Logo
Logo
×

অভিমত

অসহযোগ সফল হবে

Icon

জাফর আব্বাস

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম

অসহযোগ সফল হবে

শুরুর দিকে হরতাল-অবরোধ ব্যাপক জনসমর্থন পেয়েছে

২৮ অক্টোবর সরকারি বাহিনীর হামলায় সমাবেশ পণ্ড হওয়ার পর বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো অল্প কিছু বিরতি দিয়ে প্রায় একটানা হরতাল ও অবরোধ কর্মসূচি পালন করে এসেছে। শুরুতে কর্মসূচিগুলো ব্যাপক জনসমর্থন পেলেও ধীরে ধীরে সমর্থন কমে এসেছে। বিশেষ করে, নির্বাচনের জন্য একতরফা তফসিল ঘোষণার পর কর্মসূচিগুলো অনেকটাই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। আর মনোনয়পত্র প্রত্যাহারের দিন পার হওয়ার পর কর্মসূচিগুলো নিয়ে মানুষের হতাশা বেড়েছে। হরতাল-অবরোধের মতো কর্মসূচিতেও জনজীবন স্বাভাবিক হয়ে এসেছে।

সকলে আশা করছিলেন, বিএনপি এবার নতুন কর্মসূচি নিয়ে হাজির হোক।

একই ধরনের কর্মসূচির পুনরাবৃত্তি একঘেয়েমিও তৈরি করেছিল। তবে এ কর্মসূচিগুলোকে দুটি কারণে ব্যর্থ বলা যাবে না।

এক. মাঠে বিএনপির নেতাকর্মীদের অনুপস্থিতি সত্ত্বেও প্রথম দিকের কর্মসূচিগুলো অভূতপূর্ব জনসমর্থন পেয়েছে। এটি বিএনপির বড় অর্জন।

দুই. হরতাল-অবরোধ কর্মসূচির মধ্যে যানবাহনে অগ্নিসংযোগসহ ভাংচুর ও নাকশকার যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর জন্য সাধারণ মানুষ বিএনপিকে দায়ী করেনি। সংবাদমাধ্যমে এসব ঘটনার সঙ্গে বিএনপিকে জড়ানোর নানা চেষ্টা থাকা সত্ত্বেও লোকে বিশ্বাস করেছে সরকারই এসব ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপাতে চেষ্টা করেছে। এটা বিএনপির অনেক বড় অর্জন। সর্বশেষ মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুনের ঘটনাতেও সরকারি ভাষ্য খুব একটা হালে পানি পায়নি। তবে এক্ষেত্রে দেশের বাইরে থেকে সাংবাদিক ও বিশ্লেষকরা বেশ বড় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে, জুলকারনাইন সায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ দিয়ে একাই ২৮ অক্টোবরের ঘটনাবলীসহ অনেক ঘটনায় সরকারি ভাষ্য নস্যাৎ করে দিয়েছেন। এর বাইরে পিনাকী ভট্টাচার্য, সাহেদ আলম, মনির হায়দার, তাসনিম খলিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কোনো কোনো ক্ষেত্রে তাদের ভূমিকা বাংলাদেশের বড় মিডিয়ার চেয়েও কার্যকর বলে মনে হয়েছে।

কিন্তু এই দুটি সফলতা সত্ত্বেও সার্বিকভাবে বিএনপির আন্দোলন সফল হয়েছে এটি বলার কোনো উপায় নেই। কেননা, ব্যাপক জনসমর্থন থাকার পরও দলটি সরকারকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন দিতে বাধ্য করার মতো কর্মসূচি দিতে পারেনি। এক্ষেত্রে সরকারের দমনপীড়নমূলক নীতি ও জেল-জুলুমের কথা বলা আর যথেষ্ট মনে হচ্ছে না। কেননা, এগুলো নতুন কিছু নয়। গত ১৫ বছর ধরেই চলে আসছে। সরকারের এসব নীতি মোকাবেলায় বিএনপি যথেষ্ট কার্যকর কৌশল অবলম্বন করতে পারেনি এ বাস্তবতা এখন মেনে নেওয়ার সময় এসেছে।

হরতাল-অবরোধের টানা কর্মসূচির পর ২০ ডিসেম্বর অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই কর্মসূচি বিরোধী রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন এ কর্মসূচি সফল হবে না। খোদ বিএনপির কর্মীদের মধ্যেই এ নিয়ে নানা প্রশ্ন আছে। এ কর্মসূচি দিয়ে সরকারকে কতটা চিন্তায় ফেলা যাবে তা নিয়ে অনেকেই ভাবতে শুরু করেছেন। তারা মনে করেন, এই মুহূর্তে বিএনপির উচিত মাঠে সরাসরি সংঘর্ষে যাওয়া। ভোট বানচালের জন্য সব ধরনের চেষ্টা করা। কিন্তু বিএনপি শীর্ষ নেতৃত্ব আন্দোলন অহিংস রাখার ব্যাপারেই বেশি আগ্রহী বলে মনে হচ্ছে। ২০২১ সালের মাঝামাঝি থেকে এ পর্যন্ত তারা একটিও সহিংস বা সংঘাতমূলক কর্মসূচিও দেননি। ফলে, অহিংস আন্দোলনের চূড়ান্ত কর্মসূচি হিসেবে অসহযোগ খুবই যৌক্তিক হয়েছে, এটা বলতেই হবে।

তবে অসহযোগের ৫টি কর্মসূচির মধ্যে দুটি একেবারেই অবাস্তব বলে মনে হচ্ছে অনেকের কাছে। তারা বলছেন- ট্যাক্স, খাজনা, ইউটিলিটিসহ প্রদেয় বিল দেওয়া বন্ধ করার যে আহবান জানানো হয়েছে তা সফল হবে না। এটা সত্য। এই কর্মসূচি সফল হওয়ার কোনো কারণ নেই। কিন্তু অসহযোগে এটি আবশ্যিক কর্মসূচি। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা আন্দোলনে দাবি তোলা হয়েছিল, নো ট্যাক্সেশন, উইথআউট রিপ্রেন্টেশন। অর্থাৎ, আইনসভায় প্রতিনিধিত্ব না থাকলে খাজনা দেওয়া হবে না। ভারতের স্বাধীনতা আন্দোলনেও একই ধরনের দাবি জানানো হয়েছিল। বাংলাদেশের ক্ষেত্রেও এই দাবি যৌক্তিক। কেননা সংসদ একদলীয়। এতে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নেই। সাধারণ মানুষ ভোট দিতে পারছে না। ফলে দাবিটি যৌক্তিক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অবাস্তব। কিন্তু অসহযোগ কর্মসূচিতে এই দাবি এড়ানোর সুযোগ নেই।

দ্বিতীয় যে দাবিটি অকার্যকর মনে হচ্ছে তা হলো, ভোটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব থেকে বিরত থাকার আহবান। সর্বস্তরে সরকারের নিয়ন্ত্রণের মধ্যে এই আহবানে কর্মকর্তাদের কেউ সাড়া দেবেন বলে মনে হয় না।

তবে কর্মকর্তারা সাড়া না দিলেও ভোটবর্জনের আহবানে বিরোধী দলীয় নেতাকর্মীরা তো বটেই সাধারণ মানুষও যে ব্যাপকভাবে সাড়া দেবে তাতে কোনো সন্দেহ নেই। ফলে সাধারণ মানুষের ভোট বর্জন কর্মসূচি সফল হবে। সরকারের সকল চেষ্টা সত্ত্বেও ভোট খুব কম পড়বে বলে আশা করা যায়। অসহযোগে এই কর্মসূচিটি খুবই সময়োপযোগী হয়েছে।

ব্যাংক লেনদেন থেকে বিরত থাকার আহবানও খুবই কার্যকর হবে। দেশের ব্যাংকিং ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা এখন এমনিতেই অনেক কম। লোকে টাকা ব্যাংকে রাখার চেয়ে ঘরে বা অন্য খাতে বিনিয়োগ করে রাখতেই পছন্দ করছে। এ অবস্থায় ব্যাংক লেনদেন থেকে বিরত থাকার আহবান খুবই কার্যকর হওয়ার সম্ভাবনা আছে। তবে, এর সবচেয়ে বড় প্রভাব পড়বে রেমিট্যান্সের ক্ষেত্রে। এতকাল অনলাইনে বিভিন্ন একটিভিস্টরা ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠানোর আহবান জানাচ্ছিলেন। এবার বিএনপি আহবান জানানোয় বড় প্রভাব পড়বে। রেমিট্যান্স প্রবাহে আরো মন্দা আসবে। এতে সরকার বড় ধরনের বিপদে পড়বে।

মিথ্যা ও গায়েবী মামলায় হাজিরা না দেওয়ার যে আহবান জানানো হয়েছে, তাও ব্যাপকভাবে কার্যকর হবে। বিরোধী দলের নেতাকর্মীরা ভাল করেই জানেন, হাজিরা দেওয়া বা না দেওয়ার পরিণতি একই। শাস্তি, জেল-জরিমানা হবেই। প্রতিদিন বহু নেতাকর্মী শাস্তি পাচ্ছেন। গ্রেফতার, গায়েবী মামলা, জেলখানায় মৃত্যুও অব্যাহত। এ অবস্থায় মামলায় হাজিরা থেকে বিরত থাকার আহবান তাদের মধ্যে সাড়া জাগাবে।

অসহযোগের পাঁচটি কর্মসূচির মধ্যে তিনটি সফল হলে এর ফল আসতে শুরু করবে। তবে বিএনপি নেতৃবৃন্দকে মনে রাখতে হবে, নির্বাচনের পরে তারা একই গতিতে আন্দোলন অব্যাহত রাখতে পারবে না। নেতাদের বেশিরভাগ জেলে বা আত্মগোপনে। এক নম্বর নেতা থেকে ২০০০তম নেতা পর্যন্ত সাজা পেয়েছেন বা সাজা পেয়ে যাবেন। নির্বাচনের পর সরকার আবার মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের বাসাবাড়িতে হামলা চালালে তাও অপ্রত্যাশিত হবে না। এ অবস্থায় নির্বাচনের পর নতুন করে আন্দোলন জমানোর চেষ্টা সফল নাও হতে পারে। অন্তত, কিছু সময় লাগবে।

নির্বাচনের দিন কর্মসূচি দেওয়ার চিন্তাও সফল হবে না। কেননা, নির্বাচনের দিন কর্মসূচি আসবে এটা ধরে নিয়েই সরকার সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখবে। ফলে দলটি যদি কঠোর কোনো কর্মসূচির কথা ভেবে থাকে তবে সেটি করতে হবে এবছরই। মানে ২০২৩ সালেই। অসহযোগ কর্মসূচি যথেষ্ট সৃষ্টিশীল। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে প্রচার-প্রচারণা জোরদার করা উচিত। অসহযোগের সঙ্গে হরতাল ও অবরোধ কর্মসূচির খুব বেশি দরকার নেই। বরং সৃষ্টিশীল নতুন কর্মসূচি দাবি আদায়ে সহায়ক হতে পারে। আগামী একটি সপ্তাহ সরকার খুব নাজুক পরিস্থিতির মধ্য দিয়ে যাবে এমন আভাস পাওয়া যাচ্ছে। ফলে, বিএনপি ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে রাজধানী-কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে।  

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন