নির্বাচনী প্রচার শুরুর আগে ৪ লাশ কি জরুরি ছিল?
আহমেদ উল্লাহ
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৩:০০ এএম
তেজগাঁওয়ে ট্রেনে আগুন
মঙ্গলবার সকালে ঘুম ভাঙতেই একটি মর্মান্তিক খবর কাঁদিয়েছে বাংলাদেশের মানুষকে। খবরটি হলো, রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিলে মা, শিশুসহ চারজন নিহত হয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন যাত্রীদের বরাত দিয়ে জানান, ট্রেনটি নেত্রকোনা থেকে ঢাকায় আসছিল। বিমানবন্দর স্টেশন পার হয়ে ট্রেনটি খিলক্ষেতে এলে যাত্রীরা বগিগুলোয় আগুন দেখতে পান। তারা চিৎকার করতে শুরু করেন। এরপর চালক ট্রেনটি তেজগাঁও স্টেশনে থামান।
কোনো কোনো অনলাইন খবরে জানাচ্ছে, এক ভুক্তভোগী বলছেন, রেলের পোশাক পরা দুজনকে দেখা গেছে আগুন লাগার আগে। তারা ফায়ার ডিসটিংগুইশার হাতে হাঁটাচলা করছিলেন।
কথা হলো, কারা আগুন দিয়েছে তার যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার হওয়া জরুরি। নাশকতার কোনো মামলাতেই যা দেখা যায় না। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বরাবরই বিএনপিকে এর জন্য দায়ী করে আসছে। দলটির সভাপতি-সাধারণ সম্পাদক থেকে শুরু করে সবাই বিএনপিকে এর জন্য দায়ী করে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা দলীয় সভায় বক্তব্য দিয়ে আসছেন গত এক যুগ ধরে। হিসাব করলে অবশ্য দেখা যাবে, বাসে বা পরিবহনে আগুন দেওয়ার মামলার গ্রহণযোগ্য কোনো বিচার হয়নি।
উল্টো এসব ঘটনার রাজনৈতিক ব্যবহারই বেশি হয়ে আসছে। বিএনপিকে দায়ী করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। দেশের বুদ্ধিজীবী, সুশীল সমাজ সরকারি ভাষ্যকে সঠিক ধরে নিয়ে বিএনপিকে অপছন্দ করে আসছে। অথচ যেকোনো গণতান্ত্রিক দেশেই নাশকতার ঘটনায় বিচার জরুরি। বিচারে সাব্যস্ত হবে কে দোষী। তার আগেই বিএনপিকে দায়ী করে রাজনৈতিক ফায়দা নেয়ার যে আয়োজন আওয়ামী লীগের তাতে কুশীলব হয়ে উঠছেন নাগরিক সমাজ।
যে কারণে আরেকটি একতরফা নির্বাচন আয়োজন সম্ভব করে তুলেছে আওয়ামী লীগ। প্রচণ্ড চাপ, নির্যাতনের কারণে অনেকে এখন আওয়ামী লীগের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তবে তা সাম্প্রতিক ঘটনা। টেলিভিশিন, পত্রিকা, বুদ্ধিজীবীদের লেখালেখির কারণে নাশকতার ঘটনায় বিএনপি দায়ী-এমনটাই প্রতিষ্ঠিত হয়ে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমের শক্তি বৃদ্ধি পাওয়ায় প্রথম সারির সংবাদমাধ্যম বা বুদ্ধিজীবীরা এখন আর সে সুযোগ পাচ্ছে না। ফল নাশকতা কারা করছে এর প্রকৃত ঘটনা ভুক্তভোগীদের মুখ থেকে সরাসরি প্রচার পাচ্ছে সামাজিক মাধ্যমে।
বিভিন্ন ঘটনায় যেসব প্রমাণ পাওয়া যায়, তাতে দেখা যায় সরকারি দলের লোকরা আগুন দেওয়ার ঘটনায় জড়িত। সরকারি দলের এমপি ছিলেন পঙ্কজ নাথ। তার বিরুদ্ধে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার প্রকাশ্য অভিযোগ তোলে তারই দলের নেতা। এসব অভিযোগ জনসম্মুখে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার প্রেক্ষিতে আওয়ামী লীগ এবার তাকে মনোনয়ন দেয়নি। তিনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন। যদিও আওয়ামী লীগ যাকে মনোনয়ন দিয়েছেন তার দ্বৈত নাগরিকত্ব আছে। আওয়ামী লীগের মতো একটি দল, যারা বিরোধীদের কোণঠাসা করে দীর্ঘ ১৫ বছর দেশ চালাচ্ছে, তারা কেন জানতে পারল না যে, তাদের একজন গুরুত্বপূর্ণ সদস্য দ্বৈত নাগরিক? যার কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিল করেছে। দ্বৈত নাগরিক এমপি হতে পারেন না, এও নিশ্চয় দলটির অজানা নয়। এসব জেনেও শাম্মী আহমেদকে মনোনয়ন দিয়েছে কেন, যার কারণে তিনি নির্বাচনই করতে পারবেন না? ঘুরিয়ে-ফিরিয়ে পঙ্কজ নাথকে নির্বাচিত করার জন্য?
এসব প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ নেই। তবে আওয়ামী লীগের কৌশল এখন নাগরিকরা বুঝতে পারে বলেই অনুমান করি। বিশেষত নাশকতার ঘটনা সরকারি দল ঘটাচ্ছে বলে জনপরিসরে বিশ্বাস। তারা আগুন দিয়ে বিএনপির ওপর দোষ চাপায়-এমন একটি ধারণ প্রচলিত আছে। এবারের ট্রেনে আগুনের ঘটনাও সেই উদ্দেশ্যে কি না তা নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে।
কারণ আওয়ামী লীগ তার নির্বাচনী সফর শুরু করতে যাচ্ছে। বুধবার সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচার শুরু করতে যাচ্ছে। সেখানে তিনি নিশ্চয় বলবেন, ট্রেনে আগুন দিয়ে চারজন হত্যার জন্য বিএনপি দায়ী। অথচ এমন অবস্থায় তারা নির্বাচন করছে যখন বিএনপির সর্বোচ্চ পর্যায়ের সব নেতা কারাগারে। হাজার হাজার নেতাকর্মী বন্দী। বিএনপি নেতারা রাস্তায় নেমে প্রতিরোধ গড়ে তুলবে, সেই অবস্থাও নেই বলতে হয়। তারপরও বিএনপিকে নিয়েই কেন নির্বাচনীয় প্রচারে বক্তব্য দিতে হয় আওয়ামী লীগকে?
এর কারণ বুঝা যায় কৃষিমন্ত্রীর এক বক্তব্যে। তিনি বলেই ফেলেছেন, ‘বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে, তারা (বিএনপি) যদি নির্বাচনে আসে-নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। এবং পিছিয়ে দেওয়াই না, বলা হয়েছে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। ২০ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার না করে কি আর এই হরতালের দিন গাড়ি চলত? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না।’
তার এ বক্তব্যের পর জনগণ যা ধরে নিয়েছিল তা প্রমাণিত হয়ে গেল। মানুষকে জিজ্ঞেস করলেই তারা বলেন, সরকার ২৮ অক্টোবর জোরপূর্বক বিএনপির সমাবেশ বানচাল করেছে। দলটির নেতাদের ধরে নিয়ে গেছে যেন তারা নির্বাচনে আসতে না পারে। আবার জেলে ধরে নিয়ে গিয়ে নানা ধরনের চাপ আর টোপ দিয়েছে নির্বাচনে আসার। কিছুই সফল হয়নি। কৃষিমন্ত্রীর বক্তব্য তাদের এসব অনুমানকে সত্য বলে প্রমাণ করে।
এ অবস্থায় দরকার ছিল আরেকটি ভয়ংকর নাশকতার। যাতে বলে বেড়ানো যাবে বিএনপি মিথ্যা, গায়েবি বা সাজানো মামলায় নয়, প্রকৃত অপরাধেই আজ কারাগারে। কৃষিমন্ত্রীর এমন বক্তব্যের জেরে চারটি প্রাণ চলে গেল কি না আমরা জানি না। কেবল প্রকৃত তদন্তে এর প্রমাণ পাওয়া সম্ভব।
