Logo
Logo
×

অভিমত

রিজভী কেন তালিকা দেবেন?

Icon

ইয়ামিন আরফান

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:০০ পিএম

রিজভী কেন তালিকা দেবেন?

৭ জানুয়ারির ভোট নিয়ে নির্বাচন কমিশনের ব্যস্ততা আর সরকারের তৎপরতায় মনে হয়, তারা দেশের মানুষকে আসলেই বোকা মনে করে। আপাতদৃষ্টিতে দেশের মানুষকে হতবিহ্বল ও নির্বাক মনে হলেও সরকার আর কমিশনের কর্মকাণ্ড দেখে মানুষ যে বিরক্তির হাসি হাসছে তা তারা বুঝতে পারছে না, কিংবা বুঝলেও আপাতত সে হাসি না দেখার বা বিরক্তি আমলে না নেয়াকেই শ্রেয় মনে করছে সরকার ও ইসি।

২০১৪ সালের জানুয়ারির ভোটারবিহীন নির্বাচন আর ২০১৮ সালের ডিসেম্বরের মহাপ্রতারণার ও নিশিভোটের নির্বাচনের পর আওয়ামী লীগের সম্ভবত: ‘অপনির্বাচন’টাই মজ্জাগত হয়ে গেছে। তাই তারা পুরণো পথেই হাটছে। এবারের নির্বাচনটা এরিমধ্যে ‘আসন ভাগাভাগির নির্বাচন’ হিসেবে কুখ্যাতি পেয়ে গেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলছেন, দেশে ভোট নয়, বানরের পিঠার মতো আসন ভাগাভাগি করছে আওয়ামী লীগ।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সাত জানুয়ারির নির্বাচনের ফলাফল সবার জানা। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনরত অন্য দলগুলোর নেতারাও একে আসন ভাগাভাগির নির্বাচন বলছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, যে নির্বাচনের ফলাফল সবাই জানে নির্বাচনের নামে সে খেলা বন্ধ করুন। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মেরুদণ্ডহীন দলদাস নির্বাচন কমিশন শেখ হাসিনার পাঠানো সিট বণ্টনের তালিকায় সিলমোহর দেওয়ার জন্য একটি একতরফা নির্বাচনের নাটকের আয়োজন করেছে।’ গণভবনের সুতোয় পুতলের মতো নাচছে ইসি। দেশের জনগণ জানে, কারা কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে। আর নির্বাচন কমিশনাররাও ভেক ধরছেন।’ রিজভীর এ মন্তব্যে সম্ভবত: ইসির গন্ডারের চামড়ায় খানিকটা কাতুকুতু লেগেছে। কমিশনার আনিছুর রহমান রিজভীর কাছে এমপিদের তালিকা চেয়েছেন।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ইসি আনিছুর বলেন, উনি (রিজভী) রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে তার কোনো বক্তব্য নেই। এটা উনার অমূলক ধারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে।

ইসির এই কমিশনার বলেন, যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না। কোনো সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। যদি তিনি দায়িত্ব পালন না করেন তাহলে তিনি অপরাধের জন্য দায়ী হবেন।

বাংলাদশে গত ১৫ বছরে সরকার আর দলকে আলাদা করে চেনার কোনো উপায় নেই। আওয়ামী লীগে লীন হয়ে গেছে প্রশাসন। আর কমিশনার আনিছুর মানুষকে আইনের বই দেখান, সরকারি কর্মকর্তাদের আনিছুরের হুমকি শুনে ভয়ে কাঁপার কথা, কিন্তু সম্ভবত: তারা দাত বের করে হাসছেন, আর ভাবছেন, বলো বাবা ৭ জানুয়ারি পর্যন্তই তো বলবা!

রিজভীর কাছে এমপিদের তালিকা চাওয়াটা সর্বোচ্চমাত্রার একটি হাস্যকর প্রতিক্রিয়া। রিজভী তো বলেছেন, সরকার তালিকা করেছে, তো কমিশন চাইলে সে তালিকা সরকারের কাছে চাইতে পারে, রিজভী তালিকা দেবেন কোথা থেকে? তার কাছে কোনো সূত্র থেকে তালিকা আসলে তাই বা তিনি কমিশনকে তা দিতে যাবেন কেন? সরকার তো কমিশনের ঘাড়ে চেপে বসেছে, সরকার যা বলছে কমিশন তো তাই করছে, ওবায়দুল কাদের বিএনপির সভা-সমাবেশ করা নিয়ে প্রশ্ন তোলার পর দেরি না করে সভা-সমাবেশ বন্ধের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছিল ইসি। সরকার আর কমিশন যেহেতু একই ঘাটের পানি খায় তাই তালিকাটা রিজভী বা এর ওর কাছে না চেয়ে সরাসরি সরকারের কাছে চাইলেই ল্যাঠা চুকে যায়। আবার এমনও হতে পারে সময় মত সরকারই সে তালিকা ইসিকে সরবরাহ করবে, তাই তালিকার জন্য এত উতলা না হয়ে কমিশনের আরেকটু অপেক্ষা করাই হবে বুদ্ধিমানের কাজ।

 

 

 

’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন