Logo
Logo
×

অভিমত

"রাজনীতির বাক্য দূষণ"- লক্ষ্য তারেক রহমান

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৪ এএম

কেউ কি শুনেছেন তারেক রহমানের ব্যাপারে শেখ হাসিনা কখনো শালীনভাবে কথা বলেছেন? সম্ভবত: তারেক রহমানের বেলায় শেখ হাসিনার অভিধানে ‘তুই’ ‘খুনী’ ‘পলাতক আসামি’ এমন কয়েকটি শব্দই বরাদ্দ আছে। আবার এমন হতে পারে তার শব্দকোষের দৌড় ও পর্যন্তই। তারেক রহমানকে ‘তুই’ বলে সম্বোধন শেখ হাসিনা করতেই পারেন, তিনি তার মাতৃতুল্য। (অবশ্য শেখ হাসিনা নিজেকে অতোটা বয়স্ক ভাবতে  পছন্দ করেন না, তাই তাকে তারেক রহমানের বড় ভগ্নিতুল্য বলাটাই নিরাপদ)।

কিন্তু অপর একটি বিশাল রাজনৈতিক দলের প্রধানকে জনসভায়‘তুই’ বলাটা অশোভনই নয়, এটা নিম্ন রুচিরও পরিচায়ক।  শেখ হাসিনা বলেছেন ’ওর (বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান) বাপ কি গণতন্ত্র দিয়েছিল?’

তিনি আরও বলেছিলেন ’খালেদা জিয়াকে এখন অনুসরণ করে যাচ্ছে তার ছেলে, যেমন জিয়াউর রহমান তেমন খালেদা জিয়া আর ছেলেও একটা, সেই অমানুষ পয়দা করেছে। ’

লন্ডনে বসবাসকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকবার বলেছিলেন, ‌‘আরে বেটা সাহস থাকলে বাংলাদেশে ফিরা আয়, আমরা তোকে দেখি।’’

২০২২ সালের ডিসেম্বরে দলীয় এক অনুষ্ঠানে শেখ হাসিনা তার আওয়ামী লীগ সভানেত্রী হওয়ার পর দেশে ফিরে আসার কথা তুলে ধরে  বলেন, ‘ওর (তারেক রহমান) বাপও তো ঠেকাতে পারেনি। আমি দেশে ফিরে এসেছি। রাজনীতি করার শখ, বাইরে পালিয়ে থাকে কেন ‘

নানা সময়ে শেখ হাসিনার কথার তীব্র সমালোচনা করেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল কবির রিজভী।  গত নভেম্বরে নরসিংদীতে তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যে সব মন্তব্য করেন তার উল্লেখ করে রিজভী বলেন, শেখ হাসিনার বাক্যদূষণ ইদানিং মহামারির পর্যায়ে পৌঁছেছে।  শেখ হাসিনার বক্তব্যের পরের দিন এক সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন শেখ হাসিনা  নরসিংদীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যে হুংকার দিয়েছেন তা শুনে হতবাক এবং আতংকিত দেশের মানুষ।

রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন, “আরে ব্যাটা তোর যদি সাহস থাকে তাহলে বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি।’’ ইসরাইলের ...... কি না আমার জিজ্ঞাসা। পালিয়ে থাকে লন্ডনে। ওখান থেকে আগুন জ্বালাতে বলে। অগ্নি সন্ত্রাসী যাকে যেখানে পাবেন-ধরেন। ধরে আগুনে ফেলে দেবেন।’ রিজভী আরো বলেছিলেন, শেখ হাসিনা যা বলেছেন, তা কেবল মানসিক বিকারগ্রস্থ মানুষের পক্ষেই বলা সম্ভব। উনার বাক্যদূষণ’ ইদানীং প্রায় মহামারীর পর্যায়ে পৌঁছেছে। সকল রীতিনীতি, শিষ্টাচার, সুরুচি ও সভ্যতাকে তোয়াক্কা না করে লাগামছাড়া, উস্কানিমূলক, অসংলগ্ন ও ভারসাম্যহীন-জিঘাংসামুলক-নিকৃষ্টতম ভাষায় বক্তব্য রেখেছেন। এটা কি কোন সভ্য দেশের সরকার প্রধানের মুখের ভাষা হতে পারে? মনে হয়েছে গলির সন্ত্রাসী মাস্তানের হুংকার। বস্তির অশিক্ষিত বোহেমিয়ান গালিবাজদের খিস্তি। বাংলাদেশের দুর্ভাগ্য যে, এই ধরনের মানুষ এখন প্রধানমন্ত্রীর চেয়ার দখল করে বসে আছেন।

গত ক’ বছরে শেখ হাসিনা যতবারই তারেক রহমানকে নিয়ে কথা বলেছেন, তা তিনি বলেছেন, জিঘাংসা আর প্রতিহিংসা ভরা বাক্যে। কথায় কথায় তারেক রহমানকে ‘কুলাঙ্গার’ বলে সম্বোধন করেন শেখ হাসিনা।

অথচ এই শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ’আমার বাবার নির্দেশ ছিল, একজন রিকশাওয়ালাকে আপনি করে কথা বলতে হবে। বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে। আর কাজের যারা লোকজন তাদের কখনও চাকর-বাকর বলা যাবে না, হুকুম দেওয়া যাবে না। তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে। যে কারণে প্রধানমন্ত্রী হতে পারি; কিন্তু এখনও আমার বাড়িতে যে ছোট কাজের মেয়েগুলো যারাই আছে কারও কাছে যদি এক গ্লাস পানি কখনও চাইতে হয়, যতদূর পারি নিজে করে খাই। যদি চাইতে হয় তা হলে কিন্তু তাদের জিজ্ঞাসা করি, আমাকে এইটা একটু দিতে পারবে? এই শিক্ষাটা আমরা নিয়ে এসেছি। এটা এখনও আমরা মেনে চলি।  এটা আমার বাবারই শিক্ষা। ’ মহান মরহুম বাবার শিক্ষাটা শেখ হাসিনা কি শুধু তার সংসদীয় গল্পেই জাতিকে জানান দিলেন? তাহলে এই যে অপর একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত প্রধান, যার বয়সও ষাটের ঘরে তাকে শেখ হাসিনা যে কথায় কথায় ‘তুই’ বলে সম্বোধন করেন, ‘কুলাঙ্গার’ বলেন এ শিক্ষাটা তিনি কোথা থেকে পেয়েছেন? যতদূর জানি ওয়াজেদ মিয়ার পরিবার থেকে এমন শিক্ষা তার পাওয়ার কথা না, আবার এটাও তো সত্য যে, ওয়াজেদ মিয়ার পরিবার থেকে তিনি শেখার ফুরসৎও পাননি।

একজন সাধারণ মানুষ হিসেবে ভাবি, অপর একজন মানুষ যখন কারো সন্তানকে কথায় কথায় কুলাঙ্গার বলেন তখন একজন মায়ের কেমন লাগে? একজন বাবার কেমন লাগে? সন্তান যদি খারাপও হয়, তা নিয়মিত পড়শীর কাছ থেকে শুনতে কে চাইবে? আর সভ্য কোনও প্রতিবেশীরও তো বিবেক কাজ করা উচিত, আমি কেন আরেকজনের ছেলেকে বার বার গালি দিচ্ছি। রাজনীতিবিদ হলে এ ভাবনাটা আরও বেশি ভাবা উচিত।  আপনাকে আপনার দলের নেতারা আর আপনার ভক্তরা ‘মানবতার মা’ বলে অভিহিত করে থাকে।  মানুষ জানে আপনি এতে খুব খুশি হন তাই তারা আপনাকে নানা অভিধায় ভূষিত করছেন, আপনার মুখের ভাষার জন্য আপনাকে নিশ্চয়ই কিছু একটা টাইটেল দেয়া যায়।  পিনাকী ভট্টাচার্য্য আপনাকে ‘কাঠাল রানী’ উপাধি দিয়েছেন যা দেশের মানুষ গ্রহণ করেছে।  আপনার মুখের ভাষার জন্য পিনাকী ভট্টাচার্য্যের শব্দ ভাণ্ডারে কোন শব্দ বরাদ্দ থাকতে পারে, হয়তো তিনি আপনাকে ‘কাঠাল রানী’র পাশাপাশি ‘খিস্তি খেউরের রানী’ও বলতে পারেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন