পোশাকখাতে নিষেধাজ্ঞার আশংকা, কি আড়াল করতে চাইছে সরকার?
বাংলা আউটলুক বিশ্লেষন
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম
৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনটা বাংলাদেশের রাজনীতিকেই যে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে তা নয়, দেশের অর্থনীতিকেও নিয়ে যাচ্ছে চরম অনিশ্চয়তার দিকে। বিশেষ করে দেশের সবচে’ বড় রপ্তানিখাত তৈরি পোশাক নিয়ে নানা আশংকার কথা শুধু শোনাই যাচ্ছে না, সম্ভবত: তা বাস্তবতার খুব কাছাকাছি। তৈরি পোশাকখাত সংশ্লিষ্টরা এমন আশংকা করছেন। তবে নানা কারণে তারা এ ধরণের আশংকার কথা এখনও প্রকাশ্যে বলছেন না, কিন্তু তারা নানাভাবে সরকারকে এ বিষয়ে সতর্ক করে দিচ্ছেন।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, দেশের রফতানি আয়ের ৮৪ শতাংশই আসে পোশাক খাত থেকে। জানা গেছে, বিগত অর্থাৎ ২০২২-২০২৩ অর্থবছরে পোশাক খাত থেকে বাংলাদেশের রফতানি আয় ছিল প্রায় ৪৭ বিলিয়ন ডলার। একই বছর দেশের মোট রফতানি আয় ছিল ৫৫ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাজার জার্মানিতে পোশাক রফতানি গত কয়েক মাস ধরেই ক্রমাগত কমেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জার্মানিতে রফতানি ২০২২ সালের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫৮ শতাংশ কমেছে। এ সময়ে দেশটিতে রফতানি ৫ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে হ্রাস পেয়ে ৪ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া লিথুয়ানিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়াতেও রফতানি কমেছে।
সবচে’ আশংকার বিষয় হচ্ছে, দেশের তৈরি পোশাকের অন্যতম প্রধান বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে কমেছে রফতানি আয়। চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রথম দশ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রফতানি ২৪ দশমিক ৭৫ শতাংশ কমে ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ গত বছরের একই সময়ে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছিল ৮ দশমিক ৪৪ বিলিয়ন ডলার। এ হিসাব শুধু তৈরি পোশাকের, তবে যদি টেক্সটাইল খাতের রফতানিকে ধরা হয়, তবে পোশাক ও টেক্সটাইল মিলিয়ে ২০২৩ সালের প্রথম ১০ মাসে রফতানি কমেছে ২৫ দশমিক ২৫ শতাংশ।
তবে বাজারের কারণে নয় কিংবা অর্থনৈতিক টানাপোড়েণের কারণে নয় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি নিয়ে যে শংকা তা রাজনৈতিক ও নীতিগত বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বব্যাপী মার্কিন শ্রমনীইত কার্যকরের ঘোষণা দেয়ায় বাংলাদেশের শ্রমনির্ভর রপ্তানিখাত বিশেষ করে পোশাকখাতে তৈরি হয়েছে আতংক।
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, তৈরি পোশাক খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ার সুযোগ নেই এরপরও যদি দেয়, সেটি হবে রাজনৈতিক বিবেচনায়। রাজনৈতিক ইস্যু বা ভিন্ন স্বার্থে নিষেধাজ্ঞা দিলে শ্রমিকের ও দেশের ক্ষতি হবে।
ট্রেড ইউনিয়ন নেতা ফজলে শামিম এহসান বলেছেন, আমেরিকার যে আইনটার কারণে আমাদের ভয়, সেখানে তার দুইটা দিক আছে: একটা পর্দার সামনে অপরটি পর্দার আড়ালে।’
শ্রমিকনেতা তৌহিদুর রহমান বলেন, আমেরিকার শ্রম নীতিকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। ব্যবসা ধরে রাখতে হলে আমাদের তাদের মেমোরেন্ডাম বিবেচনায় নিতে হবে। আমার কাছে মনে হয়, পশ্চিম আকাশে কালো মেঘের ঘনঘটা।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, দেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার কোনো আশঙ্কা নেই। দেশে কোনো ইস্যু নেই যার কারণে স্যাংশন আসবে।
ব্যবসায়ীরা চিন্তিত, শ্রমিক নেতারাও বুঝতে পারছেন যে, দেশের পোশাকখাত একটি ক্রান্তিকালের দিকে যাচ্ছে, কূটনীতিকসহ বিশিষ্ঠজনদেরও একই আশংকা। সাবেক পররাষ্ট্রসচিব মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশে দুর্ভিক্ষ হবে না এটা বিশ্বাস করতে চাই। তবে দুর্ভিক্ষ শুধু খাদ্যের অভাব নয়, বাজারে পণ্য আছে, কিছু মানুষ তা কিনতে পারছে না। রিজার্ভ কমে এসেছে। ব্যাংকগুলোর অবস্থা খারাপ। সরকারের মেগা প্রকল্পে অতিরিক্ত ব্যয় করা হয়েছে, দুর্নীতির মাধ্যমে এই অতিরিক্ত টাকা দেশের বাইরে চলে গেছে।
তৌহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, তা বাংলাদেশের জনগণেরও চাওয়া। দেশের পোশাক খাতে যুক্তরাষ্ট্রের আংশিক নিষেধাজ্ঞাও দেয়, তাতে এ খাতের নারী শ্রমিকের বেশির ভাগ চাকরি হারাবে। তখন দেশে দুর্ভিক্ষাবস্থা পরিস্থিতি সৃষ্টির আশংকা উড়িয়ে দেওয়া যাবে না।
সবাই উদ্বিগ্ন হলেও নির্বিকার আওয়ামী লীগ সরকারের নির্ভার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। যুক্তরাষ্ট্রকে নানা সময়ে হুমকি-ধামকি দিয়ে এ সরকার যথেষ্ট হালকা করেছে দেশকে। পররাষ্ট্রমন্ত্রীও তার লাগামহীন বাকচাতুর্য্যে প্রকৃত পরিস্থিতি আড়াল করার চেষ্টা করেন। সম্প্রতি আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) প্রেসিডেন্ট ও সিইও স্টিফেন লামারকে চিঠি দিয়ে মার্কিন কংগ্রেসের আট সদস্য বলেছেন, তারা মনে করেন বাংলাদেশের পোশাক শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি যথেষ্ট নয়। কংগ্রেস সদস্যরা বলেন, শ্রমিকেরা যে মাসিক ২৩ হাজার টাকা মজুরি দাবি করেছিলেন, তা না মানা শুধু দুঃখজনক নয়, লজ্জাজনকও।
মার্কিন কংগ্রেসম্যানদের চিঠির বিষয়টিকে আমলে নেয়া তো দূরের কথা বলা যায় ফু দিয়ে উড়িয়ে দিয়েছেন আবদুল মোমেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচিত আগে তাদের দেশে শ্রমিক মজুরি তিন গুণ করা,তারপর অন্য দেশ নিয়ে কথা বলা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউইয়র্কে প্রতি ঘণ্টায় মজুরি ১৫ ডলার। যদি তারা বাড়িয়ে ৪৫ ডলার করতে পারে তখন আমরাও তাদের পথ অবলম্বন করব। যুক্তরাষ্ট্রের মানুষ উচ্চ মূল্যস্ফীতির কারণে কষ্ট পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতি বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সরকার দেশের রাজনীতি আর নির্বাচনকেই বিনষ্ট করেননি, দেশের অর্থনীতির মেরুদণ্ডকেও দুর্বল করে তুলছেন। উন্নয়নের ফানুসে সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে কিন্তু এই উন্নয়নের চালিকাশক্তির অন্যতম খাত তৈরি পোশাক যদি বিপর্যয়ে পড়ে তাহলে দেখা যাবে লোকদেখানো উন্নয়নটা ফাঁকা বুলি ভেতরে শুধুই ফাঁপা।
