বিএনপির জন্য যেন নির্বাচন কমিশনের দরদ উথলে উঠেছে। কান পাতলেই ভেসে আসে প্রধান নির্বাচন কমিশনার আর কমিশনারদের আহাজারি! হা বিএনপি! হা বিএনপি! বিএনপি থাকলে কি হতো? না থাকায় তারা কতটা বেদনাহত তা বলছেন এখানে সেখানে।
১৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন নিয়ে স্বস্তি কিংবা অস্বস্তির কিছুই নেই কমিশনের । বিএনপি নির্বাচনে এলে আরও ভালো হতো। এর দু’দিন পর আরেক নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, বিএনপি নির্বাচনে এলে ভালো হতো, শান্তি পেতেন।
এর আগে বিভিন্ন সময় কমিশনাররা বলেছেন, তারা চান বিএনপি নির্বাচনে আসুক, বিএনপির জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন তারা। কিন্তু সেই অপেক্ষার মানে কি হাত পা গুটিয়ে বসে থাকা। কমিশনের কি কিছুই করার ছিল না? ১৭ ডিসেম্বর ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যে কলহ-বিরোধ সেখানে দূতিয়ালী করা কমিশনের কাজ নয়। তাদের কাজ সাংবিধানিকভাবে নির্বাচন আয়োজন। সেই দায়িত্বই পালন করছে নির্বাচন কমিশন।
সিইসির কথা কতটা সঠিক তাও প্রশ্ন সাপেক্ষ। নির্বাচন কমিশন কোন বিচ্ছিন্ন দ্বীপ নয়। দেশের কোন খবরই তাদের অজানা নয়। ইসি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনৈতিক বিষয়ে তারা হস্তক্ষেপ করতে অবশ্যই পারে, নির্দেশ হয়তো দিতে পারে না, কিন্তু নির্দেশনা দেয়ার ক্ষেত্রে কোন বাধা থাকার কথা না। তাছাড়া প্রত্যেকটি দলের খোঁজ-খবর রাখা, দেখভাল করা কমিশনের দায়িত্বও বটে। রাজনৈতিক দলগুলোকে যদি একটি পরিবার হিসেবে ধরা হয়, তাহলে সে পরিবারের কর্তা না হলেও অভিভাবক বলা যায় কমিশনকে। সেই কমিশন কি জানতে চেয়েছে তার নিয়ন্ত্রণাধীন পরিবারের বড় না হলেও মেঝ সন্তানটি (বিএনপি) কোথায়? আরও কয়েকটি সন্তানই বা কেন কমিশনের ডাকে সাড়া দিচ্ছে না?
এই যে বিএনপির প্রধান কার্যালয়টি বন্ধ, তা খুলে দিতে ইসি কি উদ্যোগ নিতে পারতো না? বিএনপির মহাসচিবকে কেন কারাগারে রাখা হয়েছে, তা কি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কাছে জানতে চাইতে পারতো না কমিশন? ইসি তো আর অন্ধ না? রাজনৈতিক সংকট কেন ঘণীভূত হচ্ছে তা ইসির জানা দরকার ছিল, তা জানা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সে দায়িত্ব কমিশন পালন করেনি। কমিশন তার নিয়ন্ত্রণাধীন পরিবারের যে কোন সদস্যের কার্যালয়ে যেতে পারে। দলকে কমিশনে আমন্ত্রণ জানানোটাই কমিশনের কম্ম নয়। বিএনপি কেন আসছে না তা জানতে কিংবা তাদের নির্বাচনে আনতে সিইসি ও অন্য কমিশনাররা নয়া পল্টনে গেলে তাদের জাত যেত না, তাদের নিরপেক্ষতাও ক্ষুণ্ন হতো না। কমিশন যায়নি, হয়তো তেমনটা ভাবেওনি তারা। কারণ তারা বসে থাকে আইনের বই নিয়ে আর পূর্বসুরীদের ক্রিয়াকর্মের নজির নিয়ে। কিন্তু সবশেষ যে দু’টি কমিশন ছিল তার কোন কাজই কি নজির হিসেবে মানুষের কাছে গ্রহণযোগ্য? কাজী রকিব কিংবা নূরুল হুদার কাজ কর্ম কোন আদর্শ কমিশন বা সফল কমিশনের কাজ নয়, তাদের কর্মধারাই কেন অনুসরণ করতে হবে হাবিবুল আউয়াল কমিশনকে? তারা কি নতুন নজির তৈরি করতে পারতো না?
কমিশনের কোন দায় নেই কিংবা কোন রাজনৈতিক দলকে নির্বাচনে আনা কমিশনের কর্ম নয় এ কথা ইসি বলতে পারে না। কমিশন হাল ছাড়তে পারে না, দায় এড়ানোর কোন সুযোগই নেই কমিশনের। কোন দল আসেনি মানে কমিশন সেই দলকে নির্বাচনে আনতে ব্যর্থ হয়েছে, কোন দলের নির্বাচনে না আসার কারণ যাই হোক, কমিশন কোন অবস্থাতেই দায়মুক্ত হতে পারে না। তাদের দায় স্বীকার করতে হবে, দু:খ ভারাক্রান্ত হৃদয়ে হলেও হাবিবুল আউয়াল কমিশনকে সেই দায় স্বীকার করতে হবে।
