অগ্নিদগ্ধ মোহনগঞ্জ এক্সপ্রেস
গতকাল মোহনগঞ্জ এক্সপ্রেসে 'দুর্বৃত্ত'দের দেওয়া আগুনে ছাই হয়ে গেছে ট্রেনের তিনটি বগি। অন্তত চারজন নিহত হয়েছে, এর মধ্যে সন্তানকে বুকে নিয়ে এক মা পুড়ে অঙ্গার হয়ে গেছেন। সেই থেকে পোড়া বগিতে এক শিশুর পড়ে থাকা স্কুলব্যাগের বুক বিদীর্ণ করা ছবি সারাদিন সোশ্যাল মিডিয়ায় বারবার ঘুরেফিরে চোখে পড়েছে। আরও কতজন আহত হয়েছেন সেই সংখ্যা জানি না, মানুষের জীবন যখন সংখ্যায় সীমাবদ্ধ হয়ে যায় তখন সেই নম্বর জানলেই কী!
ঘটনার দিন ১৯ ডিসেম্বর ছিল বিএনপির ডাকা হরতালের দিন। গত ২৮ অক্টোবর দলটির ডাকা মহাসমাবেশে লক্ষ লক্ষ মানুষের অভূতপূর্ব সমাবেশ ঘটলেও পুলিশি ক্র্যাকডাউন ঘটিয়ে সেই সমাবেশ পণ্ড করে দেওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে দলটির প্রায় সকল শীর্ষ নেতাদের কারাবন্দী করা হয়েছে, হাজার হাজার কর্মী গ্রেফতার হয়েছে, আর অসংখ্য গায়েবী মামলা দেওয়া হয়েছে যার ওপর ভিত্তি করে এখনও ধর-পাকড় চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রচণ্ড চাপের মুখে থাকা দলটি রাজনৈতিক কর্মসূচি হিসেবে ওইদিনের পর থেকে নিয়মিতভাবে হরতাল-অবরোধ ডেকে আসছে। কোনও সন্দেহ নেই যে প্রথম হরতাল কর্মসূচিতে দারুণভাবে সাড়া দিয়েছিল সাধারণ মানুষ। কিন্তু পরে ধারাবাহিকভাবে তাতে খুব স্বাভাবিকভাবেই আর স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়া আর সম্ভব হয়নি মানুষের পক্ষে। এদেশের বেশিরভাগ মানুষই খেঁটে খাওয়া মানুষ এবং রুটিরুজির জন্য কর্মস্থলে তাদেরকে যেতেই হবে। সরকার বা বিরোধী দল কেউই তাদের জীবিকার দায় নেবে না। অন্যদিকে কঠোরভাবে রাজপথ পাহারা দেওয়া এখন কোনও বিরোধী রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব নয়। এখন আর সেই নব্বইয়ের দশক নেই যখন গণতান্ত্রিক কর্মসূচির স্বর্ণযুগ ছিল। পুলিশ তখনও শুধু একটা রাষ্ট্রীয় বাহিনী ছিল। গত প্রায় এক দশক ধরে আমরা একটি রাজনৈতিক দলের ঠ্যাঙ্গাড়ে বাহিনী আর পুলিশকে একসাথে বিরোধী দলগুলোকে নির্মমভাবে দমন করতে দেখেছি। কিন্তু এখানেই হরতাল-অবরোধের আলোচনা শেষ নয়। এইসব কর্মসূচিতে প্রায় প্রতিদিনই পরিবহনে 'দুর্বৃত্ত'দের আগুনে হতাহতের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সরকার এবং বিরোধী দল পরস্পরের ওপর দায় চাপিয়ে যাচ্ছে। কথা হচ্ছে, এই ‘দুর্বৃত্ত’ কারা? একেকটি ঘটনায় গণহারে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও জেল দেওয়া হচ্ছে। কিন্তু কোন ব্যক্তি বা কোন চক্র সুনির্দিষ্টভাবে এই আগুন লাগাচ্ছে, সেটি কেন বের করা যাচ্ছে না?
এ দেশে হাতি মারার জন্য পেশাদার চক্র আছে, শীতের পাখি মারার জন্য পেশাদার চক্র আছে। একইভাবে বাস বা ট্রেনে আগুন দেওয়ারও চক্র আছে বলে আমরা শুনে থাকি। তাদেরকে ভাড়া করা যায়, এমন কথা চালু আছে। কিন্তু দেশে এত এত নজরদারি, এত সিসিটিভি, এত কল রেকর্ড করার যন্ত্রপাতি, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের কলা–কৌশল, এরপরেও কেন এই চক্রকে ধরা যায় না? কারা তাদের ভাড়া করছে সেটিও কেন বের করা যায় না?
২০১৩ সালে বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় সরকারদলীয় সাংসদ পঙ্কজ দেবনাথের নির্দেশে বাসে আগুন দিয়ে ১১ জনকে পুড়িয়ে মারা হয়—আওয়ামী লীগ নেতা ও বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলামের এমন তথ্য দিয়ে উত্তাপ ছড়িয়েছিলেন রাজনীতিতে। ২৮ অক্টোবরে একটি বাসে আগুনের ঘটনার পর সেই বাসের কন্ডাক্টর ইত্তেফাকের লাইভে বলেছেন যে, পুলিশের ড্রেস পড়া কেউ আগুন দিয়েছে। এরমধ্যে অনেক এরকম ঘটনাই এসেছে যেখানে কখনো বিএনপির কর্মীদের পুলিশ পরিবহন পোড়ানোর ঘটনায় আটক করেছে, আবার অনেক ঘটনা এমনও ফাঁস হয়েছে যে সরকারী দলের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার খবর এসেছে। মোহনগঞ্জ এক্সপ্রেসের ঘটনায় একজন প্রত্যক্ষদর্শী প্রাথমিক জবানবন্দী দিয়েছেন যে, রেলকর্মীদের পোশাক পরা কয়েকজনকে আগুন দিতে দেখা গেছে। এসব রেফারেন্স দিয়ে বিএনপিও সরকারী দলকে বারবার দায়ী করছে।
যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগকে সরকার ইচ্ছামতো ব্যবহার করছে, তাই যদি তর্কের খাতিরে আপাতত মেনেও নেই "সব কিছু আওয়ামীলীগ করছে, তবে তাতে বিএনপির প্রাপ্তিটা কী? বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে যদি নিশ্চিতভাবে আওয়ামী লীগই আগুন জ্বালায়, ভাঙচুর করে, জেলা-উপজেলায় রেল লাইন উপড়ে দেয় তাহলে জনগণ এই হরতাল কেন চাইবে? তারা জেনেশুনে তাহলে বারবার হরতাল অবরোধের তারিখ ঘোষণা করে আওয়ামী লীগকে জনগণের ওপর অত্যাচার চালানোর আর নিজেদের বদনাম করার সুযোগ দেয় কেন? জনগণের ওপর ভয়ের শাসন চালানোর কোন সুযোগ পেলে আওয়ামী লীগ যে ছেড়ে দেবে না, সেটা যদি জানাই থাকে তাহলে এই সুযোগ বিএনপি তাদেরকে দিচ্ছেই বা কেন? বিএনপির ওপর চলতে থাকা এই ভয়াবহ দমন-পীড়নের মধ্যেও আমরা দেখেছি, বিশ্ব মানবাধিকার দিবসে এবং বিজয় দিবসে তাদের পক্ষে মানুষের ঢল। সাধারণ মানুষ স্পষ্টভাবে চায়- মিটিং-মিছিল, সমাবেশ করে রাজনীতির মাঠে উপস্থিত থাকুক। কিন্তু হরতাল-অবরোধ করুক তা গণতন্ত্রকামী জনগণ চায় কি না এ ব্যাপারে গভীর সন্দেহ আছে।
ধরা যাক, চূড়ান্ত আন্দোলন চলছে স্বৈরাচারের বিরুদ্ধে, সে সময় স্বৈরাচারী বাহিনীর সাথে যুদ্ধের সময় কিছু সম্পত্তির 'কোল্যাটেরাল ড্যামেজ' হবে, হয়তো অল্প সংখ্যক সাধারণ মানুষের প্রাণও যাবে। আমাদের দক্ষিণ এশিয়ার রাজনৈতিক বাস্তবতা যে এমন তা আমরা মেনেই নিয়েছি। নিজের পরিবারের সদস্যের মৃত্যু হলেও বুকে পাথর চেপেও হয়তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বা গণতন্ত্রের জন্য বিভিন্ন সংগ্রামে মানুষ মেনে নিয়েছে। কিন্তু সেই যুদ্ধ এখনও শুরু হয়নি, হয়তো হবে সামনেই। কিন্তু বর্তমানে একটা দমবন্ধ রাজনৈতিক পরিবেশ জারি আছে, যেখানে জনগণ ভেতরে ভেতরে ফুঁসছে। বিএনপির বেশিরভাগ নেতাই যখন কারাবন্দী তখন দেশের মানুষের মধ্যে খুব স্বাভাবিকভাবেই একটা ভয় কাজ করছে। এমন একটা সময়ে হরতাল-অবরোধকে ব্যবহার করে স্বৈরাচারের ভয়ের শাসনকে আরও বাড়িয়ে নেওয়ার এবং বিরোধীদের ওপর আরও দমন-পীড়নের সুযোগ করে দেওয়া কতখানি যৌক্তিক হবে তা আশা করছি বিএনপি, যে দলটি আপাতত দেশের গণতন্ত্র উদ্ধারের স্বপ্ন এখনও বাঁচিয়ে রেখেছে, একবার ভেবে দেখবে।
লেখক: গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক
