপিসহ বিরোধীদের ওপর বড় ধরনের হামলা শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মাঠের আন্দোলনের অনুপস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বা অন্য ব্যবস্থাগুলো বিশেষ ফল নাও আনতে পারে।
বাংলাদেশের বিরোধী পক্ষগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণের আশা প্রায় ছেড়ে দিয়েছে। কিন্তু সরকারের নেতামন্ত্রীদের কথায় বোঝা যাচ্ছে, মার্কিনিরা চুপ নেই।
মিয়ানমার পরিস্থিতি বলছে, তারা চুপ থাকবে না। ৭ জানুয়ারির আগে না হলেও ৭ তারিখের পরে অল্প সময়ের মধ্যেই তাদের ব্যবস্থা নিতে হবে। তবে তাওয়া গরম থাকতেই রুটি ভেজে ফেলতে চাইলে ৭ তারিখের আগেই বড় কিছু দেখা যাবে।
